পদ্মার ভয়াবহ ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া অঞ্চলে পদ্মা নদী প্রলয়ংকরী রূপ ধারণ করেছে। নদীটি আকস্মিকভাবে গতিপথ পরিবর্তন করেছে; প্রবল ভাঙনে একের পর এক গ্রামগঞ্জ-হাটবাজার নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সংবাদপত্র ও সম্প্রচারমাধ্যমে প্রকাশিত খবরে ভাঙনের যে চিত্র পাওয়া যাচ্ছে, তাতে স্পষ্ট হয়ে উঠেছে যে নড়িয়ার মানুষ এখন এক বিরাট প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি। তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন; এই বিপর্যয় থেকে তাদের উদ্ধার করতে আশু ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

পদ্মার অপ্রতিরোধ্য ভাঙনের মুখে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছে নড়িয়ার ধনী-গরিবনির্বিশেষে বিপুলসংখ্যক মানুষের জীবনে। দু-তিনতলা পাকা বাড়ি, অনেক পুরোনো ঘরবাড়ি ও প্রাচীন গাছপালা গ্রাস করে নিচ্ছে প্রলয়ংকরী পদ্মা। উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাতে বলা হয়েছে, গত কয়েক মাসে নড়িয়াসহ পাঁচটি উপজেলার প্রায় সাড়ে ৪ হাজার পরিবার ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। ভাঙনের তোড়ে ৮ ব্যক্তি ভেসে গেছে, তাদের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

নড়িয়াবাসীর জন্য অকল্পনীয় ঘটনা হলো, নড়িয়া পৌর এলাকার মধ্যে অবস্থিত ২০০ বছরের পুরোনো মুলফতগঞ্জ বাজারও ভাঙনের কবলে পড়েছে; এই বাজারের দেড় হাজারের বেশি দোকানপাট নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। তা যদি ঘটে, তাহলে ১০ হাজারের বেশি মানুষ অর্থনৈতিকভাবে সর্বস্বান্ত হবে এবং তাদের জীবিকার সংকট সৃষ্টি হবে। ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, পদ্মার পাড় ভাঙতে ভাঙতে স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের কয়েক ফুট কাছে চলে এসেছে এবং এটি অচিরেই নদীগর্ভে বিলীন হতে চলেছে। এ ছাড়া এক ডজনের বেশি বিদ্যালয়ও ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে। নড়িয়ায় পদ্মার ডান তীরে এই ভাঙন শুরু হয়েছে পাঁচ বছর আগে; তার আগে এই এলাকাকে ঝুঁকিমুক্ত মনে করা হতো। কারণ, পদ্মা এত কাল ভেঙে আসছিল বাঁ তীর। নড়িয়া পদ্মা সেতু প্রকল্পের স্থান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে; ওই প্রকল্পের জন্য প্রয়োজনীয় নদীশাসনের সঙ্গে নড়িয়ায় ভাঙনের দিক পরিবর্তন ও তার মাত্রা এমন বিধ্বংসী হয়ে ওঠার কোনো সম্পর্ক আছে কি না, তা বৈজ্ঞানিক গবেষণার বিষয়। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য বিশেষজ্ঞ গবেষণার উদ্যোগ নেওয়া উচিত এবং গবেষণার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

এই মুহূর্তের করণীয় হচ্ছে, ভাঙনের মুখে বিপর্যস্ত মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। যারা ঘরবাড়ি হারিয়েছে, তাদের আশ্রয়ের ব্যবস্থা করা দরকার। জীবিকা হারিয়ে যাদের জীবনযাপন কষ্টকর হয়ে উঠেছে, তাদের আর্থিক সহযোগিতা বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা যায় কি না—তা বিবেচনা করা প্রয়োজন। ভাঙনের তীব্রতা লাঘবের জন্য বালুর বস্তা ব্যবহারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা যেন যথাযথভাবে করা হয়—তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া নড়িয়ার কাছে পদ্মার ডান তীর রক্ষার জন্য গৃহীত প্রকল্প ও নদীখনন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা একান্ত প্রয়োজন।