‘ধান কাটা হয়ে গেছে কবে যেন—ক্ষেতে মাঠে পড়ে আছে খড়পাতা কুটো ভাঙা ডিম—সাপের খোলস নীড় শীত।এইসব উৎরায়ে ওইখানে মাঠের ভিতর ঘুমাতেছে কয়েকটি পরিচিত লোক আজ—কেমন নিবিড়।’অঘ্রানের শেষে যখন সত্যি মাঠে ‘ধান কাটা হয়ে গেছে’, জীবনানন্দ দাশের গ্রামবাংলা তখনো খুঁজে পাওয়া যায়। তবে কবিতার ধান কাটা মাঠের শাশ্বত রূপ দেখতে অনেকটা পথ পাড়ি দিতে হবে।পদ্মা পেরিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলা সদর থেকে পশ্চিমের পথ বেয়ে সবুজ গাছের দীর্ঘ সারি পেরিয়ে ছোট্ট বাজার আমগ্রাম। পথের দুই পাশে মেহগনি, রেইনট্রি, শিশু, গগন শিরীষ, তাল আর খেজুরগাছের সারি। পথের ওপরে বসা বাজারের প্রাত্যহিক কোলাহল, সরু রাস্তার ওপর রিকশাভ্যান, ব্যাটারিচালিত স্কুটার (ইজিবাইক), ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি (নছিমন) আর মানুষের ভিড় পেরিয়ে আরও পথ পেরোলে পথের দুই পাশে সবুজ ফসলের খেত। কয়েক সপ্তাহ আগে এই মাঠগুলোর ধান কাটা হয়ে গেছে। অনেক জমিতে ইতিমধ্যে সরষের হলুদ ফুল ফুটেছে। মৌমাছিরা উড়ছে চারপাশে। কলাই-সরষের খেত পুরো মাঠের রূপ বদলে দিয়েছে। ধান কাটার আগেই কৃষক এ মাঠগুলোতে কলাই আর সরষের বীজ ছিটিয়ে দিয়েছিল। পথপার্শ্বের খাল, নয়নজুলিগুলোয় নতুন ধানের বীজতলা তৈরি করা হয়েছে। আমগ্রাম থেকে দক্ষিণে খানিকটা পথ পেরোলে পাকুল্লাবাজার, তারপর লাউসার, লখণ্ডাবাজার, আর এ পথের দুই পাশে বিল—বিলপবানিয়া, বাঘিয়ার বিল, গয়রার বিল, বুলকি বিল, নয়ার বিল। এখনো বিলের জল শুকায়নি। এ দিকটায় কৃষকের ব্যস্ত সকাল শুরু হয় মাঠের কচুরিপানা সরিয়ে ধানের চারা লাগানোর প্রস্তুতি দিয়ে। কুয়াশা আর শীত উপেক্ষা করে বাঁশের মাথায় আঁকশি বেঁধে সারি ধরে কচুরিপানা সরানোর কাজ চলছে। শাপলা, কচুরিপানা ও কলমির ফুটে থাকা ফুল ব্যস্ত কৃষকের তাকিয়ে দেখার সময় নেই। বরং কচুরিপানা সরিয়ে বিলের মাছ, ডাহুক, বক ধরতে পারলে বাড়তি লাভ। বিলগুলোর গভীর অংশে এখনো স্বচ্ছ জলের নিচে প্রচুর মাছের ঝাঁক খালি চোখেই দেখা যায়। পানকৌড়ি, বালিহাঁসের ঝাঁক দিব্যি বিলের জলে ভেসে বেড়াচ্ছে। সাদা-ধূসর ছোটবড় বকেরও অভাব নেই। একেবারে কাছে গেলে বালিহাঁসগুলো ঝাঁক বেঁধে উড়ে খানিক দূরে গিয়ে আবার বিলের জলে নেমে আসে। জলচর পাখিদের সঙ্গে সঙ্গে ফিঙে, শালিক, বুলবুলিসহ আরও অনেক পাখির ডাকাডাকি ক্লান্তিহীন, কিন্তু তা কোলাহলের কারণ হয়নি।হিজলগাছগুলো জলে ডুবে দিব্যি দাঁড়িয়ে। এরই পাশ ঘেঁষে ছোট ছোট গ্রাম। মাঝেমধ্যে বাঁশের সরু সাঁকো বানিয়ে টিনের ঘরবাড়িগুলোকে সড়কের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বন্যার জল থেকে বাঁচতে ছোট ছোট দ্বীপের মতো উঁচু করে বানানো বাড়িগুলোর মধ্যে বর্ষা মৌসুমে যাতায়াতের প্রধান বাহন নৌকা। মানুষের বসত যেখানে, এর পাশে গাছপালায় ঘেরা ছোটবড় পুকুর। বসতবাড়ির সঙ্গে পাটখড়ি ও খড়ের গাদা। মাছের পুকুরের ওপর বা নিচু জলার ওপর মাচা করে মুরগি বা হাঁসের খামার। বাড়ির উঠোনের সঙ্গে গরুর গোয়াল। বাড়ির উঠোন বা পুকুরের ওপর মাচা করে লাউ-কুমড়া লাগিয়েছে কেউ। বাড়ির সঙ্গে খাল বা নিচু জমিতে কচুও লাগিয়েছে অনেকে। বিলের হরেক রকম মাছ ছাড়াও পুকুর বা ঘেরে চাষ করা মাছ। অতি উর্বর জমিতে প্রায় রাসায়নিকবিহীন ধান, পাট আর রবিশস্য চাষ করে এখানকার মানুষ নিজেদের মতো জীবিকা অর্জন করছে। রাজধানী ঢাকার মাছের উল্লেখযোগ্য জোগান যায় এই অঞ্চলের বিল-পুকুর আর মাছের ঘের থেকে।কদিন আগে, লাউসার বাজার থেকে লখণ্ডাবাজারের মেঠোপথ ধরে হাঁটছিলাম। সকালের কুয়াশা তখনো পুরো সরে যায়নি। পাশ দিয়েই বিলের মাছ ধরে বড় বড় ঝাঁকায় চাপিয়ে সশব্দে মাথায় নিয়ে ছুটছে জেলে। আমাদের মতো ধীরপায়ে হাঁটার সময় তার নেই। সকালেই যাদের কোথাও কাজে যেতে হবে, তারাও এ পথেই হাঁটছে। লখণ্ডাবাজার পর্যন্ত এই মাটির সড়কের কয়েক কিলোমিটার পথ হেঁটেই যেতে হয়। অনেকেই মোবাইল ফোনে গান বাজিয়ে পথ চলছে। পথের পাশের মুদির দোকানে টেলিভিশন চলছে। কেউ কেউ দোকানের সামনে বসে টেলিভিশন দেখছে। এরই মধ্যে পথের ওপর মাঝখানের হাঁটাপথ খানিকটা ছেড়ে দিয়ে ২০-২৫টি শিশু ছালা বিছিয়ে সুশৃঙ্খলভাবে বসে পড়ছে। পাশেই একটা জলচৌকিতে চাদর মুড়ি দিয়ে বসে আছেন শিক্ষক সুভাষ বালা। শিশুরা কেউ চক দিয়ে কাঠের স্লেটে বর্ণমালা লিখছে নিবিষ্ট মনে, কেউ বা উচ্চারণ করে পড়ছে শিশুপাঠ। অভূতপূর্ব দৃশ্য! সেই যেন ১৯২৯ সালে লেখা পথের পাঁচালীর প্রসন্ন গুরুমশায়ের মুদি দোকানের পাশের পাঠশালা! কেবল রঙিন টিভি আর পথচলা মানুষের কারও কারও সঙ্গে বেজে চলা মোবাইল ফোনের যান্ত্রিক গানটুকু বাদ দিলেই হলো।আমার কৌতূহলে সাড়া মিলল। সুভাষ বালা হঠাৎ পাঠশালা নিয়ে বসেননি। এখান থেকে সবচেয়ে কাছের স্কুলটিও কয়েক কিলোমিটার দূরে। বাড়ির শিশুদের এত দূরে না পাঠিয়ে তাদের মা-বাবা সুভাষ বালাকে দায়িত্ব দিয়েছেন পথের ওপর পাঠশালা নিয়ে বসতে। পথের সঙ্গেই টিনের ছোট ছোট ঘরবাড়ি। বাড়ির সামনে পাড়ার শিশুদের নিয়মিত পড়ানোর বিনিময়ে শিক্ষককে বছরের খরচের ধান দেয় শিশুদের পরিবার। এই পাঠশালায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ে শিশুরা। এরপর ওরা যায় দূরের প্রাইমারি স্কুলে। আরও জানা গেল, এদিকটায় এমন পাঠশালা আরও আছে। অবস্থাসম্পন্ন কৃষকের উঠোন বা গাছতলায় বসে সেসব পাঠশালা। আশপাশের শিশুরা আসে সে পাঠশালায়।আমাকে আবার পথ চলতে হয়। পেছনে পড়ে থাকে লাউসার লখণ্ডাবাজারের সংযোগ সড়ক নামের মেঠোপথ, আর সে পথের ওপর পাঠরত শিশুদের পাঠশালা। হেমন্তের মাঠে এখনো নীল রঙের ঘাসফুল ফুটে রয়েছে। শুকিয়ে যাওয়া ধানখেতের আইলে ফুটে আছে কলমির বেগুনি ফুল। বাদামি, লাল ও হলুদ রঙের ফড়িংগুলো ওড়াউড়ি করছে শঙ্কাহীন। ফিঙে পাখি উড়ে নিচে নেমেই আবার ওপরে উঠে যাচ্ছে কেমন অনায়াসে। এসব চেনা, কিন্তু অসাধারণ সৌন্দর্যের ভেতর দিয়ে মনে হয় কেবল হেঁটে চলি ক্লান্তিহীন।ড. মুশফিকুর রহমান: পরিবেশবিষয়ক লেখক।