পথশিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবহেলিত শব্দটি পথশিশুদের জীবনের সঙ্গে যেন কোনো না কোনোভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জীবনের প্রতিটি অধ্যায়ে পথশিশুরা নানা রকম অবহেলা আর বঞ্চনার শিকার হয়। রাস্তাঘাটে এক টাকা-দুই টাকার জন্য তারা পথচারীকে অনুরোধ করে নানাভাবে। কেউ কেউ আবার কাগজ কুড়ায়। তীব্র শীতের মধ্যেও তাদের প্রায়ই গরম কাপড় ছাড়া দেখা যায়, যা সত্যিই অমানবিক ও দুঃখজনক। কেননা, এভাবে কষ্টের মধ্যে জীবনযাপন করার জন্য তো তাদের জন্ম হয়নি। স্বাধীন দেশে এই পথশিশুদেরও সমান সুযোগ-সুবিধা নিয়ে বড় হওয়ার অধিকার আছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা—এই মৌলিক চাহিদাগুলো যথোপযুক্তভাবে পাওয়ার অধিকার তাদেরও আছে। যে বয়সে তাদের বিদ্যালয়ে যাওয়ার কথা, সেই বয়সে বস্তা হাতে নিয়ে কাগজ কুড়াবে কেন?উন্নত দেশগুলোতে দেখা যায়, প্রত্যেকটি শিশুর দায়িত্ব রাষ্ট্র কোনো না কোনোভাবে পালন করে। বেশি খেয়াল রাখা হয় প্রত্যেক শিশুর সুস্থ জীবনযাপনের প্রতি। গড়ে দেওয়া হয় প্রত্যেক শিশুর ভবিষ্যৎ বিভিন্ন সুন্দর পদক্ষেপের মধ্য দিয়ে, কোনো শিশু যেন অবহেলার শিকার না হয়।এই পথশিশুদের আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না। আমরা সব সময় আগামী প্রজন্ম আগামী প্রজন্ম বলে স্বপ্ন দেখি, এই পথশিশুরাও কিন্তু সেই স্বপ্নের মধ্যে পড়ে। যদি এই পথশিশুদের ভবিষ্যৎ গড়ে দেওয়া না যায়, তবে হয়তো সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। সমান সুযোগ-সুবিধা পেলে এই পথশিশুদের মধ্য থেকে আসতে পারে দেশসেরা ব্যক্তিত্ব, যারা দেশের জন্য অনেক বেশি অবদান রেখে যেতে পারে। অনেক বড় মাপের মহান মানুষগুলোর জীবনী পড়তে গেলে এমন অনেক প্রমাণ মিলবে, যাঁরা খুব ছোট অবস্থা থেকে বড় হয়েছেন।কথায় আছে, ‘অভাবে স্বভাব নষ্ট’। নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এই পথশিশুদের ভবিষ্যৎ যদি এভাবে অনিশ্চয়তার মধ্যে প্রতিনিয়ত চলতে থাকে, তবে বৈষম্যের কারণে অপরাধপ্রবণতা বাড়তে পারে। এই পথশিশুরা দেশের সম্পদ। দেশকে এগিয়ে নিতে গেলে কিংবা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হলে এই পথশিশুদের মূল্যায়ন করতে হবে যত্নসহকারে। নানা পদক্ষেপ নিতে হবে তাদের সুন্দর ভবিষ্যতের স্বার্থে।সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।