পণ্ডিত রবিশঙ্করের মহাপ্রয়াণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্ডিত রবিশঙ্করের মৃত্যু ভারতীয় শাস্ত্রীয় সংগীতের জন্য অপূরণীয় ক্ষতি। ১৯২০ সালে জন্ম নেওয়া এই উজ্জ্বল জ্যোতিষ্কের মহাপ্রস্থানের ফলে বাংলাদেশ একজন বড় বন্ধুকে হারাল। তিনি শুধু একজন মহান সংগীতজ্ঞই নন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে একান্ত সুহূদ হয়ে তিনি আমাদের মনে অক্ষয় আসন করে নিয়েছেন।এ কথা সবাই জানেন, ভারতীয় শাস্ত্রীয় সংগীত ছিল মুষ্টিমেয় সমঝদার শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। পণ্ডিত রবিশঙ্কর সেই গণ্ডি অতিক্রম করে শাস্ত্রীয় সংগীতকে পৌঁছে দিয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে। সীমাবদ্ধ সংগীতকে তিনি বড় পরিসরে ছড়িয়ে দিতে পেরেছিলেন—এটা তাঁর অনন্য অবদান। আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আলী আকবর খাঁসহ মাইহার ঘরানার যাঁরা শাস্ত্রীয় সংগীতের চূড়ায় অবস্থান করেছেন, সেই ঘরানার শেষতম শীর্ষচূড়া পণ্ডিত রবিশঙ্কর।রবিশঙ্করের একটি বড় অবদান হলো, প্রাচ্য ও পাশ্চাত্য সংগীতের মধ্যে মেলবন্ধন তৈরি করে বিশ্বসংগীতের অমিয় ধারায় স্নান করেছেন তিনি। এ কথা বলার অপেক্ষা রাখে না, তিনি আমাদের এই উপমহাদেশে যেমন ছিলেন শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র, তেমনি পাশ্চাত্য সংগীতজগতে ছিলেন একইভাবে সমাদরণীয়। সেতারের অপূর্ব মূর্ছনার সঙ্গে তিনি পাশ্চাত্যের অর্কেস্ট্রার মেলবন্ধন সৃষ্টি করেছিলেন।শাস্ত্রীয় সংগীতের অনেক ঘরানা রয়েছে। মাইহার ঘরানার সুযোগ্য এই প্রতিনিধি একজন বাঙালি হিসেবে সুউচ্চ শিখরে অবস্থান করায় বাঙালিমাত্রেই তাঁর জন্য গর্ববোধ করতে পারেন। বাঙালিদের শাস্ত্রীয় সংগীতচর্চায় তিনি দৃষ্টান্ত হয়ে থাকবেন। তাঁর সৃষ্ট সুররসে সিক্ত হয়ে এবং তা থেকে অনুপ্রেরণা নিয়ে পরবর্তী প্রজন্ম শাস্ত্রীয় সংগীতে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করার প্রেরণা পাবেন।বাংলাদেশ তাঁকে নানা কারণে মনে রাখবে। তবে ১৯৭১ সালে তাঁর শিষ্য-বন্ধু জর্জ হ্যারিসনকে সঙ্গে নিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের সাহায্য করার জন্য ‘কনসার্ট ফর বাংলাদেশ’ করে তিনি আমাদের মনের মণিকোঠায় অধিষ্ঠিত হয়েছেন। একাত্তরের ১ আগস্ট এই অনুষ্ঠানের পর সবখানে যেন সাড়া পড়ে গেল। এ প্রসঙ্গে স্মরণ করা যায়, ২০০৫ সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অ্যালবামের ডিভিডি প্রকাশিত হয়েছিল। সেটির ভূমিকায় পণ্ডিত রবিশঙ্কর বলেছিলেন, ৭৫ বছরের সংগীতজীবনে যত কনসার্ট করেছিলেন, তার মধ্যে সবচেয়ে স্মরণীয় হয়ে আছে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ওই কনসার্টটিই।৯২ বছর বয়সে পণ্ডিত রবিশঙ্করের শারীরিক মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু তাঁর সৃষ্টির মৃত্যু নেই। সুরের অমিয় ধারায় তিনি বেঁচে থাকবেন এবং সংগীতপিয়াসী মানুষের মনকে রাঙিয়ে যাবেন দীর্ঘকাল ধরে।