বাংলাদেশে প্রতিবছর গড়ে ১৫ হাজার লোক পঙ্গু হচ্ছে, এর একটা বড় অংশ হচ্ছে সড়ক দুর্ঘটনার কারণে। ১৫ মার্চ বিশ্ব পঙ্গু দিবসে প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতাল) সূত্রে বলা হয়, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনায় আহত হয়ে ২০১৫ সালে এই হাসপাতালের জরুরি বিভাগে ৪৭ হাজার ৪৩৭ জন এবং ২০১৪ সালে ৪৬ হাজার ৫৮৪ জন চিকিৎসা নেয়। একজন চিকিৎসক জানিয়েছেন, বড়দের মধ্যে যাঁরা পঙ্গু হন তাঁদের বেশির ভাগ হন সড়ক দুর্ঘটনার কারণে।
বাংলাদেশসহ জাতিসংঘের সদস্যদেশগুলো অঙ্গীকার করেছিল ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার। কিন্তু বাংলাদেশে উল্টো দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বাড়ছে। সড়ক নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সড়ক পরিবহন, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও স্থানীয় সরকারসহ কয়েকটি মন্ত্রণালয়ের। বোঝা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না।
বেসরকারি সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে সারা দেশে ৬ হাজার ৫৮১টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। সংগঠনটির হিসাবে, ২০১৪ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ৫ হাজার ৯২৮টি। এসব দুর্ঘটনায় আহত হন ১৭ হাজার ৫২৪ জন। এর বড় অংশই চিরস্থায়ী পঙ্গুত্ববরণ করছে। যা খুবই দুঃখজনক। আর পঙ্গুত্ববরণ করা মানুষটি যদি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হন, তাহলে তো কথাই নেই। তিনি উল্টো পরিবারের বোঝা হয়ে যান। তাঁর পরিবার হয়ে পড়ে নিঃস্ব।
সড়ক দুর্ঘটনা কমানো ও দুর্ঘটনার কারণে যাতে কাউকে পঙ্গুত্ববরণ করতে না নয় সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগ দরকার। রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি নামানো বন্ধ, দুর্ঘটনার জন্য দায়ী চালকদের কঠোর শাস্তি নিশ্চিতসহ অন্যান্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।