সাম্প্রতিককালে দুর্নীতিই বাংলাদেশের বড় সমস্যা হিসেবে আলোচিত হয়ে আসছে। টিআইবি দেশের নানা ধরনের প্রতিষ্ঠানের ওপর; যেমন ওয়াসা, শিক্ষা বোর্ড, সরকারি হাসপাতাল, টিঅ্যান্ডটি ইত্যাদিতে অনুসন্ধান চালিয়ে অনিয়ম ও দুর্নীতির তথ্য ও চিত্র পেয়েছে। সাংসদদের ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতিতে যুক্ত থাকার পরিমাণটা প্রায় শতকরা শতভাগ হওয়ায় (শতকরা ৯৭ ভাগ) প্রতিক্রিয়া হয়েছে বেশি। কিন্তু এ দেশের গণধারণার সঙ্গে এটা সংগতিপূর্ণ বলেই মনে হয়। পত্রিকার পাঠক জরিপে অধিকাংশের মতামত টিআইবির পক্ষেই গেছে। আমার ধারণা, বাংলাদেশের সব প্রতিষ্ঠান ও সব বয়স্ক মানুষের ওপর জরিপ চালালে প্রায় শতভাগেরই অনিয়ম এবং সেই সূত্রে অধিকাংশের নানা মাত্রায় দুর্নীতির সঙ্গে যোগ পাওয়া যাবে। হয়তো তিন ভাগে ভাগ করা যাবে মানুষের ভূমিকাকে—১. অনিয়মকারী-দুর্নীতিবাজ বা এই ব্যবস্থার সক্রিয় অংশীদার, ২. অনিয়ম-দুর্নীতির শিকার বা নিষ্ক্রিয় অংশীদার এবং ৩. অসচেতনভাবে স্রোতে গা-ভাসানোর দল।টিআইবির কার্যক্রমকে সমর্থন জানিয়েও বাস্তবতার প্রেক্ষাপটে দু-একটি কথা বলা প্রয়োজন মনে করি। কিছু অনিয়ম না করলে, মেনে না নিলে এ সমাজে বেঁচে থাকা মুশকিল। কিন্তু অনিয়মের সংস্কৃতিতে দুর্নীতি সহজেই বাসা বাঁধতে পারে। এভাবে বহুকালে ঢিলেঢালা পরিবেশে অনিয়ম-দুর্নীতির সহবাসে সমাজ অবক্ষয়ের চক্রে ঘুরপাক খাচ্ছে। কিন্তু এ বাস্তবতা অস্বীকার করে নয়, এটাকে বুঝেই সমাধানের পথ খুঁজতে হবে।আমাদের এ সমাজ অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজও যথার্থ নাগরিক সমাজ হতে পারেনি, হয়েছে আত্মীয় সমাজ। যেকোনো কাজে ব্যক্তিগত সম্পর্ক অর্থাৎ পরিচিতজনের প্রভাব নয়তো খাতিরের ওপর নির্ভর করেই আমরা চলি। আইন, ব্যবস্থা বা অধিকার—এসব বিচার্য বা বিবেচ্য বিষয় নয়। অভিজ্ঞতা থেকেই জানি, সরকারি-বেসরকারি যেকোনো অফিসে ব্যক্তিগত কাজ থাকলে আমরা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যাওয়ার আগে খুঁজে নিই সেই অফিসের পরিচিত ব্যক্তিকে। তেমন কেউ না থাকলে সংশ্লিষ্ট অফিসের কোনো কর্তাব্যক্তির ঘনিষ্ঠ পরিচিতজনকে খুঁজে বের করি। পরিচয় ও যোগাযোগের মাহাত্ম্য এমনই যে অনেক সময় আপনি নিয়ম মেনে লাইনে দাঁড়ালে সেই অফিসের পরিচিতজন এসে আপনাকে খাতির করতে চাইবেন, এমনকি তাঁর খাতিরে সাড়া না দিলে তিনি রীতিমতো রাগ বা অভিমানও করতে পারেন। না, নিয়ম অনুযায়ী কাজ হবে, নাগরিক অধিকারের মর্যাদা রক্ষিত হবে, এমন ভরসা কারও নেই। আইন, নিয়মকে পাশ কাটিয়ে স্রেফ যোগাযোগের ভিত্তিতে প্রায় অজ্ঞাতপরিচয় ছোকরাও রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছে মৃত্যুদণ্ডও মওকুফ করাতে পারে। শর্ত হচ্ছে, সঠিক কার্যকর মাধ্যম (মানুষটি) ধরতে হবে। ১৯৭৫ সালে টিআইবির বর্তমান চেয়ারসহ আমরা সেকালের কিছু তরুণ এক চলচ্চিত্র সমঝদারির কোর্সে অংশ নিয়েছিলাম। কোর্স পরিচালক পুনে ফিল্ম ইনস্টিটিউটের অধ্যাপক সতীশ বাহাদুর তাঁর প্রিয় ছবি পথের পাঁচালী প্রসঙ্গে বলেছিলেন, দেখবে এ ছবির অনেক মুখ্য চরিত্র সব সময় ছোটখাটো চুরি করছে (তিনি পিলফারেজ শব্দটা ব্যবহার করেছিলেন)। দুর্গা-অপু, এমনকি সর্বজয়াও এতে শামিল থাকেন। একদিকে দারিদ্র্য আরেক দিকে আইন-প্রশাসনের বালাইহীন অসংগঠিত স্বাধীন-জীবনে মানুষ ব্যক্তিগত সুবিধা-অসুবিধার ভিত্তিতে চলতে অভ্যস্ত। সমাজের একটু ক্ষমতাশালী যেসব মানুষ নিজের এবং আপনজনের অনিয়মের বাইরে গরিবের অনিয়মকেও মেনে নেয়, প্রশ্রয় দেয়, তারা সমাজে উদার ভালো মানুষ হিসেবে পরিচিত হন। যারা নিয়ম, শাস্ত্র নিয়ে বড্ড কড়াকড়ি করে ‘প্যাঁচাল’ পাড়ে, তাদের আড়ালে সবাই গালমন্দই করে। ফলে একটু অনিয়ম, এমনকি একটু দুর্নীতি করে যদি গরিব মানুষের পাশে দাঁড়ায় কেউ, তাহলে আমমানুষ তাদের পক্ষেই থাকবে। বিভূতিভূষণের একটি গল্পে পড়েছিলাম, শাস্ত্রপন্থী ভাইপো নববধূটির ওপর বড় নিয়ম খাটানো শুরু করলে বিধবা বৃদ্ধা পিসি তাকে শাসিয়ে দিয়ে বলেছিলেন, ‘অত ধর্মিষ্টি বাপু ভালো না।’এবার এই সূত্র ধরে রবীন্দ্রনাথের দ্বারস্থ হব। তিনি বলেছেন, বাংলার নরম মাটিতে যেমন পাকা দেবদেউল টেকে না, তেমনি আমাদের মনের ওপর কট্টর শাস্ত্রপন্থীদের কড়াকড়ি চলে না। প্রাচীন বৈদিক কাল থেকে এ কালের আইয়ুব খান পর্যন্ত আমাদের এই শাস্ত্রাচারের বন্ধনমুক্ত (যাকে আমরা বলব উদার মানবতা) প্রবণতাকে নিয়ে লিখিতভাবে বিদ্রূপ চলে এসেছেন। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন, এখানে মানবতার নামে কথা বললে মানুষ সাড়া দেয়। আমরা দেখব প্রতিটি ধর্মেরই এক বা একাধিক ধরনের সহজিয়া রূপ এ দেশে জনপ্রিয় হয়েছে। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, মুসলিম সুফি সাধনা, বৌদ্ধ সিদ্ধাচার্যদের পথ আর প্রান্তজনের আউল-বাউল-সহজিয়া ধারার জন্ম এ মাটিতেই সম্ভব।আমাদের প্রজন্মের ১০ জন একত্র হলে একজনও পাওয়া ভার, যার কি না প্রকৃত ও সনদপত্রের জন্মতারিখে সামঞ্জস্য থাকে। এই ঐতিহ্য ভাঙা যাচ্ছে না, এমনকি জন্মতারিখ নিবন্ধনের আইনি বাধ্যতার মধ্যেও এ অনিয়ম চলছে। এ কেবল অনিয়ম নয়, এতে মিথ্যার সঙ্গেও সহবাস হচ্ছে। এই মিথ্যাকে বহাল রাখার জন্য অনেক ছোটখাটো মিথ্যা ও অনিয়ম করতে হয়। আমাদের এ সমাজ আপনজনের প্রতি পক্ষপাতদুষ্ট, নিয়মনিষ্ঠ নিরপেক্ষ ব্যক্তি খিটখিটে মেজাজি মানুষ হিসেবে চিহ্নিত হয়ে অপছন্দের তালিকায় থাকেন। এ রকম সমাজ দুর্নীতিবাজকে আশ্রয়ও দেয়, প্রশ্রয়ও দেয়। পরিচিতজন বিপদে পড়ে—সে বিপদের কারণ সুস্পষ্ট অনৈতিক ও অন্যায় কর্ম হলেও—কেঁদে পড়লে এ সমাজ তার পাশে দাঁড়ায়, তাকে আগলায়, বাঁচানোর চেষ্টা করে। আমাদের গ্রামীণ কৃষিসমাজ শিল্পোন্নত পশ্চিমের নাগরিক সমাজের তুলনায় অসংগঠিত, অনানুষ্ঠানিক, আন্তরিক। পশ্চিমের মানদণ্ডে এ সমাজের নৈতিকতার ভিত নড়বড়ে, আর উপযুক্ত কাঠামো ও প্রতিষ্ঠানের অভাবে সহজেই অস্থিতিশীল হয়ে পড়ে। এই অস্থির সমাজমানসে খুব সহজেই সন্দেহ ও অবিশ্বাস ঘুণপোকার মতো ঢুকে পড়ে ক্ষয় করতে থাকে—ব্যক্তি ও সমাজ উভয়কেই। ক্ষয়িষ্ণু সমাজে ব্যক্তির উৎকণ্ঠা-উদ্বেগ বাড়ে, যা তার স্বাভাবিক বিকাশ ব্যাহত করে, স্বাচ্ছন্দ্য ভূমিকা পালনে বাধা দেয়।বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, পশ্চিমের আয়নায় আমাদের সমাজকে দেখলে ভিন্নতা ধরা পড়বে এবং তাদের মানদণ্ডে মাপলে পাস মার্ক পাওয়া যাবে না। টিআইবি বহু শ্রম ও অর্থ ব্যয় করে জরিপ চালিয়ে যেসব ফলাফল পাচ্ছে, তা মোটামুটি আগাম বলে দেওয়া সম্ভব। জানা উত্তরকে অজানা তথ্য উদ্ঘাটনের মতো চাঞ্চল্যকর করে তোলার মধ্যে কৃতিত্ব থাকতে পারে, কিন্তু এ তো পণ্ডশ্রমও বটে। কেবল দুর্নীতির ক্ষেত্রে নয়, প্রায় সব ক্ষেত্রেই পশ্চিমা কেতায় চলতে চাইছি আমরা, কিন্তু অভ্যাসবশত এঁটে উঠি না বলে হইচই বাধিয়ে তর্কে জড়াচ্ছি, প্রতিবাদ করছি। আর এভাবে সব ক্ষেত্রে যেন গোল পাকিয়ে বসছি আমরা। একটা দীর্ঘ বিভ্রান্তির কাল চলছে আমাদের। এখন বোধ হয় সময় এসেছে নিজেদের পথ ঠিক করার। পশ্চিমা সভ্যতা আজ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আমাদের গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এবং স্বচ্ছতা-জবাবদিহির শিক্ষা দিতে চাইছে। আমাদের সবে তৈরি হতে থাকা দুর্বল কাঠামোর ওপর ওদের মানদণ্ড প্রয়োগ করলে কী ফল পাওয়া যাবে, তা তো বোঝা উচিত। তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সরাসরি সর্বতোভাবে পশ্চিমের এসব শিক্ষা আমরা নিতে পারি কি না। নেওয়া উচিত কি না। আমাদের ভাঁড়ার তো শূন্য নয়। ইউরোপ এবং উত্তর আমেরিকা-অস্ট্রেলিয়া মিলে যে পশ্চিমা সভ্যতা সমাজমানসের প্রধান উৎস দুটি—একদিকে গ্রেকো-রোমান সভ্যতা আর অন্যদিকে জুড়ায়ো-খ্রিষ্টান ধর্মসংস্কৃতি। দুর্ভাগ্যক্রমে ইংরেজ বেনিয়াদের চতুর, নিষ্ঠুর বাণিজ্যিক আগ্রাসনের ফলে আমাদের কাটাতে হয় দীর্ঘ ঔপনিবেশিক কাল। ইংরেজের আগ্রাসন ছিল অনেক গভীর। তা আমাদের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড কেবল ভেঙে দেয়নি, মানসজগতের গভীরে হীনম্মন্যতার বীজ এমনভাবে ঢুকিয়েছে যে নিজেদের ঐতিহ্যের দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম আমরা। অথচ পশ্চিমের মতোই এই উপমহাদেশও দুটি সভ্যতার চমৎকার যৌথ বিকাশ দেখেছে—ভারত ও পারস্য সভ্যতা। সংগীত, স্থাপত্য, ভাষা, সাহিত্য, জীবনদর্শন, পোশাক, খাদ্য—সর্বত্র এ প্রভাব কাজ করেছে। আর আছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম ধর্মসংস্কৃতির ভূমিকা ও স্বকীয় দার্শনিক ঐতিহ্য। কলামের পরিসরে এ বিষয় দীর্ঘ আলোচনার সুযোগ নেই। এ সূত্রে আবারও আমরা রবীন্দ্রনাথের কাছে যাব। রোম, গ্রিস এবং প্রাচীন পারস্য যেভাবে সাম্রাজ্যশক্তির কঠোর কেন্দ্রীয় শাসনের অধীনে চলেছে, ভারতবর্ষ তেমন নয়। তাঁর মতে, এখানে রাষ্ট্র নয়, সমাজই মুখ্য। একসময় আমাদের প্রতিটি গ্রামই স্বয়ংসম্পূর্ণ ছিল, বিচার-আচার সবই স্থানীয় পর্যায়ে সমাধা হতো। কিন্তু ঔপনিবেশিক শাসন-শোষণে গ্রামের দারিদ্র্য বেড়েছে, সমাজ-জীবনের সম্পূর্ণতা নষ্ট হয়েছে। ২০০ বছরের ঔপনিবেশিক শাসন-শোষণ আর পরবর্তী পৌনে ১০০ বছরের হীনম্মন্যতার মধ্যে দিশাহীন ব্যর্থতার যে বৃত্ত তৈরি হয়েছে, তা থেকে ঘুরে দাঁড়াতে হলে সর্বাগ্রে দুই স্তরে দুই জোড়া কাজ করতে হবে—প্রথমত, সামাজিক স্তরে সমাজকে কপটতা ও অবিশ্বাসের সংস্কৃতি থেকে মুক্ত করতে হবে আর ব্যক্তি পর্যায়ে ফিরে পেতে হবে আমাদের—আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস। আইন ও পুলিশ নয় বা টিআইবিও নয়, তাকে দুর্নীতিমুক্ত রাখবে তার সমাজের মুক্তি আর অন্তরের এই দুই প্রহরী। ১০০ বছর আগে দেশদরদি গুরুসদয় দত্ত বলেছিলেন, ‘বিশ্বমানব হবি যদি কায়মনে বাঙালি হ।’ বাঙালি হয়ে ও থেকেই যে ইংরেজি জানা বিশ্বমানব হওয়া যায়, তার দুজন উজ্জ্বল দৃষ্টান্ত হলেন নোবেলজয়ী অমর্ত্য সেন ও মুহাম্মদ ইউনূস। মানুষ দুর্নীতি-অনিয়মের বৃত্ত ভাঙতে পারে না মূলত আত্মমর্যাদার বোধ ও আত্মবিশ্বাসের অভাবে। শিক্ষা, রাজনীতি, অর্থবিত্ত, ক্ষমতা—সবই তার হাতে অপব্যবহূত হতে পারছে এই একই দৈন্যের কারণে। তিনিই নেতা হবেন, এ দেশে যিনি সাধারণ মানুষের মর্যাদা রক্ষা করবেন, তার সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করবেন। রাজনীতি মুষ্টিমেয় মানুষের প্রভুত্বের অধিকার কায়েম করবে নাকি সাধারণের অধিকার রক্ষা করবে, তা ঠিক করতে হবে। আর সরকারকে প্রভুর ভূমিকা ছেড়ে সেবকের ভূমিকা নিতে হবে। ব্যক্তিগতভাবে আমি পশ্চিমের অনেক অর্জন ও সাফল্যে মুগ্ধ, তাদের অনেক দক্ষতা-পারমঙ্গতার অনুরক্ত, তাদের সৃষ্টি ও সংরক্ষণের গুণগ্রাহী। তাই তাদের কাছ থেকে গ্রহণ করার অনেক কিছুই আছে বলে মনে করি। কিন্তু অনুকরণের পথে মুক্তি নেই—এ আমার দৃঢ়বিশ্বাস। তাদের পথে চলতে গিয়ে সরকার কেবল বহরে ও শক্তিতে বাড়ছে। আর সমাজ রিক্ত ও রুগ্ণ হয়ে পড়ছে। বলা যায়, আমাদের শক্তির উৎস আমরাই নষ্ট করছি। পশ্চিম-নির্ধারিত ন্যায়নীতির ছাঁকনি দিয়ে অন্যায়-দুর্নীতি ধরতে গেলে এ রকম অ-‘ন্যায়’ হওয়ার আশঙ্কাই বাড়ে। এই পথে আমাদের রাজনীতি দিনে দিনে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, আর জনবিচ্ছিন্নতা ক্ষমতার অপব্যবহার ও শোষণের মাত্রা বাড়ায়। তাতে বেড়ে যায় দুর্নীতি, অনিয়ম ও অপরাধ। কীভাবে আমাদের সমাজের শুভশক্তিকে বাঁচানো যায়, এবং কীভাবে এত প্রতিকূলতার মধ্যেও তার শুভশক্তি কাজ করে, সেটা পশ্চিমের দাতাদের জানা নেই। সে ব্যাপারে তাদের গরজও নেই। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে তাই বাংলাদেশের সামাজিক অগ্রগতি এক বিস্ময় ও ধাঁধা। সমাজ এত অবক্ষয়ের মধ্যেও অবদান রাখছে, জবাব দিয়ে যাচ্ছে অন্যায়ের। সেই দিক থেকে এ সমাজকে আমাদের বুঝতে হবে বলে মনে করি।আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।