আগামী নভেম্বরের মধ্যে হাতে লেখা পুরোনো পাসপোর্ট অচল হতে যাচ্ছে; অথচ এখনো ৫০ লাখ প্রবাসীর হাতে সেই পুরোনো পাসপোর্ট! আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (আইসিএও) ১৬ বছর আগে বাংলাদেশকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) চালুর নির্দেশনা দিলেও অনিয়ম-অদক্ষতায় সে কাজ সম্পন্ন হয়নি। চিরাচরিতভাবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গাফিলতি ও ভুল সিদ্ধান্তের খেসারত দিতে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের লাখো প্রবাসী কর্মজীবী। আগামী ২৪ নভেম্বরের পর পৃথিবীর কোথাও পুরোনো পাসপোর্ট চলবে না। কী ভয়াবহ সংকটে পড়তে যাচ্ছেন দেশের উন্নতির কারিগরেরা, তা ভাবা যায়! সরকার বদলায়, মন্ত্রী বদলায়, পরিচালক বদলায়; অনিয়মের বিষচক্র বদলায় না।
৫০ লাখ প্রবাসীর হাতে পুরোনো পাসপোর্টমুখ্যত এ গাফিলতির দায় পাসপোর্ট অধিদপ্তরের। পাসপোর্ট অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। পাসপোর্টের জন্য তাদের ওপর নির্ভরশীল প্রবাসীকল্যাণমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এমআরপির কাজটি দেওয়া হয়েছিল মালয়েশীয় প্রতিষ্ঠান আইরিস করপোরেশনকে। গতকাল বুধবারের প্রথম আলোর এ-বিষয়ক সংবাদে দেখা যাচ্ছে, আইরিসের কাজের ধীরগতি, নিজেদের দায়িত্ব আউটসোর্সিংয়ের নামে অন্য বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর ইত্যাদি কারণে সময়মতো যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বরাদ্দ করা যায়নি।
প্রথম আলোর সংবাদে এই প্রকল্পে জড়িত একটি প্রতিষ্ঠানের পরিচালক অভিযোগ করেছেন, চাপের মুখে তাঁদের কাজ আইরিসকে দেওয়া হয়। পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে আইরিসকে অসংগত প্রশ্রয় দেওয়ার কথাও সংবাদে উল্লেখ রয়েছে। এখন প্রতিদিন যে হারে প্রবাসীদের এমআরপি দেওয়া হচ্ছে, তাতে নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ৫০ লাখের সিংহভাগ প্রবাসী এমআরপি পাবেন না।
প্রবাসী বাংলাদেশি, বিশেষত মধ্যপ্রাচ্যে কর্মরত কর্মজীবী বাংলাদেশিদের কাছে আগামী ২৪ নভেম্বরের মধ্যে নতুন পাসপোর্ট পৌঁছানো না গেলে তাঁরা কেবল আইনগত অসুবিধায়ই পড়বেন না, তাঁদের স্বদেশে আগমন ও বিদেশ গমন ‘অবৈধ’ হয়ে যাবে। দেশের জন্য যে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, তাঁদের সঙ্গে এই নিষ্ঠুর পরিহাস যারা করেছে, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।