পথে দুর্ভোগের আগাম সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবার প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, আগের দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে পুরো উত্তরাঞ্চলের সড়কপথে যোগাযোগের প্রধান মহাসড়ক এটি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট আরও দীর্ঘ: ২৫ কিলোমিটার! এই যানজট সৃষ্টি হয়েছে মহাসড়কটির গাজীপুর অংশে। আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশের ৫ কিলোমিটারজুড়ে যানজট বেঁধেছে।

ঈদের সময় সড়ক-মহাসড়কগুলোয় দীর্ঘ যানজট সৃষ্টি হতে পারে—এ রকম আশঙ্কা অনেক আগে থেকেই প্রকাশ করা হচ্ছিল। পরিবহন খাতের মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় সংবাদপত্রে ঈদের অন্তত তিন সপ্তাহ আগে থেকে সড়ক-মহাসড়কে ভোগান্তির আশঙ্কার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেসব প্রতিবেদনে সড়ক-মহাসড়কগুলোর দুরবস্থার চিত্র তুলে ধরা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, আগে থেকে যথাযথ প্রস্তুতি নিতে হবে, যাতে করে ঈদযাত্রী মানুষের দুর্ভোগ ন্যূনতম মাত্রায় রাখা যায়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট লোকজনকে নির্দেশ দিয়েছিলেন, মানুষের যেন ভোগান্তি না হয়। কিন্তু সেই নির্দেশের কী সুফল ফলল, যখন লোকজনের বাড়ি যাওয়া পুরোদমে শুরু না হতেই দেশের প্রধান তিনটি মহাসড়কে এ রকম দীর্ঘ যানজট বেঁধে গেল?

জনবহুল এই দেশে ঈদের সময় পথেঘাটে মানুষের ভোগান্তি হয়—এটাকে অনিবার্য বাস্তবতা বলে ধরে নেওয়া চলবে না। অবকাঠামো যেটুকুই থাক, তার অবস্থা যতই খারাপ হোক, এমন চেষ্টা করতে হবে, যাতে পথেঘাটে মানুষের ভোগান্তি ন্যূনতম পর্যায়ে রাখা যায়। হাইওয়ে পুলিশের আন্তরিকতা ও সক্রিয়তার দ্বারা মহাসড়কের ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী ও কার্যকর করা সম্ভব। কোন মহাসড়কের কোন অংশ বা এলাকায় যানজট লাগার আশঙ্কা বেশি থাকে, তা অভিজ্ঞতা থেকে নিরূপণ করে সেসব অংশে হাইওয়ে পুলিশ আগাম সতর্কতা নিলে পরিস্থিতির অনেক উন্নতি ঘটানো সম্ভব।

আজ থেকে পুরোদমে বাড়ি যাওয়া শুরু হবে। সড়ক-মহাসড়ক, লঞ্চঘাট-ফেরিঘাটসহ চলাচলের সব পথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর বাড়তি দায়িত্বশীলতা একান্ত প্রয়োজন।