১৯৭৪ সালে সই করা বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি নিয়ে ভারত সরকার যে কাণ্ড করছে, তা কেবল দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের অন্তরায় নয়, কূটনৈতিক রীতিনীতিরও পরিপন্থী। কখনো আদালতে মামলা, কখনো রাজ্য সরকার ও স্থানীয় রাজনীতিকদের আপত্তির অজুহাত দেখিয়ে তারা চুক্তিটি বাস্তবায়ন করা থেকে বিরত থেকেছে।
উল্লেখ্য, চুক্তি সইয়ের পরপরই বাংলাদেশ জাতীয় সংসদ অনুমোদন করলেও ৪০ বছরেরও বেশি সময় ধরে ভারত সরকার তা ঝুলিয়ে রেখেছে। উদ্বেগের বিষয় হলো, যে চুক্তির সঙ্গে বাংলাদেশের নিরাপত্তার প্রশ্ন জড়িত, সেই চুক্তিটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনে আটকে আছে। ২০১১ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় চুক্তি বাস্তবায়নে একটি প্রটোকল সই হওয়ার পরও দৃশ্যমান অগ্রগতি না হওয়া দুঃখজনক। কংগ্রেস সরকার চুক্তিটি রাজ্যসভায় উত্থাপন করলেও অনুমোদন করাতে পারেনি তৎকালীন বিরোধী দল বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরোধিতার কারণে। এখন তৃণমূল কংগ্রেস রাজি হলেও আসাম রাজ্য বিজেপির আপত্তির মুখে নরেন্দ্র মোদি সরকার আসামকে বাদ রেখেই চুক্তিটি পার্লামেন্টে অনুমোদনের উদ্যোগ নিয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
সীমান্ত বিল ঘিরে অনিশ্চয়তাএ ব্যাপারে বাংলাদেশ সরকারের ভূমিকা অস্পষ্ট ও দুর্বল। একদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নয়াদিল্লি তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, অন্যদিকে মোদি সরকারের এই সংশোধনীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মতি আছে বলে পত্রিকান্তরে খবর এসেছে। বিষয়টি নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে তোলপাড় হলেও ঢাকার নীরবতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সরকারের কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদির সফর, না চুক্তি বাস্তবায়ন?
যে কথাটি শেখ হাসিনার সরকার মুখ খুলে বলতে পারছে না, সে কথাটিই আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তিনি বলেছেন, আসামকে বাদ দিয়ে নয়, যুক্ত করেই চুক্তিটি পার্লামেন্টে অনুমোদন করাতে হবে।
আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, ১৯৭৪ সালে সইকৃত চুক্তির কোনো ধারা কাটছাঁট করা যাবে না। চুক্তিটি যেভাবে আছে, সেভাবেই ভারতীয় পার্লামেন্টে অনুমোদন ও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।