পথ খুঁজে বের করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

The revolution will not be televised. Gil Scott-Heron বাংলাদেশে রাজপথে সহিংস রাজনৈতিক আন্দোলনের ইতিহাস শতাধিক বছরের। ১৯২০-এর অসহযোগ আন্দোলনের সময় থেকে তা উত্তাল আকার ধারণ করে। আমার নিজের দেখা রাজনৈতিক আন্দোলনের সময়কালও ৫০ বছরের বেশি। ১৯৬২-র প্রতিক্রিয়াশীল শিক্ষানীতিবিরোধী আন্দোলন থেকে বর্তমান শাহবাগের ব্লগ আন্দোলন পর্যন্ত রাজপথের প্রতিটি ছাত্র-যুব-জনতার আন্দোলনের আমি একজন সাক্ষী। শুধু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকা সাক্ষী নই—পেছন থেকে হোক, পাশে থেকে হোক, অথবা সামনে থেকে হোক, প্রায় প্রতিটি আন্দোলনে আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে।শারীরিক অস্তিত্বের বাইরে বিচারবোধসম্পন্ন প্রাণী হিসেবে আমাদের রয়েছে নানা রকম সত্তা। সমাজে তাই সব মানুষকেই অনেক রকম ভূমিকা পালন করতে হয়। সামান্য লেখক হিসেবে আমার এক রকম কাজ, সামাজিক-রাজনৈতিক প্রশ্নে আমার অন্য রকম ভূমিকা, একজন চিন্তক হিসেবে আরেক রকম কাজ। রাজনীতি নিয়ে তাত্ত্বিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনামূলক লেখালেখি করছি ৪০ বছরের বেশি যাবৎ। কিন্তু গত দুই সপ্তাহের মতো রাজনৈতিক আবহাওয়া আমি কখনো দেখিনি। বাংলাদেশের ইতিহাসে এটি এক ভিন্ন রাজনৈতিক পরিস্থিতি। যা রাজনীতিতে যোগ করেছে এমন এক নতুন মাত্রা, যার প্রভাব পরিস্থিতি শান্ত হয়ে যাওয়ার পরও বহুকাল থেকে যাবে। বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষানীতিবিরোধী ছাত্র আন্দোলন ও সামরিক শাসনবিরোধী আন্দোলন, ছেষট্টির ছয় দফার আন্দোলন এবং উনসত্তরের গণ-আন্দোলনের লক্ষ্য ছিল স্পষ্ট ও সুনির্দিষ্ট। আন্দোলনগুলোর নেতৃত্ব ছিল বলিষ্ঠ ও ব্যক্তিত্বসম্পন্ন। জনগণের ওপর নেতাদের নিয়ন্ত্রণ ছিল কঠোর। নেতারা সমাজের বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করে নীতি ও কর্মপন্থা নির্ধারণ করেছেন। তাঁরা যা করেছেন সকলের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে প্রকাশ্যে করেছেন, গোপনীয়তার লেশমাত্র ছিল না। সেই সব আন্দোলনের লক্ষ্য ও যৌক্তিকতা এতটাই অভ্রান্ত ছিল যে তা প্রকাশ্যে বিরোধিতা করার উপায় ছিল না সরকার ও প্রতিপক্ষের। জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টির উপাদান ছিল না সেসব আন্দোলনে। বরং তা করেছে জনগণকে ঐক্যবদ্ধ ও সংহত। তাই বায়ান্ন, বাষট্টি, ছেষট্টি ও উনসত্তরের ধারাবাহিকতায় আসতে পারে গৌরবোজ্জ্বল একাত্তর। আযাদের ফাঁসি আর মোল্লার যাবজ্জীবন অনেকের কাছেই গ্রহণযোগ্য ছিল না। তাই প্রাথমিক পর্যায়ে ব্লগারদের আন্দোলন সব স্তরের মানুষের সমর্থন পায়। দলমত-নির্বিশেষে হাজারো মানুষ শাহবাগে যায়। অনেক বাম গণতান্ত্রিক দল ওই সমাবেশকে তাদের নিজেদের দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা করে। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার সুযোগটির সদ্ব্যবহার করতে অবিলম্বে এগিয়ে আসে। প্রধান বিরোধী দল বিএনপি তাতে বিপন্ন বোধ করে। বিপন্ন বোধ করার কারণ—বছরটি নির্বাচনের। এ বছরও শেষ, সংসদের মেয়াদও শেষ। নতুন সংসদের নির্বাচন কে করবে—বর্তমান সরকার না নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার—তা নিয়ে বিরোধী দল আন্দোলন করছে। সরকার কিছু কিছু সুযোগসন্ধানী দলকে সঙ্গে নিয়ে, বিএনপিকে বাদ দিয়ে ধা করে নির্বাচনে করে ফেলতে পারে—এমন শঙ্কা বিএনপি নেতারা করে থাকতে পারেন। ব্লগারদের আন্দোলন তাতে সহায়ক হতে পারে বলে তাঁরা সম্ভবত মনে করছেন। সে জন্যই শাহবাগের ওপর তাঁরা এত ক্ষুব্ধ। যতই বন্ধুত্ব থাক, জামায়াতে ইসলামীকে বিএনপি নেতারা খুব ভালো করে চেনেন। দুবার জামায়াত তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: ১৯৮৬-র নির্বাচনের সময় এবং ১৯৯৬-র নির্বাচনের আগে। ওই সময় গোলাম আযমের নেতৃত্বে জামায়াত বিএনপির কাছ থেকে সরে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে হাত মেলায়। যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে স্কাইপ সংলাপ প্রভৃতি নিয়ে কিছু রহস্যজনক ঘটনায় সম্ভবত বিএনপির সন্দেহ হয়েছে, আগামী নির্বাচনের আগে জান বাঁচানোর জন্য জামায়াত নেতারা যদি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে, তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং দুর্নাম-বদনাম যা-ই হোক, জামায়াতকে সঙ্গে রাখতেই হবে। সে জন্য জামায়াতের ডাকা হরতাল ও সহিংস কর্মকাণ্ডে তাদের প্রচ্ছন্ন ও প্রকাশ্য সমর্থন অব্যাহত রয়েছে। খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে ফিরে সংবাদ সম্মেলনে যে বিবৃতিটি পাঠ করেছেন, তা সেখানে পড়ার আগে ঘরে বসে আরেকবার মনোযোগ দিয়ে চোখ বুলিয়ে নিলে ভালো করতেন। তাঁর দলে উচ্চশিক্ষিত ও উচ্চবুদ্ধিবৃত্তিসম্পন্ন নেতা আছেন অনেকে। তাঁদেরও ওটি পড়ে শুনিয়ে মতামত নিতে পারতেন। ওই রচনাটি যিনি মুসাবিদা করেছেন, নিশ্চয়ই তিনি আমার চেয়ে অনেক বেশি শিক্ষিত। কিন্তু রচনা লেখকের কাণ্ডজ্ঞান সম্পর্কে আমার সন্দেহ জন্মেছে। যিনিই লিখুন না কেন, লেখাটি পাঠ করেছেন খালেদা জিয়া। বক্তব্যের দায়দায়িত্ব সব তাঁর—আড়ালে থাকা রচনা লেখকের নয়। একি কোনো দায়িত্বশীল জাতীয় নেতার বক্তব্য? ‘গণহত্যা’ শব্দটি ওখানে আসে কেন? এলেও অন্যভাবে আসতে পারত। নিরপরাধ হিন্দুদের বাড়িঘরে ও মন্দিরে হামলার বিষয়ে কোনো নিন্দা নেই কেন? বড় দলের এত ক্ষুদ্রতা ও গণবিরোধী অবস্থান কেন? দু-তিন দিনে ৮০ জনের বেশি মানুষ মারা গেছে, এটা গণহত্যা নয়, তবে অবশ্যই কোনো অল্পস্বল্প হত্যাকাণ্ডও নয়। স্বাধীনতার পর এমন রক্তপাত ও প্রাণনাশ আর কোনো দিন হয়নি। খালেদা জিয়া কি দেখতে পাচ্ছেন না যে জামায়াত-শিবির অতিমাত্রায় জঙ্গি হয়ে উঠেছে। তাদের সহিংসতায় পুলিশ নিহত হচ্ছে, অন্যদিকে পুলিশের গুলিতে জামায়াত-শিবিরের কর্মী, সাধারণ মানুষসহ শিশু পর্যন্ত প্রাণ হারাচ্ছে। এজাতীয় সন্ত্রাস কোনো কাজে আসে না। জাসদ ১৭ মার্চ ১৯৭৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করেছিল। পুলিশের গুলিতে মারা যায় জনা সাতেক। তাতে জাসদের লাভ হয়নি। সরকারের ক্ষতি হয়েছে। দেশের ক্ষতি হয়েছে। সন্ত্রাসবাদী তৎপরতা যেকোনো সংগঠনকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেয়। জামায়াত-শিবির সাংবিধানিক পথে চলছে না। তারা যুদ্ধাপরাধীদের বিচারের রায়কে কেন্দ্র করে যা করছে তা গণতান্ত্রিক রাজনীতি নয়। সোজা পথের রাজনীতি নয়। এই রাজনীতির পরিণাম যে শুধু তারা ভোগ করবে তা-ই নয়, বাংলাদেশের ১৬ কোটি মানুষকে ভোগাবে। জামায়াত-শিবির নেতারা কী করতে চান, সেটা মানুষের কাছে স্পষ্ট করা উচিত। যদি তাঁরা সশস্ত্র ইসলামি বিপ্লব করতে চান—সে এক কথা। যদি ইসলামি আদর্শ বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ পথে রাজনীতি করতে চান—সে অধিকার যে কারও মতো তাঁদেরও সংবিধান দিয়েছে। যদি তাঁরা সাংবিধানিক রাজনীতি না করে ভাঙচুর জ্বালাও-পোড়াও খুনখারাবি করতে চান—তা প্রতিহত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তথা রাষ্ট্রের বাহিনী রয়েছে। কিন্তু রাষ্ট্রের সরকারও কি ঠিকমতো তার দায়িত্ব পালন করছে? পৌনে ১০০-এর বেশি মানুষ মারা গেল, হিন্দুদের বাড়ি ও মন্দির পুড়ল, সরকারের বক্তব্য কোথায়? সরকারের ক্যাডার বাহিনী কলেজের অধ্যক্ষদের পেটাচ্ছে, হরতালের সন্ত্রাসীদের প্রতিরোধ করতে পারে না। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না। সরকারি নেতারা মিটিং-মিছিলে কড়া বক্তব্য দিচ্ছেন। সরকারের অফিশিয়াল প্রেসনোট কোথায়? দেশের সংবিধান রয়েছে, সংসদ রয়েছে, নির্বাচিত সরকার রয়েছে—সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাদের ভূমিকাটা কী? হরতাল প্রতিরোধ করার ঘোষণা দিয়ে রাজপথে উল্লম্ফন করা দায়িত্বশীলতা নয়। মানুষের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করাই পবিত্র কর্তব্য। মহাজোটের ছোট দলগুলো সরকারের রসটা পান করছে, সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না। সোয়া চার বছরে ভাগ্য গড়ে নিয়েছে তারা, জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি। সরকারের তল্পি বহন করে জনগণের মাননীয় হওয়া যায় না।জামায়াতের ডাকে হরতাল হওয়ার কথা নয়। যা হতে পারে তা হলো হরতালের আগের দিন বিকেলে কিছু গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং হরতালের দিন বাস-বেবিট্যাক্সিতে আগুন দেওয়া। সেই হরতাল প্রতিরোধের জন্য যখন সরকারি দল ও তাদের সহযোগীরা কোমর বেঁধে ভোররাতে রাস্তায় নামে, তা অনাবশ্যক বাড়াবাড়ি বলে মনে হয়। জামায়াতিদের হরতাল প্রতিরোধের জন্য সাধারণ মানুষই যথেষ্ট। তার জন্য বড় দলের নেতাদের ফুটপাতে প্লাস্টিকের চেয়ার পেতে পাহারায় বসার প্রয়োজন নেই।সরকারি দলের দায়িত্ব তো বিরাট। দুর্বল ও সংখ্যালঘুদের ওপর সম্ভাব্য আক্রমণ প্রতিহত করাই তাদের প্রধান ও পবিত্র দায়িত্ব—হরতাল প্রতিরোধে নামা নয়। যেসব এলাকায় সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ হয়েছে, সেখানকার সরকারি দলের পরাক্রান্ত নেতা-কর্মীদের ভূমিকা প্রশ্নসাপেক্ষ। তারা কি সংখ্যায় ও শক্তিতে এতই কম ও দুর্বল যে ছোট দলের হামলাও প্রতিহত করতে অক্ষম। তাদের তো আইন প্রয়োগকারী বাহিনীর বিশ্বস্ত সহচর ও সহযোগী হিসেবেই কাজ করতে দেখা যায় টিভির পর্দায়।একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সব ধরনের রাজনীতিই হবে। কেউ করবেন সেক্যুলার রাজনীতি, কেউ ধর্মপন্থী রাজনীতি। কিন্তু সবই হতে হবে সাংবিধানিক পদ্ধতিতে। বাংলাদেশে যাঁরা ইসলামপন্থী ও মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি করেন ভোটের জন্য, তাঁরা জানেন না, অথবা জানলেও বিশ্বাস করেন না, যে কথা জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন: ‘ইসলামের সত্যিকার প্রাণশক্তি গণতন্ত্রবাদ, সার্বজনীন ভ্রাতৃত্ব ও সমানাধিকারবাদ।’ সাম্প্রদায়িক হিংসা-প্রতিহিংসা ইসলামের মূলনীতির পরিপন্থী। রাজপথ থেকেও টিভি চ্যানেলের মাধ্যমে এমন কিছু উচ্চারিত হচ্ছে যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। আমাদের সমাজে ব্যক্তিগত হিংসা-প্রতিহিংসা খুব সহজেই প্রতিষ্ঠা পায়। যেকোনো অপরাধের বিচার ও শাস্তির জন্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষ রয়েছে। কোনো জিনিস তা ধর্মই হোক বা সেক্যুলার বিষয়ই হোক, দেশপ্রেম বা মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাই হোক—লেবুর মতো বেশি চিপলে তা তেতো হয়ে যায়। অর্থাৎ তার আবেদন নষ্ট হয়ে যায়। উপমহাদেশের সব ধর্মের—অধিকাংশ মানুষই সমন্বয় পন্থাকেই পছন্দ করে, কোনো চরম পন্থাই তারা সমর্থন করে না। অতীতে দেখতে পাই যখন ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ শাস্ত্রীয় ধর্মের উগ্রতায় অতিষ্ঠ হয়ে উঠেছে, তখনই আবির্ভাব ঘটেছে সমন্বয়বাদী মানবতাবাদীদের। ফলে কট্টর শাস্ত্রপন্থীদের প্রভাব কমে গেছে। শাস্ত্রনিরপেক্ষ মানবপন্থী সন্ত কবীর, দাদু, নানক প্রমুখ সাধকের শিক্ষায় মানুষ উজ্জীবিত হয়েছে। যখন পূর্ববঙ্গে একদিকে হাজী শরীয়তুল্লাহ ও তার পুত্র মোহসেনউদ্দীন দুদু মিয়াদের উগ্র মৌলবাদ ‘ফরায়েজি আন্দোলন’ তুঙ্গে, তখনই আবির্ভাব লালন ফকিরের। এখনো কোনো চরম পথেই আমাদের মুক্তি নেই। সমন্বয়ধর্মী মধ্যপথই কাম্য। সামগ্রিকভাবে আমজনতা অথবা তাদের কোনো একটি অংশ হতে পারে অন্ধ, আবেগপ্রবণ, আইন অমান্যকারী ও অবিবেচক; কিন্তু সরকারকে হতে হবে বিচক্ষণ, আইন ও সংবিধানের প্রতি অনুগত ও সংবেদনশীল। বর্তমান অবস্থা থেকে মুক্তির পথ সরকারকেই খুঁজে বের করতে হবে। সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।