এ বছর ভিন্ন পরিবেশে পবিত্র ঈদুল আজহা এসেছে। বাংলাদেশসহ সারা পৃথিবীর মুসলমানরা দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদ্যাপন করবেন। কিন্তু সেই উদ্যাপন অন্যান্য বছরের মতো হবে না। ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছর যে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান নর-নারী পবিত্র হজ পালন করেন, এ বছর সেটি সম্ভব হচ্ছে না করোনা মহামারির কারণে। সৌদি সরকার আগের মতো বিদেশি নাগরিককে সেখানে হজ পালনের অনুমতি দেয়নি। সৌদি আরবের স্বল্পসংখ্যক মুসলমান হজের আনুষ্ঠানিকতা পালন করছেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই।
প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য কোরবানি দেওয়া ফরজ। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি বিধানের লক্ষ্যে পশু কোরবানির প্রকৃত তাৎপর্য হলো সব লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ, স্বার্থপরতা তথা ভেতরের পশুত্ব ত্যাগের মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জনের প্রয়াস। আরবি জিলহজ মাসের ১০ তারিখ পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। তবে তার পরের দুই দিন অর্থাৎ ১১ ও ১২ জিলহজেও পশু কোরবানি করার বিধান রয়েছে।
আগামীকাল শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। তবে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই তা উদ্যাপন করতে হবে। সরকারের পক্ষ থেকে কোরবানি ও ঈদের নামাজের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার নামাজও মসজিদের ভেতরে হবে, খোলা জায়গায় নয়। কোরবানির আয়োজনও করতে হবে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে। সড়কের ওপর বা যত্রতত্র কোরবানির পশু জবাই করা যাবে না।
ঈদে বাড়ি যাওয়া ও কেনাকাটার ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ হওয়া হয়েছে। স্বস্তির কথা, সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাস–সংক্রান্ত সচেতনতা বেড়েছে। ভিড় এড়াতে এ বছর অনলাইনে কোরবানির পশু বেচাকেনা হয়েছে যথেষ্ট পরিমাণ। ঈদুল ফিতরের ছুটিতে গ্রামে যাওয়ার জন্য মানুষ যতটা উদ্গ্রীব ছিল, এবার সেটি লক্ষ করা যায়নি। সাধারণত ঈদের সময় বাস-ট্রেন-লঞ্চ এমনকি বিমানের টিকিট পাওয়াও কঠিন হয়ে পড়ে। কিন্তু এবারের ঈদে অনেক যানবাহন বন্ধ থাকছে যাত্রীর অভাবে। তারপরও সব ধরনের গণপরিবহনে বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে।
করোনার কারণে এ বছর পশু কোরবানি অপেক্ষাকৃত কম হবে বলে অনেকের ধারণা। তারপরও সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর নির্ধারিত স্থানের বাইরে যাতে কেউ কোরবানির পশু জবাই দিতে না পারেন, তা নিশ্চিত করতে হবে। দ্রুততম সময়ে সরিয়ে ফেলতে হবে কোরবানির পশুর বর্জ্য।
আরেকটি উদ্বেগের বিষয় হলো, ঈদুল আজহা যখন আগত, তখন বাংলাদেশের প্রায় অর্ধেক অঞ্চল বন্যাকবলিত। এসব এলাকায় লাখ লাখ মানুষের ঘরবাড়ি, খেতের ফসল, শাকসবজি বন্যার পানিতে ভেসে গেছে। তাঁদের কেউ কেউ আশ্রয়শিবিরে ঠাঁই পেলেও বেশির ভাগ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেক এলাকায় সরকারের দেওয়া ত্রাণসামগ্রীও পৌঁছায়নি বলে অভিযোগ আছে। যাঁর যাঁর সামর্থ্য অনুযায়ী সবাইকে আহ্বান জানাই এই বন্যাদুর্গত মানুষের প্রতি সহায়তার হাত বাড়ানোর জন্য।
ঈদের সময় জননিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। এ সময় যাতে জঙ্গিগোষ্ঠী বা অন্য কোনো স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলার অবনতি না ঘটাতে পারে, সে ব্যাপারে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফে সর্বোচ্চ সতর্কতা আশা করছি।
ঈদুল আজহার এই আনন্দময় উৎসবে আমাদের অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহার আনন্দ অমলিন থাকুক। সবাইকে ঈদ মোবারক।