পটুয়াখালী হাসপাতালের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, যার সংবিধানে নাগরিকের স্বাস্থ্যসুবিধা লাভের অধিকার সাংবিধানিকভাবে একটা ঐচ্ছিক নির্দেশনা হিসেবে আছে। এটা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক নয়; অথচ এটি একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। প্রয়োজনের তুলনায় চিকিৎসকের অভাব দেশে বহুকাল ধরেই চলছে। কিন্তু পটুয়াখালী একটি দুর্ভাগ্যজনক রেকর্ড সৃষ্টি করেছে। পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ৫৮টি চিকিৎসকের পদের মধ্যে নাক-কান-গলা, চক্ষু, হৃদ্রোগসহ নানাবিধ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের অর্ধেকের বেশি খালি পড়ে আছে। অথচ এই হাসপাতালের চত্বরে পটুয়াখালী মেডিকেল কলেজটি চলছে। এতগুলো পদ খালি থাকার নেতিবাচক প্রভাব কলেজের ওপর পড়াও স্বাভাবিক।
প্রতি এক হাজারে বাংলাদেশে চিকিৎসক মাত্র শূন্য দশমিক ৪ জন। ভারত ও মিয়ানমারের এই হার যথাক্রমে শূন্য দশমিক ৭ ও শূন্য দশমিক ৬। আর পটুয়াখালী পৌর এলাকার জনসংখ্যার অনুপাতে সরকারি চিকিৎসক প্রতি ৪ হাজার ৭৬১ জনের জন্য একজন। পদায়ন সংকট অভাবনীয় নয়, কিন্তু এখানে যা ঘটছে তা মানবিক নয়, দানবিক। আবাসিক চিকিৎসক, আবাসিক সার্জন ও আবাসিক চিকিৎসা কর্মকর্তার এই তিনটি পদই একসঙ্গে দীর্ঘকাল শূন্য থাকবে, এটা মানা যায় না। এর মানে রাতবিরাতে যখন পৌর এলাকার দরিদ্র ও অসচ্ছল মানুষের চিকিৎসাসেবার প্রয়োজন পড়ে, তখন আর তাদের সামনে জরুরি সেবা লাভের কোনো সুবিধাই খোলা থাকে না। অথচ জরুরি চিকিৎসা লাভের অধিকার আরও বেশি স্পর্শকাতর।
সে কারণে আমরা লক্ষ করি, যেসব দেশ নতুন করে সংবিধানে বড় সংশোধনী এনেছে, তারা (যেমন: দক্ষিণ আফ্রিকা ও নেপাল) পৃথকভাবে সংবিধানে উল্লেখ করছে, জরুরি চিকিৎসাসেবা লাভ মৌলিক অধিকার। বাংলাদেশের বহু এলাকায় এ রকম জরুরি চিকিৎসাসেবা প্রদানের সরকারি ব্যবস্থা কেবল অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে।
আমরা আশা করব, উল্লিখিত শূন্য পদে দ্রুত পদায়ন এবং ব্যবস্থাপনাগত বিশৃঙ্খলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগী হবে।