পদ্মা সেতুর অর্থায়নের বিষয়টি ঠান্ডা মাথায় ভাবা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক বিদ্যুৎসচিব ড. এম ফাওজুল কবির খান তাঁর সরকারি চাকরি শেষে এখন অধ্যাপনা করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। ২০০৯ সালে তিনি এ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসে যোগ দিয়েছেন। ১৯৮৯ সালে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ফাওজুল কবির এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক অর্থনীতির ওপর মাস্টার্স ডিগ্রি নেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পসহ যমুনা সেতুর অর্থনৈতিক মূল্যায়ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনিসহ অর্থনীতিবিদদের এই মূল্যায়নের ওপর ভিত্তি করেই বিশ্বব্যাংক যমুনা সেতু নির্মাণে অর্থায়নে এগিয়ে এসেছিল। এর বাইরেও বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে বিভিন্ন ঋণ সমঝোতার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক জার্নালে প্রকাশিত হয়েছে তাঁর লেখা বিভিন্ন প্রবন্ধ। রবার্ট জে পারার সঙ্গে যৌথভাবে লেখা বই ফিন্যান্সিং লার্জ প্রজেক্টস বর্তমানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যবই হিসেবে পড়ানো হচ্ছে। বইটি সম্প্রতি চীনা ভাষায়ও অনূদিত হয়েছে।  সাক্ষাৎকার নিয়েছেন এ কে এম জাকারিয়াপ্রথম আলো  বড় প্রকল্পে অর্থায়নের ব্যাপারে আপনার এক ধরনের বিশেষজ্ঞ জ্ঞান রয়েছে। আপনি ফিন্যান্সিং লার্জ প্রজেক্টস নামের একটি বইয়ের যৌথ লেখক। আমাদের দেশের পদ্মা সেতু নির্মাণের বিষয়টিও একটি বড় প্রকল্প। এ ধরনের একটি প্রকল্পের মূল দিকগুলো কী কী?এম ফাওজুল কবির খান  এ ধরনের বড় প্রকল্পের তিনটি দিক হচ্ছে আসল। অর্থায়ন, কারিগরি দিক ও বাস্তবায়ন। পদ্মা সেতু আর্থিক দিক দিয়ে তিন বিলিয়ন ডলারের একটি বড় প্রকল্প। এর মধ্যে ২ দশমিক ২ বিলিয়ন ডলারই বৈদেশিক ঋণ-সহায়তা হিসেবে পাওয়ার কথা ছিল। এই প্রকল্পের কারিগরি দিকটি চূড়ান্ত হয়েছে। যেটা বাকি ছিল তা হচ্ছে, কাজ শুরু করে দেওয়া। বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে প্রতিশ্রুত ঋণ-সহায়তার চুক্তি বাতিল করার পর এখন পুরো বিষয়টিই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য যেহেতু ৭৫ শতাংশ বৈদেশিক মুদ্রার ওপর নির্ভর করতে হবে, সে কারণে বিষয়টি কঠিন এক বাস্তবতার মধ্যে পড়েছে।প্রথম আলো  সরকার তো নিজেদের অর্থে বা বিকল্প অর্থায়নের মাধ্যমে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে।এম ফাওজুল কবির খান  পদ্মা সেতু নির্মাণে যে পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন পড়বে, তা যদি বাজারের সুদে ঋণ নিতে হয়, তবে সেতু নির্মাণের ব্যয় অসম্ভব বেড়ে যাবে, দায়টাও অনেক বাড়বে। বিশ্বব্যাংকের কাছ থেকে সহজ শর্তে ৪০ বছরের ঋণ পাওয়ার প্রতিশ্রুতি ছিল। এ অর্থ অন্য যেকোনো সূত্র থেকে জোগাড় করতে গেলেই খরচ ও দায় দুটোই বেড়ে যাবে। আমার ধারণা, প্রতিবছর আমাদের বাড়তি ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ডলার দায় পরিশোধ করতে হবে। এতে বেসরকারি আমদানি ও বৈদেশিক মূদ্রার বিনিময় হারের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। যদি শেষ পর্যন্ত বিশ্বব্যাংককে বাদ দিয়ে অন্য কোনো সূত্র থেকে অর্থ জোগাড় করতে হয়, তবে সব মিলিয়ে অতিরিক্ত যে ব্যয় দাঁড়াবে তার পরিমাণ নিট বর্তমান মূল্যে এক বিলিয়ন ডলার। ফলে এ ধরনের উদ্যোগ কতটুকু বাস্তবসম্মত হবে, সেটা আমাদের ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখতে হবে।প্রথম আলো  বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে সরকার নিজস্ব রিজার্ভ ব্যবহার করার কথাও বলেছে।এম ফাওজুল কবির খান  আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট নয়। মাত্র ১০ বিলিয়ন ডলার। এই রিজার্ভ দিয়ে আমাদের মাস তিনেকের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আমাদের যদি ট্রিলিয়ন ডলারের রিজার্ভ থাকত, সে ক্ষেত্রে হয়তো তা ভেঙে পদ্মা সেতু নির্মাণের কাজে লাগানো যেত। এই সীমিত রিজার্ভে হাত দেওয়াটা ঝুঁকিপূর্ণ হবে। আর তা কোনোভাবে সংগতও হবে না। বৈদেশিক মুদ্রা রিজার্ভের মূল বিষয় হচ্ছে, বৈদেশিক বাণিজ্য ও দায়-দেনা মেটানোর কাজে ব্যবহারের জন্য।প্রথম আলো  সরকার অভ্যন্তরীণ বিভিন্ন খাত থেকে অর্থ সংগ্রহ ও ঋণ নেওয়ার যে পরিকল্পনার কথা বলছে, তা কতুটুকু যুক্তিসংগত?এম ফাওজুল কবির খান  সরকার যদি দেশের ভেতর থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নেয়, তবে আমানতের ওপর বড় চাপ পড়বে। সরকার নিজে এভাবে অর্থ সংগ্রহ করলে বেসরকারি খাতের ঋণ নেওয়ার অর্থ কমে যাবে। ফলে সুদের হারও বেড়ে যেতে পারে। দেশের সামগ্রিক অর্থনীতি ও বিনিয়োগ পরিস্থিতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।প্রথম আলো  পদ্মা সেতুর জন্য বিভিন্ন ক্ষেত্রে কর বা সারচার্জ আরোপ করার কথা শোনা যাচ্ছে। অনেক প্রতিষ্ঠান চাঁদা দেওয়ার কথা বলছে। এসব উদ্যোগ কতটুকু কাজে লাগবে?এম ফাওজুল কবির খান  আসলে এত বড় প্রকল্পে স্বেচ্ছা অনুদান কতটুকু কাজে আসবে, তা বিবেচনা করে দেখার বিষয়। কোনো প্রাকৃতিক বা মানবিক বিপর্যয়ের মতো সাময়িক কোনো বিষয়ে এ ধরনের স্বেচ্ছা অনুদান হয়তো ভূমিকা রাখতে পারে, কিন্তু পদ্মা সেতুর জন্য এভাবে অর্থ সংগ্রহের বিষয়টি খুব কাজে দেবে বলে মনে হয় না। আমি মনে করি, দেশের মধ্যে অর্থ সংগ্রহ করতে হলে তা প্রাতিষ্ঠানিকভাবেই সংগ্রহের উদ্যোগ নেওয়া উচিত। সারচার্জ ধরনের কিছু হতে পারে। যমুনা সেতুর সময় এটি নির্মাণের জন্য সারচার্জ নেওয়া হয়েছিল। ১৯৮৫ থেকে ’৯০/৯১ সময়কাল পর্যন্ত যে সারচার্জ আদায় হয়েছিল, তার পরিমাণ আনুমানিক ৫৭০ কোটি টাকার মতো। এটাকেও খুব বড় অঙ্কের টাকা বলা যাবে না।প্রথম আলো  সরকার বিভিন্ন প্রকল্প কাটছাঁট করে সেসব খাত থেকে অর্থ বাঁচানের চেষ্টার কথাও বলেছে।এম ফাওজুল কবির খান  আমার অভিজ্ঞতা বলে যে এ ধরনের উদ্যোগ সফল হওয়ার সুযোগ কম। সরকার যেসব প্রকল্প হাতে নেয়, তাতে অনেক রাজনৈতিক বিচার-বিবেচনা কাজ করে। সরকার চাইলেও এ ধরনের কিছু তুলনামূলক কম প্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে পারবে না। ফলে উল্টো হয়তো দেখা যাবে যে এসব করতে গিয়ে কিছু প্রয়োজনীয় ও ভালো প্রকল্প বাদ পড়ে গেছে।প্রথম আলো  শুধু অর্থের জন্যই কি বিশ্বব্যাংকের প্রয়োজনীয়তা পদ্মা সেতু প্রকল্পে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? এর বাইরেও বিশ্বব্যাংকের এই প্রকল্পে সংশ্লিষ্টতার অন্য কোনো গুরুত্ব রয়েছে কি?এম ফাওজুল কবির খান  দেখুন, একটি বড় প্রকল্পে অনেক ঝুঁকি থাকে। আর্থিক ঝুঁকি ও কারিগরি ঝুঁকি। অর্থের বাইরেও বিশ্বব্যাংকের কারিগরি দক্ষতা রয়েছে। কোনো প্রকল্পে এ ধরনের একটি প্রতিষ্ঠানের যুক্ত থাকার অর্থ হচ্ছে ঝুঁকিটা অনেকটাই ভাগাভাগি হয়ে যাওয়া। দাতা সংস্থা যুক্ত না থাকলে পুরো ঝুঁকিটাই সরকারের ওপর পড়ে। চীনের মতো দেশের নিজেদের অর্থে অনেক প্রকল্প করার সামর্থ্য রয়েছে। বাইরের দেশেও তারা নানা প্রকল্প বাস্তবায়ন করে। এর পরও তারা বিশ্বব্যাংক বা এ ধরনের বড় প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ-সহায়তা নেয় ঝুঁকি ভাগ করে নেওয়ার জন্য।প্রথম আলো  বিশ্বব্যাংক যদি শেষ পর্যন্ত অর্থায়ন না করে, তবে অন্য দাতা বা ঋণদাতা সংস্থার কাছ থেকে ঋণ পাওয়ার সম্ভাবনা কতটুকু? যেমন—এডিবি বা জাইকা।এম ফাওজুল কবির খান  বিশ্বব্যাংক যদি এ প্রকল্প থেকে একেবারেই সরে যায়, তবে এডিবি বা জাইকার মতো প্রতিষ্ঠান কতটুকু এগিয়ে আসবে বা এর সঙ্গে সম্পৃক্ত থাকবে—তা নিয়ে আমার সংশয় রয়েছে। কারণ, প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে বিশ্বব্যাংকের যে দক্ষতা রয়েছে তার ওপর নির্ভর করেই সাধারণত তারা এ ধরনের প্রকল্পে যুক্ত হয়। এখন বিশ্বব্যাংক সরে গেলে তারা ঋণ দেবে কি না, সেটা বলা কঠিন। এ ছাড়া মনে রাখতে হবে যে বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ঋণের অঙ্কটাই সবচেয়ে বড় এবং এর শর্তও সবচেয়ে সহজ।প্রথম আলো  অর্থায়নের বাইরে আর যে দিকটি রয়েছে তা হচ্ছে বাস্তবায়ন। সরকার বলেছে যে তারা নিজস্ব খাত থেকে আপাতত অর্থের সংস্থান করবে এবং পদ্মা সেতুর কাজ নিজেরাই শুরু করে দেবে। অর্থ সমস্যার কথা যদি আমরা আপাতত ভুলে যাই, বাস্তবায়নের ক্ষেত্রে কি সরকার কোনো সমস্যায় পড়বে?এম ফাওজুল কবির খান  পদ্মা সেতু প্রকল্প যেভাবে হওয়ার কথা ছিল, অর্থাৎ বিশ্বব্যাংকসহ দাতাদের প্রতিশ্রুত অর্থ পাওয়া গেলে এটা সবার কাছে পরিষ্কার থাকত যে এই প্রকল্পের জন্য তিন বিলিয়ন ডলার হাতে আছে। এখন যদি সরকার নিজেদের অর্থে শুরু করে, তবে আন্তর্জাতিক যেকোনো দরপত্রে অংশ নেওয়ার ক্ষেত্রে সেরা প্রতিষ্ঠানগুলো ইতস্তত করবে। অথচ পদ্মা সেতু যে ধরনের একটি প্রকল্প, সেখানে বিভিন্ন কাজে বিশ্বের সবচেয়ে সেরা প্রতিষ্ঠানের অংশগ্রহণের বিষয়টি খুবই জরুরি। যেমন ধরুন, এ জন্য নদীশাসন করতে হবে। এ কাজে দক্ষ ও অভিজ্ঞ একটি সেরা প্রতিষ্ঠানকেই এ কাজে যুক্ত করতে হবে। বিশ্বব্যাংক এই প্রকল্পে যুক্ত থাকলে কাজটি যত সহজ হতো, এখন তা হবে না।প্রথম আলো  বর্তমান পরিস্থিতিতে এখন সরকারের করণীয় কী বলে আপনি মনে করেন?এম ফাওজুল কবির খান  যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা কানাডায় তদন্ত হচ্ছে। যদি সেখানকার আদালতে প্রমাণিত হয় যে দুর্নীতি হয়নি, তখন কী হবে? কিন্তু এই ফলাফল পাওয়ার জন্য তো সময় লাগবে। আমাদের তো এ ক্ষেত্রে অপেক্ষা করার সুযোগ নেই। আমি মনে করি, বিশ্বব্যাংক যে অভিযোগ করেছে, তা আমলে নিতে হবে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দেশের স্বার্থে চলে যেতে পারেন। কারও বিরুদ্ধে অভিযোগ ওঠা মানেই তিনি দোষী নন। যাঁরা পাবলিক সার্ভিসে কাজ করেন, তাঁদের প্রয়োজনে সরে যাওয়ার মানসিকতা থাকতে হবে। এ ধরনের সরে যাওয়ার মধ্যে গ্লানির কোনো ব্যাপার নেই। অনেক সময় নানা কারণে অভিযোগ উঠতে পারে। যেমন ধরুন, কেউ দরপত্রে যোগ্য না হয়েও অভিযোগ তুলতে পারেন। ভবিষ্যতে প্রমাণিত হবে যে দুর্নীতি হয়েছে কি, হয়নি। সরকারের উচিত দুর্নীতির অভিযোগ আমলে নেওয়া এবং অভিযুক্তদের উচিত দেশের স্বার্থে সরে যাওয়া। একই সঙ্গে সরকারের কাজ হচ্ছে বিশ্বব্যাংকের কাছে এ ব্যাপারে নতুন করে আবেদন করা। পদ্মা সেতুর সঙ্গে দেশের জনগণের স্বার্থ জড়িত। সব কাজ ও প্রস্তুতি শেষ হওয়ার পর এই প্রকল্প থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়ার বিষয়টি দুর্ভাগ্যজনক।প্রথম আলো  বিশ্বব্যাংক ছাড়া কি তবে এই সেতু নির্মাণ সম্ভব নয়?এম ফাওজুল কবির খান  এভাবে দেখার সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি যা বলতে চাইছি তা হচ্ছে, পুরো বিষয়টিকে বাস্তবসম্মতভাবে চিন্তা করে দেখা। এ জন্য শুরুতেই আমাদের এ নিয়ে বাগ্যুদ্ধ থামাতে হবে। এ ক্ষেত্রে সরকার ও বিশ্বব্যাংক উভয় পক্ষকেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। নিজেদের অর্থে পদ্মা সেতু করি বা দাতাদের কাছ থেকে টাকা নিয়েই করি, অহেতুক নানা বিতর্ক থামিয়ে আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে। পুরো বিষয়টি মূল্যায়ন করতে হবে। যদি নিজেদের অর্থে করতে হয়, তবে আমাদের প্রতি অর্থবছরে এর ওপর কী চাপ পড়বে তার একটি হিসাব-নিকাশ করতে হবে। সে চাপ সামলানো সম্ভব কি না বা কীভাবে সম্ভব, তা দেখতে হবে। আমি মনে করি, সবার আগে এই মূল্যায়নটা জরুরি। সেটা করার আগে এ নিয়ে তর্ক-বিতর্ক করা অর্থহীন। সবটা মিলিয়েই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আর যার অর্থেই আমরা এই সেতু করি না কেন, দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা পরিষ্কার হতে হবে। স্বচ্ছতা ও জবাদিহির স্বার্থেই তা করতে হবে। আমি মনে করি, সরকারের উচিত এই প্রকল্পের জন্য এখন এমন একজনকে নিয়োগ দেওয়া—যাঁর যোগ্যতা, সততা ও দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই।প্রথম আলো  আপনাকে ধন্যবাদ।এম ফাওজুল কবির খান  ধন্যবাদ।