দেশের দক্ষিণাঞ্চলে যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে পদ্মা সেতু। যাতায়াতের দূরত্ব ও সময় কমে আসায় ঢাকা থেকে সেখানকার রুটগুলোতে নতুন বাস নামানোর হিড়িক পড়েছে। যেমন সেতুর উদ্বোধনের ফলে দীর্ঘ ১৮ বছর পর শরীয়তপুর-ঢাকা পুনরায় সরাসরি বাস চালু হয়েছে। সেখানকার বাসমালিকেরা নতুন ২৫০টি বাস প্রস্তুত করেছেন, এর মধ্যে ৩০টির চলাচলও শুরু হয়ে গেছে। কিন্তু গোটা রুটটির নিয়ন্ত্রণ সেখানকার বাসমালিকেরাই রাখতে চান। এর ফলে সেখানকার পরিবহন খাতে নৈরাজ্য তৈরি হওয়ার এবং যাত্রীদের জিম্মি করে ফায়দা লোটার আশঙ্কা দেখা যাচ্ছে। দেশের অনেক রুটেই যেমনটি আমরা দেখতে পাই।
পদ্মা সেতু চালুর পরের দিন থেকে ওই রুটে ১০টি বাস চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)। কিন্তু সেদিনই ৯টি বাস পৌর টার্মিনালে আটক করে রাখে শরীয়তপুর আন্তজেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপ। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক আলোচনা সভায় তারা বিআরটিসির ৬টি বাস চালানোর শর্ত দেয়। জনগণের জন্য নির্ধারিত ও ন্যায্য ভাড়ায় পরিবহনসেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব আর বিআরটিসির মাধ্যমে সেই কাজটিই করা হয়। এখন শরীয়তপুরের বাসমালিকেরা কি সরকারের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি করলেন না? আরও অবাক করা বিষয় হচ্ছে, যে দুটি কোম্পানি ঢাকা-শরীয়তপুর সড়কে ৩০টি বাস নামিয়েছে, তাদের কোনো রুট পারমিটই নেই। একে তো তারা আইন লঙ্ঘন করেছে, তার ওপরে বিআরটিসির বাস আটকে দিয়ে জেলা প্রশাসককে শর্ত মানতে বাধ্য করছে।
মালিক গ্রুপের সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে লোকসানের পর বাসমালিকদের এখন সময় এসেছে। তাই অন্য বাস কোম্পানিকে তাদের সঙ্গে সমন্বয় করে বাস চালাতে অনুরোধ করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বিআরটিসির বাস আটকে রাখা কোন ধরনের ‘অনুরোধ’–এর মধ্যে পড়ে? আর সরকারি প্রতিষ্ঠানের গাড়ি মাত্র ৬টা চালানোর শর্ত দেওয়া, আবার নিজেরা ২৫০টি গাড়ি প্রস্তুত করে ইতিমধ্যে ৩০টি নামিয়েও ফেলা, সেটি কোন ধরনের সমন্বয়ের পর্যায়ে পড়ে?
বিআরটিসি জানাচ্ছে, অযৌক্তিকভাবে তাদের বাসগুলো আটকে দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর ৬টি বাস চালানোর শর্ত দেওয়া হয়। আর তাতে জেলা সদরের যাত্রী ওঠানো যাবে না। তাঁরা এই শর্ত মেনে নিয়েছেন। তার মানে শরীয়তপুরের যাত্রীদের সরকারি প্রতিষ্ঠানের সেবা থেকে বঞ্চিত করা হলো এবং তাঁরা কার্যত বেসরকারি বাসমালিকদের কাছে জিম্মি হয়ে পড়লেন। দুর্ভাগ্যজনকভাবে জেলা প্রশাসনও বাসমালিকদের অযৌক্তিক সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগী হয়েছে। পদ্মা সেতু চালুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের পরিবহন খাতে শৃঙ্খলা তৈরির সুযোগ শুরুতেই কি নষ্ট হয়ে যাবে? পরিবহনমালিকদের কাছে কি সরকার ও স্থানীয় প্রশাসন হার মেনে নেবে? শেষ পর্যন্ত তারা কী অবস্থান নেয়, সেটাই এখন দেখার বিষয় এবং এসব প্রশ্নের উত্তরও সেখানেই নিহিত।