প্রতিবছরই পদ্মার কূল ভাঙে। কিন্তু এবারের ভাঙনটি যে ভয়াবহ রূপ নিয়েছে, তার প্রমাণ পশ্চিম পারে রাজবাড়ী থেকে শরীয়তপুর, পূর্ব পারে দোহার থেকে শ্রীনগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ফসলি জমি, বাজার, সরকারি-বেসরকারি ভবন ও সড়ক নদীগর্ভে বিলীন হওয়া।
পদ্মার ভাঙনের শিকার হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়। রোববার প্রথম আলোয় প্রকাশিত খবরে বলা হয়, পার্শ্ববর্তী হাসেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হলে ইয়াকুব মাদবরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের তিনটি কক্ষে তার পাঠদান চালানো হতো। কিন্তু রোজা ও ঈদের ছুটি শেষে মাদবরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে দেখে, তাদের বিদ্যালয়টিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে যে দ্বিতল পাকা ভবন নির্মাণ করা হয়েছিল, তা আগেই নদীগর্ভে বিলীন হয়ে যায়। পাশের টিনের ঘরে ক্লাস-পরীক্ষা চলছিল। আর ঈদের ছুটির সময় নদী টিনের ঘরটিও কেড়ে নেয়। এ অবস্থায় দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বাগানে খোলা আকাশের নিচে মাদবরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০-৪৫ জন শিক্ষার্থীর পাঠদান চলছে। এ জন্য ওই বিদ্যালয়ের শিক্ষকেরা ধন্যবাদ পেতে পারেন। কিন্তু বর্ষার দিনে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের ক্লাস চলতে পারে না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানটি সরেজমিন পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সান্ত্বনা দিয়েছেন।
এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করছি। সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্তব্য হবে অবিলম্বে নিরাপদ স্থানে বিদ্যালয় দুটির কাঠামো নির্মাণ করে শিক্ষার্থীদের ক্লাস করার সুযোগ করে দেওয়া। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি তথা ইউপি চেয়ারম্যান ও সদস্যদেরও দায়িত্ব আছে। বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা খেলা আকাশের নিচে ক্লাস অব্যাহত রেখে তাদের অসীম আগ্রহ আর উদ্যমের প্রমাণ রেখেছে। এখন সংশ্লিষ্ট সবার দায় হচ্ছে এই স্কুলটির ব্যাপারে দ্রুত উদ্যোগ নেওয়া।
আর এ সমস্যার টেকসই সমাধান পেতে হলে পদ্মার ভাঙন ঠেকাতে হবে। বিশেষজ্ঞদের মতে, উজানের ঢল ও নদীর নাব্যতা কমে যাওয়ায় ভাঙনের সৃষ্টি হয়। এ ব্যাপারে নদী বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী টেকসই পদক্ষেপই প্রত্যাশিত।