পটুয়াখালী পৌরসভা দ্রুত পদক্ষেপ নিক

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ নিয়ে একের পর এক দুঃসংবাদ আমরা পেয়ে যাচ্ছি। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বায়ুদূষণে কখনো বাংলাদেশের নাম চলে আসছে শীর্ষস্থানে, আবার কখনো পরিবেশ সুরক্ষার সূচকে আমাদের অবস্থান একেবারে পেছনের সারিতে। কিন্তু এসব নিয়ে আমাদের নীতিনির্ধারকদের মধ্যে কোনো মাথাব্যথাই নেই। ফলে এ নিয়ে কোনো পদক্ষেপ নেই। যার কারণে আমাদের শহরগুলোতে এখন পর্যন্ত টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। সেটার জন্য ভুগতে হচ্ছে আমাদের নদীগুলোকে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালীর লাউকাঠী নদীর ক্ষেত্রে।

প্রতিদিন পটুয়াখালী পৌরসভা এলাকার ২০ টন বর্জ্য ও আবর্জনা ফেলা হচ্ছে লাউকাঠী নদীতে। এতে শুধু পরিবেশের ক্ষতিই হচ্ছে না, শহরের মানুষকে স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বর্জ্যের কারণে ইতিমধ্যে শিশুরা নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।

দেড় লাখ বাসিন্দার পৌরসভা শহরটিতে প্রতিদিন ৪০ থেকে ৫০ টন বর্জ্য উৎপন্ন হয়। যার অর্ধেকই নালা–নর্দমায় ফেলা হয়, সেই কাজটি

করেন স্থানীয় লোকজনই। আর বাকি অর্ধেক সংগ্রহ করেন পৌরসভার

২১৪ জন পরিচ্ছন্নতাকর্মী। পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, সংগৃহীত সব বর্জ্য ফেলা হচ্ছে লাউকাঠী নদীর পারে। সেগুলো আসলে নদীর পানির সঙ্গেই মিশে যাচ্ছে। অন্যদিকে নালা–নর্দমায় ফেলায় বর্জ্যগুলোর চূড়ান্ত গন্তব্যও নদী।

মানুষের স্বাস্থ্যঝুঁকি ছাড়াও নদীতে মাছের সংকট দেখা দিয়েছে বলে স্থানীয় জেলেরা জানাচ্ছেন। একটা সময় যে পরিমাণ মাছ পাওয়া যেত, তা এখন পাওয়া যায় না। পরিবেশ অধিদপ্তর জানাচ্ছে, এ ব্যাপারে পৌর মেয়রকে চিঠি দেওয়া হয়েছে, যাতে একটি নিরাপদ স্থানে বর্জ্যের ভাগাড় করা হয়। আর মেয়র মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ বলছেন, শহর থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে সাত একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে ভাগাড়ের জন্য। কিন্তু নদীর পারের ভাগাড়টি সেখানে কবে স্থানান্তরিত হবে, সে ব্যাপারে কিছু বলেননি তিনি। আমরা আশা করছি, ভাগাড় স্থানান্তরের কাজটি যতটা সম্ভব দ্রুত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নদীটি রক্ষায় মেয়র কী উদ্যেগ নিচ্ছেন, সেটাও আমরা দেখতে চাই।

এ দেশে একের পর এক উপজেলা শহর পৌরসভা হিসেবে ঘোষিত হচ্ছে, যার কোনো প্রতিফলনই আমরা দেখি না। অপরিকল্পিতভাবে পৌরসভা শহর করতে গিয়ে নদী, খাল ও জলাশয়গুলো রক্ষার কথা তো ভাবাই হচ্ছে না, উল্টো ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিকভাবে পরিবেশদূষণে বাংলাদেশ আর কত নেতিবাচক সংবাদের শিরোনাম হলে আমাদের সরকার ও নীতিনির্ধারকদের হুঁশ হবে?