মেট্রোরেলপথ ছিল ঢাকার যান চলাচলের দুঃস্বপ্ন থেকে মুক্তির স্বপ্ন। কিন্তু রেলটি কোন পথ দিয়ে যাবে, সেই বিতর্কে পথ হারিয়ে ফেলতে বসেছিল প্রকল্পটি। অবশেষে জাপান সরকারের অর্থায়ন সংস্থা জাইকা প্রকল্পটির অর্থায়নে এগিয়ে আসায় মেট্রোরেলপথ বাস্তব হওয়ার পথ পেল। ২০ ফেব্রুয়ারি এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে জাইকার ঋণচুক্তি স্বাক্ষরিত হওয়া এক শুভ ঘটনা।সারা বিশ্বেই মেট্রোরেলপথ গণপরিবহনের আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত। প্রতিবেশী ভারতের বড় বড় শহরে এ ব্যবস্থা চালু রয়েছে। অবশেষে বাংলাদেশে এ ব্যাপারে অগ্রগতি ঘটাতে পারা এক ইতিবাচক ঘটনা। প্রায় ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মাণে ব্যয় হবে ২২ হাজার কোটি টাকা। এই প্রকল্পের ৮৫ শতাংশ ব্যয় ধাপে ধাপে জোগান দেবে জাইকা। প্রথম ধাপে পাওয়া যাবে এক হাজার ৮১ কোটি টাকা। এই ঋণের সবচেয়ে ভালো দিক হচ্ছে, এটি সহনীয় ঋণ (সফট লোন), ৪০ বছরে এটা পরিশোধ করতে হবে এবং রেয়াত সময় থাকবে ১০ বছর। প্রকল্পের প্রাক্কলিত সময় হবে ১০ বছর। অর্থাৎ ২০২১ সালে এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের সময়সীমা প্রথম পরিকল্পনার ২৬ বছর থেকে ১০ বছরে নামিয়ে আনা খুবই ভালো ব্যাপার। তার মানে, ঢাকার জনসংখ্যার বিরাট অংশের ভোগান্তিও ১৬ বছর কমে যাওয়া। এ পরিপ্রেক্ষিতে বলা দরকার, অর্থায়ন ও রেলপথের বিন্যাস নিয়ে দীর্ঘসূত্রতা না হলে এত দিনে এ প্রকল্পের কাজও শুরু হয়ে যেতে পারত। ভবিষ্যতে এ ব্যাপারে নিষ্ঠা ও সতর্ক থাকা প্রয়োজন।পদ্মা সেতুর পরে মেট্রোরেলপথ হলো দ্বিতীয় বৃহত্তম যোগাযোগ প্রকল্প। এর পরিণতি যে পদ্মা সেতুর মতো হতাশাজনক হয়নি, সেটি এক আশার ব্যাপার। গোড়া থেকেই প্রকল্পের পরিকল্পনা, কাজ বরাদ্দ এবং অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও পরিপক্বতা থাকা জরুরি। অতীতের ভুল ও দুর্নীতির অভিজ্ঞতা থেকে সে কারণে শিক্ষা নেওয়া প্রয়োজন। এ প্রকল্পে জাইকার অর্থায়ন পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ব্যাপারেও ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে পারে।যানবাহনে ভারাক্রান্ত ঢাকা শহর নিঃশ্বাস ছাড়তে পারবে। উত্তরা থেকে মতিঝিলমুখী এই রেলপথে থাকবে বেশ কয়েকটি সংযোগ। পথে পড়বে পল্লবী, মিরপুর ১০, খামারবাড়ি, ফার্মগেট, সোনারগাঁও হোটেল, শাহবাগ, দোয়েল চত্বর ও তোপখানা সড়ক। প্রকল্পের কাজ সম্পন্ন হলে প্রতি ৩৬ মিনিটে উত্তরা থেকে মতিঝিলে চার লাখ যাত্রী বহন করার ব্যবস্থা হবে। এই বিরাট কর্মযজ্ঞে বাংলাদেশকে সহায়তা করায় জাপান সরকারকেও আমরা কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের অর্থনীতি সবল হতে থাকলেও এ ধরনের বিরাট প্রকল্পে অর্থায়নের নিজস্ব সামর্থ্য আমাদের এখনো তৈরি হয়নি। সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ বিনিয়োগের পরিবেশ উন্নত করা গেলে ভবিষ্যতে বাংলাদেশই এ ধরনের জনস্বার্থমূলক প্রকল্পে অর্থায়নের সামর্থ্য অর্জন করবে।