পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) যখন এজাহার থেকে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নাম বাদ দিয়েছিল, তখন দুর্নীতির এই অনুসন্ধান-প্রক্রিয়া ও দুদকের নিরপেক্ষতা নিয়ে সংগত কারণেই প্রশ্ন উঠেছিল। বিশ্বব্যাংকের নিয়োজিত যে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল দুদকের অনুসন্ধান কার্যক্রম পর্যবেক্ষণ করেছে, তারাও জানিয়ে দিয়েছে যে তদন্ত পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ হচ্ছে না। এটা বলতেই হবে যে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানের যে দায়িত্ব দুদকের ওপর পড়েছিল, তা পালনে তারা ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের পক্ষ থেকে দলটির প্রধান দুদক চেয়ারম্যানকে যে চিঠি দিয়েছেন, তাতে এর তদন্ত কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করে বলা হয়েছে, অনুসন্ধানে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে বলা যায় যে সাবেক যোগাযোগমন্ত্রীসহ চারজন সরকারি কর্মকর্তা দুর্নীতির ষড়যন্ত্রে জড়িত রয়েছেন। ফলে চারজনের বিরুদ্ধেই মামলা হওয়া উচিত ছিল বলে তাঁরা মনে করেন। সেটা না হওয়ায় বিশেষজ্ঞ প্যানেল মনে করছে যে দুদক পূর্ণাঙ্গ ও স্বচ্ছভাবে তদন্ত করছে না।বিশেষজ্ঞ প্যানেল দুদকের কাছে বেশ কিছু প্রশ্ন তুলে ধরার পাশাপাশি কিছু বিষয়ে ব্যাখ্যাও চেয়েছে। বিশেষজ্ঞ প্যানেলের চিঠিতে দুদকের দুর্নীতি অনুসন্ধানের যে প্রাথমিক তথ্য প্রকাশ পেয়েছে, তাতে দেখা যাচ্ছে যে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের সঙ্গে কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের প্রতিনিধিদের বৈঠক হয়েছে এবং সেখানে মন্ত্রীকে ৪ শতাংশ ও সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে ১ শতাংশ ঘুষ দেওয়ার বিষয়টি ঠিক হয়। সেই বৈঠকে উপস্থিত এক প্রতিনিধির ডায়েরিতে ঘুষের এই হারের উল্লেখ পাওয়া গেছে। এই বৈঠকের পরপরই আর্থিক প্রস্তাবের বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা এসএনসি-লাভালিনকে কাজ দিতে সুপারিশ করা হয়। দুদক সেতুসচিবের বিরুদ্ধে মামলা করলেও মন্ত্রীকে অভিযুক্ত হিসেবে বাদ দিয়েছে এই যুক্তিতে যে, ‘তদন্ত শুরু করার জন্য শুধু সন্দেহই যথেষ্ট নয়’। বিশেষজ্ঞ প্যানেল দুদকের এই অবস্থান খণ্ডন করে বলছে যে বাংলাদেশের আইন অনুযায়ী তদন্ত শুরু করার জন্য ‘যুক্তিসংগত সন্দেহ’ যথেষ্ট। আমরা মনে করি, যোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে এই দুর্নীতি ষড়যন্ত্রের ঘটনায় মন্ত্রীর বিরুদ্ধে যুক্তিসংগত সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে।আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের কাছে দুদক স্বীকার করেছে যে রাজনৈতিক হট্টগোলের আশঙ্কায় এজাহারে মন্ত্রী আবুল হোসেনের নাম দেওয়া হয়নি। যদি তা-ই হয়, তবে তো দুদকের স্বাধীন অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে, রাজনৈতিকভাবে শক্তিশালী ও প্রভাবশালী কারও বিরুদ্ধে মামলা করার সাহসই তো তবে প্রতিষ্ঠানটির নেই! দুদকের এই অবস্থান বিশেষজ্ঞ প্যানেলকে ‘মর্মাহত’ করেছে। আর আমরা মনে করি, দুদকের এই অবস্থান পুরো দেশকে লজ্জার মধ্যে ফেলে দিয়েছে।দীর্ঘদিন ধরেই এটা লক্ষণীয় যে, সরকার অভিযুক্ত এক ব্যক্তিকে বাঁচাতে এতটাই মরিয়া যে, পুরো দেশ ও জনগণের স্বার্থও এখানে তুচ্ছ হয়ে গেছে। আমরা আবারও আশা করব, সরকার এ অবস্থান থেকে সরে আসবে আর দুদক নিরপেক্ষভাবে কাজ করার সাহস অর্জন করবে। কেননা, তাদের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের ওপরই পদ্মা সেতুর ভবিষ্যৎ নির্ভর করছে।