নড়াইল শহরের কুড়িরডোব মাঠটি দখলের কবলে পড়ে দিনে দিনে ছোট হয়ে আসার খবরটি সত্যিই আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যে মাঠে খেলাধুলা করে বড় হয়েছেন, সেই মাঠের এমন পরিণতি কোনোভাবেই কাম্য নয়।
বুধবার প্রথম আলোর খবরে বলা হয়েছে, মাঠটি শহরের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কেন্দ্র। কিন্তু দখলের কবলে পড়ে দিনে দিনে ছোট হচ্ছে। সেখানে লোকজন বসতি গড়ে তুলছে।
মাঠটিতে এখন ছোট ছোট অনেক ঘর, ৭৫টি পরিবারের বাস। তাদের হাঁস-মুরগি, গরু-ছাগল মাঠে ঘুরে বেড়ায়। তাদের রান্নার জ্বালানি কাঠ, খড়, ডালপালাও মাঠে রাখা হয়েছে। এসব ঘরের চারপাশে ময়লা-আবর্জনা। মাঠের জায়গায় পাঁচটি দোকান তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে। মাঠের মাঝ বরাবর একটি রাস্তাও চলে গেছে। সে রাস্তা দিয়ে ট্রাক থেকে শুরু করে সব ধরনের যানবাহন চলাচল করে। অনেকে জাল দলিল নিয়ে মাঠের জমির মালিকানা দাবি করছে।
শহরের ভেতরে এ রকম একটি খেলার মাঠ এভাবে দখল হয়ে যাচ্ছে, অথচ দেখার কেউ নেই। এটা কী করে হয়? তাহলে জেলা প্রশাসন কী করছে? তারা ঠিকমতো নজরদারি করলে তো মাঠ দখল হওয়ার কথা নয়। প্রথম আলোর খবর থেকে জানা গেছে, দখলদারদের উচ্ছেদের জন্য মাঝে মাঝে ভিক্টোরিয়া কলেজ কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কেউ মাঠ ছেড়ে যায়নি।
জেলা প্রশাসনের এই উদাসীনতা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। মাঠটি দখলমুক্ত করতেই হবে। নড়াইল জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান, মাঠটিকে খেলার উপযোগী করুন। প্রয়োজনে মাঠে বসবাসকারী লোকজনের পুনর্বাসনের ব্যবস্থা করুন। এই মাঠে খেলাধুলা করে মাশরাফির মতো আরও ক্রিকেটারের জন্ম হোক—এটাই আমাদের প্রত্যাশা।