ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মীর কাসেম আলী মুক্তিযুদ্ধ চলাকালে গুরুতর মানবতাবিরোধী অপরাধ করেছিলেন—এই অভিযোগ বাংলাদেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হলো।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার (রিভিউ) যে আবেদন তিনি করেছিলেন, গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে তা খারিজ হওয়ার পর এখন বাকি রইল শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা প্রার্থনার ধাপটি। তিনি প্রাণভিক্ষা না চাইলে কিংবা চাইলেও সে আবেদন নাকচ হলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করায় আর কোনো আইনি বাধা থাকবে না। তাঁর অপরাধকর্মের শিকার শহীদদের সংক্ষুব্ধ স্বজনদের জন্য এটা বড় স্বস্তির বিষয়; এটা ন্যায়বিচার প্রতিষ্ঠার ঐতিহাসিক দায় মেটানোর ক্ষেত্রে জাতির আরও এক ধাপ এগিয়ে যাওয়া।
মীর কাসেম আলী মুক্তিযুদ্ধ চলাকালে ছিলেন জামায়াতে ইসলামীর সে সময়ের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের চট্টগ্রাম শহর শাখার সভাপতি এবং ঘাতক পাকিস্তানি বাহিনীর সক্রিয় সহযোগী ‘আলবদর বাহিনী’র চট্টগ্রাম অঞ্চলের প্রধান। চট্টগ্রাম শহরের আন্দরকিল্লার ‘ডালিম হোটেলে’ আলবদর বাহিনীর ক্যাম্প ও নির্যাতনকেন্দ্র স্থাপন ও পরিচালনার মূল নেতা ও দিকনির্দেশক ছিলেন তিনি। চট্টগ্রামের কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল তাঁকে ফাঁসির দণ্ড দিয়েছেন এবং সর্বোচ্চ আদালত তা বহাল রেখেছেন।
মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার জন্য ‘বাঙালি খান’ নামে কুখ্যাতি অর্জনকারী মীর কাসেম আলী পরবর্তীকালে বিপুল ধনসম্পদের মালিক হয়েছেন। তিনি বিদেশে লবিস্ট নিয়োগ করে মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত—এমন অভিযোগ আছে। এসব কারণে তাঁর মামলার চূড়ান্ত পরিণতি সম্পর্কে সমাজে বিশেষ ঔৎসুক্য ছিল; কিছু সংশয়পূর্ণ জল্পনা-কল্পনাও লক্ষ করা গেছে। মঙ্গলবার সর্বোচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে সেসবের অবসান নিশ্চয়ই স্বস্তিদায়ক। এর বিপরীতে জামায়াতে ইসলামী আজ বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা যে হরতাল ডেকেছে, তা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।
এখন অবশিষ্ট আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন হোক, আদালতের চূড়ান্ত আদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাক।