নয়ন বাছারের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অন্যায় আক্রমণের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন বাছার সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর জামিন পেয়েছেন, এটা স্বস্তির সংবাদ। কিন্তু তাঁকে ইসলামী ছাত্রশিবিরের কর্মী দাবি করে তাঁর পায়ে গুলি চালানো, তাঁর বিরুদ্ধে গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশের মামলা করা, অতঃপর তিনি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্য বলে নিশ্চিত হওয়ার পর তাঁকে বিএনপির কর্মী বলে দাবি করা—এসব অন্যায়ের প্রতিকার হওয়া জরুরি।
গত ৪ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনার একজন শিকার ছিলেন ওই বাসের যাত্রী নয়ন বাছার। কোতোয়ালি থানার পুলিশ যখন তাঁকে অগ্নিসংযোগকারী শিবির কর্মী বলে, তখন তিনি নিজের নাম ও ধর্মীয় পরিচয় জানালেও পুলিশ তাতে কর্ণপাত না করে তাঁর বাঁ পায়ে দুটি গুলি করে। যে পুলিশ সদস্য তাঁকে গুলি করেছেন, তাঁর কি জানা ছিল না যে নয়ন যদি শিবির কর্মী হয়েও থাকতেন, তবু তাঁকে গুলি করার অধিকার পুলিশের নেই? ওই পুলিশ সদস্যের অবশ্যই বিচার ও শাস্তি হওয়া জরুরি, কারণ পুলিশ সদস্যদের এসব বাড়াবাড়ির কোনো বিচার হয় না বলে অপ্রয়োজনীয় ক্ষেত্রেও লোকজনকে গুলি করার প্রবণতা বেড়ে গেছে।
হাসপাতালে বসেই পরীক্ষাদ্বিতীয়ত,নয়ন বাছার হিন্দু সম্প্রদায়ের সদস্য, সুতরাং তিনি ছাত্রশিবিরের কর্মী হতে পারেন না, তাই তাঁকে বিএনপির কর্মী বলে প্রমাণ করার প্রয়াস রাজনৈতিক দুরভিসন্ধিপ্রসূত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ ধরনের প্রবণতা অত্যন্ত ক্ষতিকর ও অগ্রহণযোগ্য।
নয়ন বাছারকে জামিনে মুক্তি দেওয়া যথেষ্ট নয়, তাঁর বিরুদ্ধে পুলিশ যে মামলা করেছে, তা প্রত্যাহারের পাশাপাশি তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে। নয়নের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, যেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। পুলিশ নয়নকে গুলি করেছে বলে নয়নের নিরীহ মা মামলা করেননি। কিন্তু সরকারের নিজেরই উচিত, নয়নকে গুলি করেছেন যে পুলিশ সদস্য, তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া।