আমাদের বাড়ি থেকে পদ্মা নদী দেখা যেত। বাংলাঘরের সামনে থেকে পদ্মার পানি পর্যন্ত ফাঁকা—ফসলের জমি। বাড়িতে বসেই দেখতাম নদীতে অগণিত নৌকা। যাত্রীবাহী প্রকাণ্ড গয়না ও ছান্দি নৌকা। ছোট ছোট জেলে ডিঙি। লঞ্চ। স্টিমার।ছোটবেলা মহাকবি মাইকেল, হেমচন্দ্র, নবীনচন্দ্র, কায়কোবাদদের কাব্যগ্রন্থ আমার আব্বা আমাকে পড়ে শোনাতেন। আমার ধু-ধু মনে পড়ে তিনি নবীন সেনের একটি কবিতা শুনিয়েছিলেন। তার শিরোনাম ‘কীর্তিনাশা’। পদ্মা নদীর কথা।আমি পরম ভাগ্যবান। বাড়িঘরও গেছে। পুরোনো দিনের বইপত্রও প্রায় সবই খোয়া গেছে। সেই কালের পদ্মাও আজ নেই। কিন্তু এতকাল পর গত শনিবার একটি ধূসর এক্সারসাইজ খাতা খুঁজে পাই। খাতার ওপরে গোটা গোটা অক্ষরে লেখা: ‘আত্মকথা’। ভেতরে কিছুটা পড়ে মনে হলো লেখিকা স্বয়ং পদ্মা নদী। জরুরি অ-কাজে কোথাও ছুটতে হবে। তাই স্তম্ভ ভরাট করতে সেখান থেকে খানিকটা তুলে দিচ্ছি:পূর্ব বাংলার মানুষের কাছে আমার নাম পদ্মা নদী। আরেক দেশে আমি অন্য নামে পরিচিত। আমার আর একটি নাম রহিয়াছে। কীর্তিনাশা। তোমরা আমাকে বলিতে পারো পদ্মা ওরফে কীর্তিনাশা। কীর্তিনাশা নামকরণের কারণ আমি হাজার হাজার বৎসর ধরিয়া বাংলার মানুষের বহু কীর্তি বিনাশ করিয়াছি। অযুত-নিযুত মানুষের ঘরবাড়ি, গরিবের কুঁড়েঘর, ধনীর অট্টালিকা, প্রাচীন বৃক্ষ, ফসলের মাঠ বিনাশ বা গ্রাস করিয়াছি। তাই আমার নাম হইয়াছে কীর্তিনাশা।আমার উত্তাল তরঙ্গের তোড়ে কত নৌযান ডুবিয়া গিয়াছে। কত মানুষের আমার বক্ষে সলিল সমাধি ঘটিয়াছে। নিঃসন্তান করিয়াছি কত নর-নারীকে। বিধবা করিয়াছি কত সদ্যবিবাহিতাকে। কত শ্বশুর-শাশুড়ি হারাইয়াছে তাহাদের জামাতা ও পুত্রবধূকে। কত ভগ্নিপতি হারাইয়াছে তাহার স্নেহের শ্যালক-শ্যালিকাকে। আমার কারণে কপাল পুড়িয়াছে কত নর-নারীর। আবার কত ভাগ্যবান তাহাদের শ্বশুর-শাশুড়িকে আমার বক্ষে হারাইয়া তাহাদের সমুদয় সম্পত্তির অধিকারী হইয়াছে। আমি কখনো মানুষের ভাগ্য গড়ি, কখনো কাহারো কপাল চুরমার করিয়া দেই। আমার কারণেই ভবিষ্যতেও কিছু মানুষের কপাল পুড়িবে।আমার জন্ম কবে তাহা শুধু হিমালয় পর্বতই জানেন। ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করিলে বাঙালির মতো একটি ভুয়া জন্মদিন বানাইয়া কেক কাটিয়া তাহা উদ্যাপন করিতে পারিতাম। মহামতি বুদ্ধের জন্মেরও বহু আগে আমার জন্ম। আমার অতীত যেমন ঘটনাবহুল, তেমনি ভবিষ্যৎও হইবে সংবাদবহুল। আমাকে লইয়া রচিত হইয়াছে কত কাব্য, কত উপন্যাস, ভবিষ্যতেও রচিত হইবে হাজারো প্রতিবেদন।অতীত ও বর্তমানের মতো ভবিষ্যতেও কি আমি শুধু মানুষের কপালই পুড়িব? মন্ত্রীর কপাল পুড়িব, রাজনৈতিক নেতাদের কপাল পুড়িব, বড় বড় প্রাপ্তির আশায় যেসব আমলা-প্রকৌশলী অধিক রাত্রি পর্যন্ত ইবাদত করেন, তাঁহাদের কপালেও কি আমি হাতুড়ি পিটাইব? আমি অগণিত জনপদ গ্রাস করিলেও, কোটি মানুষকে পথের ভিখারি বানাইলেও, কোনো দিন কাহারো বাড়া ভাতে ছাই দেই নাই। ভবিষ্যতে হয়তো কিছু মানুষের রুপার থালায় পরিবেশিত বিরিয়ানিতে ছাই ছিটাইয়া দিব।ভবিষ্যতে আমাকে লইয়া বহু ছিনিমিনি খেলা হইবে। কোনো দেশ উজানে বাঁধ দিয়া আমার পানি প্রত্যাহার করিয়া, শ্বাসরোধ করিয়া মারিবার চেষ্টা করিবে। আমার বক্ষে খাম্বা গাড়িয়া সেতু তৈরির পরিকল্পনা গ্রহণ করা হইবে। যাহারা আমার যৌবনের রূপ দেখিয়াছে তো দূরের কথা, কোনো গাঞ্জাটিয়াও কল্পনা করিতে পারিবে না যে আমার বক্ষের উপরে ব্রিজ নামক কোনো বস্তু নির্মাণ করা সম্ভব এবং আমার উপরে সেই সেতু তৈরির আগেই তাহা হইবে বিশ্ববিখ্যাত।আমার বুকের উপর দিয়া শুধু বাস, ট্রাক ও বিদেশি লরি চলিবে না, রেলগাড়িও ঝম-ঝম শব্দ করিয়া যাতায়াত করিবে।আমার উপর ব্রিজ নির্মাণকে কেন্দ্র করিয়া তুলকালাম কাণ্ড বাধিবে। এক সংস্থা দুর্নীতির অভিযোগে অর্থায়ন বাতিল করিলে, মন্ত্রীরা বলিবেন, ‘কুচ পরোয়া নাই।’ তাহারা ছুটিবেন দেশ হইতে দেশান্তরে। জাপান, চীন, আরব আমিরাত হইতে মাদাগাস্কার, মারিশাস, মঙ্গোলিয়া, মোজাম্বিক পর্যন্ত। চক্রবৃদ্ধি হারে চড়া সুদে ঋণ প্রার্থনা করিবেন। আমার বক্ষোপরি নির্মিতব্য সেতুর কারণে মন্ত্রীরা চৈত্র মাসে বলিবেন এক কথা তো আষাঢ়ে বলিবেন আরেক কথা, মরা কার্তিকে গিয়া মাথায় হাত দিয়া বলিবেন সম্পূর্ণ ভিন্ন কথা। আমার কারণেই বাঙালি জাতির তিন হাজার বছরের ইতিহাসে সব চাইতে বড় বদনাম হইবে।আমার কারণে কোনো কোনো মন্ত্রীর দশা হইবে ডি এল রায়ের নন্দলালের মতো। নন্দলাল কাহারো কোনো বিরূপ সমালোচনাকে পাত্তা দিত না। কমজোর নন্দলাল নিজেকে মনে করিত প্রকাণ্ড বীর। একদিন সে চ্যালেঞ্জ করার পরে যে দশা হয়, তা কবির ভাষায়: আমি বলি তবে রে বেটা,আয় না দেখি তবে রে বেটা,তার পরে আমায় যখনকরে দিল জুতোপেটা,আমি বলি তবে রে বেটা।[দ্বিজেন্দ্রলাল রায়, হাসির গান]আমার কারণে একবিংশ শতাব্দীতে সরকারকে অনর্গল মিথ্যা বলিতে হইবে। মানুষকে ধোঁকা দিতে হইবে। এসব ভাবিলে আমার কষ্ট হয়।এটুকুর পরে আর পাঠোদ্ধার করা সম্ভব হয়নি।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।