চট্টগ্রামের পটিয়ায় এক বখাটে যুবক যেভাবে স্কুলে ঢুকে পিটিয়ে এক শিক্ষিকার দুই হাত ভেঙে দিয়েছে, তাতে এই প্রশ্ন খুব স্বাভাবিক যে আমরা আসলে কোন সমাজে বাস করছি। একদিকে আমরা ঘটা করে আন্তর্জাতিক নারী দিবস পালন করছি, অন্যদিকে নারীর ওপর এ ধরনের িনষ্ঠুর নির্যাতনের ঘটনা ঘটে চলেছে!
প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, আহসান উল্লাহ ওরফে টুটুল নামের ওই বখাটে যুবক স্কুলে আসা-যাওয়ার পথে মিসফা সুলতানা নামের ওই শিক্ষিকাকে উত্ত্যক্ত করত। তবে তিনি ওই বখাটের দিকে ফিরেও তাকাতেন না। আহসান মঙ্গলবার সকালে হঠাৎ শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকাকে লোহার শাবল দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময় শিক্ষিকা আত্মরক্ষার্থে দৌড়ে স্কুলের মাঠে চলে গেলে সেখানেও তাঁকে এলোপাতাড়ি পেটাতে থাকে যুবকটি। এতে তাঁর দুই হাত ভেঙে যায়। একপর্যায়ে স্কুলের অন্য শিক্ষক ও এলাকার লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
একজন নারী শিক্ষক যখন তঁার কর্মক্ষেত্রে এভাবে আক্রমণের শিকার হন, তখন এই সমাজে নারীর নিরাপত্তার পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে, তা টের পাওয়া যায়। সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাচ্ছি, বখাটেরা কতটা বেপরোয়া হয়ে উঠছে। বখাটেদের উৎপাত ও আক্রমণে অনেক নারীর জীবন গেছে। রিসা, নিতু মণ্ডল বা কণিকা ঘোষের মতো কত নাম আমাদের সামনে ভেসে ওঠে। বখাটেদের উৎপাত সহ্য করতে না পেরে সিমি, তৃষাসহ আরও অনেক মেয়ে আত্মহত্যা করেছেন। বখাটেপনাকে সমাজে লঘু অপরাধ হিসেবেই দেখা হয়, আবার অনেক ক্ষেত্রে অপরাধের বিচার হয় না বলেই এ ধরনের ঘটনা অহরহ ঘটছে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, মিসফাকে উত্ত্যক্ত করার বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এবং আহসানের পরিবারের সদস্যদের জানানো হয়েছিল। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি। অতএব মিসফা সুলতানার এই পরিণতির দায় তঁারাও এড়াতে পারেন না। বখাটে আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। এটি ভালো খবর। এখন দেখতে হবে আইনের ফাঁকফোকর দিয়ে সে যাতে জামিন না পায়। সব ক্ষেত্রে বখাটেদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা গেলে তা নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে।