যে বর্জ্য ভঙ্গুর (বায়ো ডিগ্রেডেবল) তা প্রকৃতির স্বাভাবিক নিয়ম ধরেই পুনরাবর্তিত হয়। সেভাবেই প্রাচীনকাল থেকে চলে আসছিল। কিন্তু শিল্পবিপ্লব-পরবর্তী যুগে প্রাকৃতিক সম্পদের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং জীবনযাপনকে আরও সহজ, ভোগ্য ও আধুনিক করার নিরিখে মানুষ অবলীলায় প্রকৃতিতে ছড়িয়েছে বিপর্যয় সৃষ্টিকারী অ–ভঙ্গুর (নন-বায়ো ডিগ্রেডেবল) বর্জ্য। এর মধ্যে সবচেয়ে মারাত্মক অ–ভঙ্গুর বর্জ্য হলো পলিথিন।
পলিথিন বা প্লাস্টিক এমন জিনিস, যা মাটিতে মেশে না। কোনো ব্যাকটেরিয়ার ক্ষমতা নেই তাকে ‘ডিকম্পোজ’ করার। তাই মাটিতে প্লাস্টিক পুঁতে ফেলার অর্থ চিরকালের মতো সেই বিষ মাটিতে থেকে যাওয়া। এর ক্ষতিকর দিক জানার পরও ভালো বিকল্পের অভাবে তা ভোক্তারা বর্জন করতে পারছেন না। যেহেতু হাতের কাছে বিকল্প নেই, তাই বাজারগুলো পলিথিনে সয়লাব।
এ অবস্থা থেকে দেশবাসীকে শিগগিরই মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সরকার। বস্ত্র ও পাটমন্ত্রী জানিয়েছেন, পাট থেকে উৎপাদিত পচনশীল পলিমার ব্যাগ বা সোনালি ব্যাগ শিগগির বাজারজাত শুরু করা হবে। সোনালি ব্যাগ খুব দ্রুত বাংলাদেশকে সারা বিশ্বে ব্র্যান্ডিং করবে। সে জন্য সরকার যত দ্রুত সম্ভব পাট থেকে তৈরি পলিথিন ব্যাগ বাজারজাতকরণে যাবে। সরকারিভাবেই সেটি করা হবে। পরে বেসরকারিভাবে সোনালি ব্যাগের উৎপাদন ও বাজারজাতের চিন্তা আছে। পরিবেশবান্ধব এই ব্যাগ খুব সহজে পচে যায়। পলিথিনের মতোই এটি সহজলভ্য হবে।
পাটের তৈরি এ পলিব্যাগ দেখতে বাজারের সাধারণ পলিথিন ব্যাগের মতো হলেও এটি অনেক বেশি টেকসই ও মজবুত। পাটের সূক্ষ্ম সেলুলোজকে প্রক্রিয়াজাত করে তৈরি করা এ পলিব্যাগ কয়েক মাসের মধ্যে পচে মাটির সঙ্গে মিশে যায়। ফলে এটি পরিবেশ দূষণ করে না। এটিকে তাই পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।
আশাপ্রদ বিষয় হলো মানুষ পলিথিন ব্যাগের বিকল্প পেলে যে তা সানন্দে গ্রহণ করবে, ঢাকায় চলমান বাণিজ্য মেলায় তার প্রমাণ মিলেছে। মেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার আলাদা প্যাভিলিয়নের মাধ্যমে পাটপণ্যের ক্রেতা-দর্শনার্থীদের কাছে নানা ধরনের পণ্য প্রদর্শন করছে। সেখানে মানুষের বেশ সমাগম দেখা গেছে। তাদের আগ্রহ মূলত পাটের ব্যাগের দিকে। পাশাপাশি পাটের ঝুড়িরও বেশ চাহিদা দেখা গেছে। পাটপণ্যের বিক্রয়কর্মীদের ভাষ্য, দিন যত যাচ্ছে পাটের তৈরি ব্যাগের প্রতি মানুষের আগ্রহ তত বাড়ছে। সোনালি ব্যাগ যদি বাজারে ছাড়া হয় তাহলে আমাদের পরিবেশের ওপর দারুণভাবে ইতিবাচক প্রভাব পড়বে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সোনালি ব্যাগের প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটি আরও বড় আনন্দের বিষয়। সরকারের পৃষ্ঠপোষকতায় বেসরকারি উদ্যোক্তারাও এই শিল্পে এগিয়ে আসবেন, এমন একটি সম্ভাবনা ক্রমে স্পষ্ট হয়ে উঠছে।