অবশেষে অনেক ঘাট পেরিয়ে দুদক পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছিল মর্মে একটি মামলা করেছে। এ মামলার আশু ও চূড়ান্ত ফলাফল এখনো অজ্ঞাত। আশু ফলাফল হয়তো শিগগির জানা যাবে। তা হচ্ছে প্রকল্পটিতে বিশ্বব্যাংকের অর্থায়ন। আর চূড়ান্তটি অবশ্যই দায়ী ব্যক্তিদের আইনানুগ সাজা। এখানে উল্লেখ করা যায়, বিশ্বব্যাংকের ঢাকার কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন ৮ ডিসেম্বর এক বিবৃতিতে জানিয়েছেন, ‘দুর্নীতির সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পদ্মা সেতু নিয়ে দুর্নীতি দমন কমিশন পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করলে বিশ্বব্যাংক অর্থায়নে অগ্রসর হবে। বিশ্বব্যাংক ইতিমধ্যে অনুসন্ধানের সহায়তার জন্য দুদককে বিস্তারিত তথ্য দিয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অনুসন্ধান প্রক্রিয়া শেষ করে দুদক যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তখন বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলটি একটি নতুন বিবৃতি দেবে।’ এ বিবৃতি প্রকাশের পরপরই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘পদ্মা সেতু নিয়ে আলোচনা এখনো চলছে। আলোচনা চলাকালে বিশ্বব্যাংকের ঢাকা অফিস যে বিবৃতি দিয়েছে, তা খুবই অন্যায়। এটা ফোপর দালালি। আমি পছন্দ করি না।’আমাদের অর্থমন্ত্রী ইতিপূর্বে শেয়ারবাজার ধস, হল-মার্ক কেলেঙ্কারিসহ অনেক বিষয়ে অনাকাঙ্ক্ষিত কথা বলে দেশবাসীকে হতাশ করেছেন। এমনকি মন্ত্রিসভা, সংসদ ও দলের সভাতেও তাঁর এ-জাতীয় বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে। ক্ষেত্রবিশেষে তিনি দুঃখ প্রকাশ করে বক্তব্য প্রত্যাহার করেছেন। তবে পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে অর্থায়ন বিষয়ে চরম টানাপোড়েনেও তিনি সংযম হারিয়েছেন—এমনটা বলা যাবে না। তবে এবার এটা কেন ঘটল, ভেবে বিস্মিত হতে হয়। অ্যালেন গোল্ডস্টেইনের এই বিবৃতিটি সময়োপযোগী কি না, এ প্রশ্ন তিনি হয়তো করতে পারেন। তবে এটা তো সবার জানা, ঋণচুক্তি বাতিলের পর তিনিসহ সরকারের কতিপয় উঁচু পদে আসীন ব্যক্তির অবিচল নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমে বিশ্বব্যাংক পুনরায় অর্থায়নে যেসব শর্তে রাজি হয়, তার প্রধান বিষয় কিন্তু অ্যালেন গোল্ডস্টেইনের বিবৃতিটি। এটাকে তিনি নতুনভাবে স্মরণ করিয়ে দিয়েছেন। হয়তো বা ভিন্নতর কিছু আশঙ্কা থেকে। এটাকে অর্থমন্ত্রী ‘ফোপর দালালি’ বলে বাংলা বিস্মৃত প্রায় বাগ্ধারাটি নতুনভাবে সামনে আনলেন। এর প্রকৃত অর্থ খুঁজে নিতে এ নিবন্ধকারসহ অনেককেই অভিধান কিংবা লায়েক বন্ধুদের সহায়তা নিতে হয়। এর সহজ অর্থ হচ্ছে উপযাচক হয়ে অন্যের ব্যাপারে হস্তক্ষেপ ও বৃথা মাতব্বরি। এ প্রকল্পে বিশ্বব্যাংক ২৯০ কোটি ডলার প্রাক্কলিত ব্যয়ের ১২০ কোটি ডলার নগণ্য সুদে ঋণসহায়তা দিতে সম্মত। চুক্তি বাতিলের পর পুনর্বহালের অন্যতম শর্ত বাংলাদেশের আইনে এর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত এবং আইনের আওতায় আনা। এটা গোপনীয় শর্ত নয়। পুনর্বহাল-সংক্রান্ত আলোচনার পর বিশ্বব্যাংক সদর দপ্তর এ ধরনের বিবৃতিই দিয়েছিল। তাহলে তাদের কান্ট্রি ডিরেক্টরের এটা স্মরণ করিয়ে দেওয়া ‘ফোপর দালালি’ বলা যায় কীভাবে?বিশ্বব্যাংকের গঠিত আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল এযাবৎ দুই দফা ঢাকায় এসেছে। প্রথম দফায় তারা দুদককে দেওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পরামর্শ দেয়। দ্বিতীয় দফায় বিভিন্ন অমীমাংসিত বিষয় তুলে ধরে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে তদন্তের জন্য আবারও পরামর্শ দেয়। জানা যায়, দুদকের অনুসন্ধানী প্রতিবেদনের যথার্থতা তেমন প্রশ্নবিদ্ধ হয়নি। গোল বেধেছে কয়েকটি নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়া নিয়ে। এ ধরনের বাদ দেওয়া বা না দেওয়া নিয়ে অ্যালেন গোল্ডস্টেইন বিচলিত হতেই পারেন। কেননা, এ প্রকল্পটি দুর্নীতি-সংক্রান্ত বিশ্বব্যাংকের অভিযোগ সম্পর্কে প্রথম থেকে দুদক যে ভূমিকা রেখে চলছে; তাতে তারা বর্তমান পর্যায়ে সঠিক পথে চলতে পারবে কি না এ বিষয়ে তিনি শুধু নন, বলা বাহুল্য সংশয়বাদী দেশের অনেকেই। আর সংশয় বদ্ধমূল হলো দুদকের ১৭ ডিসেম্বর দায়ের করা এজাহারের অভিযুক্ত ব্যক্তিদের নাম জেনে। সে এজাহারে ঘটনার বর্ণনায় সাবেক যোগাযোগমন্ত্রী এবং সাবেক একজন প্রতিমন্ত্রীসহ ১০ জনের প্রসঙ্গ উল্লেখ থাকলেও যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ নেই বলে তাঁদের নাম অভিযুক্ত তালিকায় আসেনি। অবশ্য তাঁরা সন্দেহভাজন বলে বিবরণীতে উল্লেখ রয়েছে। এটাই দুদকের পক্ষে স্বাভাবিক বলে ধারণাটি প্রবল। তবে সবার জানা যে এ অভিযোগের সূত্র ধরেই তদানীন্তন যোগাযোগমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। উল্লেখ করা যৌক্তিক হবে যে এজাহার দায়েরের পরও নিবিড়ভাবে তদন্ত কার্যক্রম চালিয়ে প্রকৃত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সুযোগ রয়েছে। সুযোগ আছে সাক্ষ্য-প্রমাণ অপর্যাপ্ত মনে হলে কারও নাম এজাহারে থাকলেও অভিযোগপত্র থেকে তাকে বাদ দেওয়ার। দুদক সে প্রচেষ্টা নেবে বলেও জানিয়েছে।আমরা অনেকে ভুলে যাইনি পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ-প্রক্রিয়াটিতে ২২ মাস সময় ব্যয় করা হয়। তিনবার রদবদল করা হয় মূল্যায়ন কমিটি। অভিযোগ রয়েছে, সে কমিটির সামনেও যথাযথ তথ্যাদি দেওয়া হয়নি। এসএনসি-লাভালিন নামের একটি কানাডীয় প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগের সিদ্ধান্ত হয়। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় যোগ্যতার ঘাটতি রয়েছে। বিশ্বব্যাংকের তরফ থেকে অভিযোগ আসে, এ বিতর্কিত প্রতিষ্ঠানটিকে কাজ পাইয়ে দিতে কিছু ব্যক্তি (তাদের মধ্যে সরকারি উঁচু পদে আসীন ব্যক্তিও আছেন) অবৈধ আর্থিক লেনদেনের একটি বোঝাপড়াও করে। এ ধরনের লেনদেনের সমঝোতা আমাদের আইনেও দণ্ডনীয় অপরাধ। তবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান বিশ্বব্যাংক সদর দপ্তরকে এসব তথ্য জানালে তাদের অনুরোধে কানাডার পুলিশ এসএনসি-লাভালিনের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে গ্রেপ্তার ও কিছু আলামত জব্দ করে। এরই ভিত্তিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্বব্যাংক অনুরোধ জানায় বাংলাদেশ সরকার ও দুর্নীতি দমন কমিশনকে। একপর্যায়ে স্থগিত হয় ঋণচুক্তি। তখনো দুদক একটি তদন্ত করে। তবে কোনো ব্যবস্থা নিয়েছিল কি না, তা অজ্ঞাতই থেকে যায়। যেন কিছুই হয়নি। বিশ্বব্যাংকের আরও অনুরোধ ছিল কতিপয় উচ্চ পদাধিকারীকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে অব্যাহতি কিংবা ছুটিতে পাঠাতে হবে। সেই অনুরোধে সরকার যথাসময়ে সাড়া দেয়নি। একপর্যায়ে গত জুনের শেষে বিশ্বব্যাংক চুক্তিটি বাতিল করে দেয়। সরকারের টনক নড়ল। অর্থমন্ত্রীসহ দায়িত্বশীল ব্যক্তিদের নিষ্ঠা আর পরিশ্রমে কতিপয় শর্তে বাতিল চুক্তিটি পুনর্বহালে সম্মত হয় বিশ্বব্যাংক। আমরা পানি খেলাম, কিন্তু ঘোলা করে। তবে যখন সব ঠিক হয়ে যাচ্ছিল, তখন এসব কেন ঘটছে? বলার অপেক্ষা রাখে না দুদকের অনুসন্ধানে কেউ নিরপরাধ বিবেচিত হলে তাকে মামলায় অভিযুক্ত করতে হবে—এমন দাবি কেউ করছে না। পদ্মা সেতুতে অর্থায়নের জন্য দুদক কারও চাপের মুখে কিছু করুক, এমন কথাও কেউ বলবে না। তবে দুদকের অনুসন্ধান প্রতিবেদনটি (হতে পারে সেটি খসড়া) প্রায় গোটাটাই চলে এসেছে ১০ ডিসেম্বরের ঢাকার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এ। এতে কার কী ভূমিকা ছিল আর লেনদেন সমঝোতায় কার হিস্যাই বা কত, তার উল্লেখও রয়েছে। সেখানে মূল ভূমিকায় যিনি বা যাঁরা ছিলেন, তাঁদের কাউকে বাদ দিলে মামলাটি কি গুরুত্বই হারিয়ে ফেলবে না? তদুপরি বিশ্বব্যাংক যদি আমাদের এ কার্যক্রম অগ্রহণযোগ্য বলে মনে করে, তাহলে আমাদের মূল লক্ষ্যও অর্জিত হবে না। সেতুর পরামর্শক নিয়োগ নিয়ে দুর্নীতি চেষ্টার অভিযোগটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করতে আমরা বিশ্বব্যাংকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। অবশ্য শুধু তাদের কথাতে কাউকে অভিযুক্ত করতে হবে এমন নয়। এটি হয়তো বলা যায়, যেসব তথ্য এখনতক এসেছে, তা মামলা প্রমাণের জন্য যথেষ্ট না-ও হতে পারে। জোর তদন্ত করলে তো সেসব তথ্যও জানা সম্ভব। অন্যদিকে এটাও সবাই জানেন যে অবৈধ অর্থের লেনদেন রসিদ দিয়ে হয় না। এসব লেনদেনের কথাবার্তাও হয় না মাইক্রোফোনে। পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনায় নিলে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। কার নির্দেশে তিন-তিনবার মূল্যায়ন কমিটিতে পরিবর্তন এল, হলো সময়ক্ষেপণ, কাজ দেওয়ার জন্য নির্ধারিত হলো একটি অযোগ্য প্রতিষ্ঠান—সেটা চুলচেরা বিশ্লেষণ করলেই দেখা যাবে কিছু ব্যক্তির সুবিধা গ্রহণের জন্য এমনটা হয়েছে। সুতরাং তাদের আইনের আওতায় নেওয়াই তো যৌক্তিক। এ সেতুর অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বোঝাপড়া একটি জটিল প্রক্রিয়ায় রয়েছে। তাই তাদের আস্থায় রাখতেই আমাদের প্রচেষ্টা নিতে হবে। মামলা করার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক এখনই কোনো নেতিবাচক ভূমিকা নেবে না বলেই ধারণা করি। পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযোগপত্রে নাম সংযোজন-বিয়োজনে আইনি সুযোগ রয়ে গেছে। মামলা করার পর বিশ্বব্যাংক ইতিবাচক সাড়া দেবে বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন। তবে দুদকের সীমাবদ্ধতা সম্পর্কে যে ধারণাটি ছিল, তা কিন্তু কাটছে না। উল্লেখ করা যায়, বাংলাদেশে দুর্নীতিমূলক কার্যক্রমের বিরুদ্ধে অনুসন্ধান, তদন্ত, অভিযোগপত্র দাখিল ও মামলা প্রমাণের চেষ্টার একমাত্র কর্তৃপক্ষ দুদক। আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি স্বাধীন প্রতিষ্ঠান। আগের দুর্নীতি দমন ব্যুরো এবং এতদসংক্রান্ত আইন অকার্যকর হয়ে পড়লে দেশের সুশীল সমাজের জোর দাবি ও উন্নয়ন-সহযোগীদের চাপের মুখেই ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন আইন বলবৎ হয়। পর্যাপ্ত তাদের ক্ষমতা। এ পর্যন্ত তিনটি কমিশন গঠিত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তিনটি কমিশনের কোনোটি প্রত্যাশার সঙ্গে সংগতি রাখতে পারেনি। এককথায় বলা যায়, প্রথমটি ছিল নিষ্ক্রিয়, দ্বিতীয়টি অতি সক্রিয় এবং বর্তমানটিকে সরকারের একটি সম্প্রসারিত অঙ্গের মতোই মনে হয়। পদ্মা সেতু নির্মাণে দুর্নীতিসংক্রান্ত অভিযোগেও তারা এ ধারণাটিকে জোরদার করেছে। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির প্রশ্নে দুদক যথাযথ ভূমিকা রাখতে পারবে কি না, এ সংশয়টি তারাই সৃষ্টি করেছে। প্রথমেই কোনো দুর্নীতি হয়নি বলে মন্তব্য, ঋণচুক্তি বাতিলের পর সরকারের আগেই বিশ্বব্যাংক সম্পর্কে নেতিবাচক বিবৃতি আর এখন তাদের তদন্ত বিবরণীতে যাঁদের নাম এসেছে, তাঁদের কয়েকজনকে অভিযুক্ত না করায় দুদকের যথার্থ ভূমিকা সম্পর্কে অনেকেই সন্দিহান। দুদক গঠনের দাবি ছিল সর্বজনীন। আইন দ্বারা তা গঠিতও হয়েছে। তিনটি কমিশনকে পেল দেশবাসী। তবে মনে হয় আমরা মরীচিকার পেছনেই ছুটছি। রবীন্দ্রনাথ তাঁর ‘মরীচিকা’ কবিতায় তিনবার একটি পঙিক্ত ব্যবহার করেছেন। তা হচ্ছে: ‘আমি যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না।’ আমরা হয়তো বা ভুল করে স্বাধীন দুদক চাইনি। তবে যা চেয়েছিলাম তা কিন্তু পাইনি। এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব। [email protected]