পদ্মা সেতুর গাড়িবহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্পের আসল কাজ শুরুর আগেই বিলাসবহুল গাড়ি কেনায় উৎসাহ যে সরকারি কর্মকর্তাদের অভ্যাসে পরিণত হচ্ছে, তারই আরেকটি উদাহরণ পদ্মা সেতু প্রকল্প। যে প্রকল্প দেশের ভেতর ও বাইরে সব জায়গায় বিতর্কের ঝড় তুলেছিল, সেই উদ্যোগের বাস্তবায়নে বাড়তি সতর্কতা ও কৃচ্ছ্রসাধন যেখানে কাম্য, সেখানে তার উল্টোটাই শুরু হওয়ার লক্ষণ গ্রহণযোগ্য হতে পারে না।
বহুল আলোচিত পদ্মা সেতুর ব্যয় কোথায় গিয়ে ঠেকতে পারে, তার একটি প্রাথমিক মাপকাঠি হতে পারে জ্বালানি তেল পোড়ানোর বল্গাহীন খরচ। প্রকল্প বাস্তবায়ন শেষ করা পর্যন্ত জ্বালানি তেল খরচের বাজেট ছিল চার কোটি টাকা। এখন পর্যন্ত প্রকল্পের মূল কাজ শুরুই হয়নি। কবে শেষ হবে, তার কোনো নির্দিষ্ট ঘোষণা নেই। কিন্তু গত মার্চ পর্যন্ত এই খাত থেকে তিন কোটি ৬১ লাখ টাকা খরচ হয়ে গেছে।
আমরা আশ্বস্ত হতে পারতাম যে, যাঁরা এ বিষয়ে প্রাক্কলন করেছিলেন, তাঁরা কেবল এই একটি খাত সম্পর্কে যথা অনুমান করতে পারেননি। কিন্তু এ বিষয়ে সরকারি কোনো ব্যাখ্যা নেই, বরং প্রকল্প পরিচালক প্রথম আলোর সঙ্গে আলোচনায় জ্বালানি ব্যয় সম্পর্কে যেভাবে হেলাফেলাভরে মন্তব্য করেছেন, তাতে আমাদের চক্ষু চড়কগাছ। তিনি যা বলেছেন, তাতে মনে হয়, প্রকল্পের টাকায় ৩৮টি মিতসুবিশি গাড়ি কেনা কোনো ব্যাপারই নয়, এমন প্রকল্পে দেড় শ গাড়ি থাকা উচিত। তিনি দুঃখজনকভাবে এটাও পরিষ্কার করেছেন, দেশি টাকা বা বিদেশি ঋণে প্রকল্প করার মধ্যে ফারাক নেই।
অথচ এটাই প্রত্যাশিত যে বিদেশিদের চেয়ে সাশ্রয় করে দেখানোটাই হওয়া উচিত অন্যতম চ্যালেঞ্জ। আর মূল প্রকল্প ব্যয় কোথায় ঠেকবে, সেটা এখন আরও শঙ্কার। ১০ হাজার কোটি টাকার প্রকল্প সাড়ে ২০ হাজার কোটিতে উন্নীত হওয়ার পরে এখন আবার ২৬ হাজার কোটির ঘোষণার সম্ভাবনা জানা যাচ্ছে। সরকারের উচিত, খরচে তদারকি বাড়ানো এবং গাড়ি ও জ্বালানি খাতে অস্বাভাবিক খরচের বিষয়টি অবিলম্বে তদন্ত করা।