একটি দেশে সংবাদপত্রের ভূমিকা কী, তা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোকে নতুন করে বোঝাতে হবে! এমন বিস্ময়কর সন্দেহের কারণ অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির সময় সংবাদপত্র বহনকারী গাড়ি ভাঙচুর ও পত্রিকা সরবরাহে বাধা দেওয়ার মতো ঘটনা। গত রোববার ১৮ দলের রাজপথ অবরোধ কর্মসূচির সময় এ ধরনের ঘটনায় আমরা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।গণতান্ত্রিক রাজনীতিতে আন্দোলনের নানা কর্মসূচি স্বীকৃত। তবে কোনো ক্ষেত্রেই বলপ্রয়োগের সুযোগ নেই। দুর্ভাগ্যজনক হলেও আমাদের দেশের রাজনীতি বলপ্রয়োগের ওপর নির্ভরশীল। এখানে অবরোধ বা হরতালের মতো কর্মসূচি পালনে জনগণকে বাধ্য করা হয়। এ ধরনের কর্মসূচির আগে যানবাহন ভাঙচুর করে, আগুন লাগিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। এই অগ্রহণযোগ্য বাস্তবতার মধ্যেও দেশের সংবাদপত্র ও সার্বিকভাবে গণমাধ্যম রাজনৈতিক কর্মসূচিগুলোর আওতার বাইরে থাকে। এর পরও যখন গণমাধ্যমের গাড়ি আক্রান্ত হয়, সংবাদপত্রবাহী গাড়ি ভাঙচুর করা হয়, পত্রিকা নামিয়ে পুড়িয়ে ফেলা হয়, তখন এর কী জবাব দেবেন কর্মসূচি আহ্বানকারী রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল নেতারা!১৮ দলের পক্ষ থেকে রোববার যে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা করা হয়েছিল, সেখানে সংবাদমাধ্যমের গাড়ি স্বাভাবিক কারণেই এর আওতামুক্ত ছিল। এর পরও আমরা দেখলাম, দেশের বিভিন্ন স্থানে পত্রিকাবাহী গাড়ির ওপর হামলা হয়েছে এবং কোথাও কোথাও অবরোধ কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত গাড়ি আটকে রাখা হয়েছে। স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা নিশ্চয়ই এসব ঘটনা ঘটিয়েছেন, কিন্তু দলের কেন্দ্রীয় পর্যায় থেকে কি কর্মীদের প্রতি কোনো নির্দেশনা ছিল না? নাকি তাঁদের যা ইচ্ছা তা করার লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছিল? আর এসব দলের স্থানীয় পর্যায়ে কি এমন কোনো দায়িত্বশীল নেতা নেই, যাঁরা কর্মীদের এ ধরনের দুর্বৃত্তপনা ও অপকর্ম ঠেকাতে পারেন?অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকার পরও সংবাদপত্রের গাড়ির ওপর হামলা, পত্রিকা পুড়িয়ে ফেলা বা গাড়ি আটকে রাখার এই যে ঘটনাগুলো ঘটল, আমরা কোনো দল বা জোটের পক্ষ থেকে এ জন্য দুঃখ প্রকাশ করতেও দেখলাম না!ভবিষ্যতে এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দেবে—এমন আশা কি আমরা করতে পারি?