সরকারি প্রশাসনের শীর্ষ পর্যায়ে পদোন্নতির মৌসুম একই সঙ্গে সরকারের অনুগত ব্যক্তিদের পুরস্কৃত করারও মৌসুম। এ বছর দ্বিতীয়বারের মতো জনপ্রশাসনে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই জনপ্রশাসনকে ‘সাজানো-গোছানো’র তৎপরতাও দৃশ্যমান। এবারের পদোন্নতির পরিণতি কি তেমনটাই হতে যাচ্ছে? এ বছরের ৮ ফেব্রুয়ারি উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত ৬৪৯ জনকে পদোন্নতি দেওয়া হয়। এতে পদোন্নতির বিধিমালা যথাযথভাবে অনুসরিত না হওয়ার কথা উঠেছিল। সেই পক্ষপাতপূর্ণ ‘গণপদোন্নতি’র ধারাবাহিকতাতেই নতুন পদোন্নতির তালিকা তৈরি হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে গত শনিবারের প্রথম আলোর সংবাদে পদোন্নতির প্রক্রিয়াটি সরকারের রাজনৈতিক নীতিনির্ধারকদের দ্বারা নির্দেশিত হওয়ার কথা বলা হয়েছে। এ ধরনের প্রক্রিয়াই প্রশাসনে বিশেষ পক্ষপাতের জন্ম দেয়। রাজনৈতিকীকরণ বা দলীয়করণ যা-ই বলি, শেষ বিচারে তা জনপ্রশাসনের কার্যকারিতাকেই ক্ষতিগ্রস্ত করে। গত বছরের শেষাশেষি চূড়ান্ত হওয়া সিভিল সার্ভিস অ্যাক্ট, ২০১১ নিয়েও বিতর্ক রয়েছে, তাতে অবাধ চুক্তিভিত্তিক নিয়োগ এবং সুরক্ষা, পদোন্নতি ও অবসরের বিধানগুলোর বিষয়েও অনুরূপ অভিযোগ উঠেছিল। চুক্তিভিত্তিক নিয়োগের অবাধ সুযোগও প্রশাসনে অনিয়ম ও বঞ্চনার জন্ম দিয়েছিল।প্রশাসনের দিক থেকে বলা হচ্ছে, ৮ ফেব্রুয়ারির পদোন্নতির তালিকায় যাঁদের নাম আসেনি, এবার তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। অতীতে বঞ্চিত ব্যক্তিদের সুযোগদানের বিষয়টিকে নতুন পদোন্নতি-প্রত্যাশীদের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না। বিশেষত, রাষ্ট্রের জনপ্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে পদোন্নতির গরমিল সমগ্র প্রশাসনের নিরপেক্ষতা ও দক্ষতাকে হুমকির মুখে ফেলে। পদোন্নতির মাধ্যমে দলীয় আনুগত্য সৃষ্টি বা পুরস্কৃত করার থেকে বড় ক্ষতি আর প্রশাসনে হয় না। তাই শুধু খালি পদের বিপরীতে এবং ন্যায্যতার ভিত্তিতেই পদোন্নতির তালিকা তৈরি করা উচিত। পদের চেয়ে কর্মকর্তা বেশি হয়ে প্রশাসনের মাথা ভারী করা কিংবা ঊর্ধ্বতনকে ডিঙিয়ে অধস্তনের পদোন্নতি পাওয়া অথবা পদ পেয়েও দায়িত্ব না পাওয়ার মতো যে ব্যাধিগুলো প্রশাসনে বিশৃঙ্খলা আনছে, তার পুনরাবৃত্তি এবার না হোক। এ ব্যাপারে রাজনৈতিক পক্ষপাতের এবং সরকারের নীতিনির্ধারকদের হস্তক্ষেপের যে কথা শোনা যাচ্ছে, তা-ও অনাকাঙ্ক্ষিত।প্রশ্ন হচ্ছে, সরকার ও প্রশাসনের কর্তাব্যক্তিরা কোনটাকে বেশি গুরুত্ব দেবেন: প্রশাসনিক পেশাদারি, নাকি নির্বাচনী প্রশাসন সাজানোকে? এ ব্যাপারে অতীতের অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। ভবিষ্যতে এই ধারা চলতে থাকলে প্রশাসনে দলবাজি যেমন জেঁকে বসবে, তেমনি দক্ষতা ও যোগ্যতা কমতে কমতে কার্যকারিতাও হারিয়ে ফেলবে, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। অতএব মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সব সরকারি কর্মকর্তার পদায়ন ও পদোন্নতি নিশ্চিত করুন। পদোন্নতির নামে রাজনৈতিক তালিকা তৈরি থেকে বিরত থাকুন।