পবিত্র ঈদুল আজহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মত্যাগের আদর্শ, আনন্দের বার্তা ও উৎসবের আমেজে আবার এসেছে ঈদুল আজহা। সবাইকে ঈদ মোবারক।
পশু কোরবানির মাধ্যমে মহান স্রষ্টার উদ্দেশে সৃষ্টির আনুগত্য প্রকাশের উপলক্ষ এই ঈদুল আজহা, আমাদের কাছে যা কোরবানির ঈদ হিসেবেও পরিচিত। কোরবানি শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ, আত্মোৎসর্গ, নৈকট্য অর্জন ইত্যাদি। হজরত ইব্রাহিম (আ.)-এর আনুগত্য পরীক্ষা করতে আল্লাহ তাআলা তাঁকে তাঁর সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি দিতে নির্দেশ দিয়েছিলেন। হজরত ইব্রাহিম (আ.)-এর কাছে সবচেয়ে প্রিয় ছিলেন পুত্র হজরত ইসমাইল (আ.)। এমন এক অগ্নিপরীক্ষার মুখে পড়ে তিনি আল্লাহর নির্দেশ মেনে আপন পুত্রকে কোরবানি দিতে উদ্যত হন। তখন আল্লাহর নির্দেশে ছুরির নিচে হজরত ইসমাইল (আ.)-এর স্থলে কোরবানি হয়ে যায় একটি দুম্বা। সৃষ্টিকর্তার প্রতি পরিপূর্ণ আনুগত্য ও ত্যাগ স্বীকারই হচ্ছে কোরবানির মূল চেতনা।
হজরত ইব্রাহিম (আ.) কোরবানির মাধ্যমে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আল্লাহ তাআলা তা পরবর্তী বংশধরদের জন্যও অনুসরণীয় করে দেন। কোরবানির মূল চেতনা হচ্ছে আত্মত্যাগের প্রশিক্ষণ ও অনুশীলন। মানুষের নানা রিপু, তথা হিংসা, লোভ, কাম, ক্রোধ ত্যাগের মাধ্যমে মনের পশুবৃত্তি, তথা কুপ্রবৃত্তিকে জবাই করা—পশু কোরবানির পাশাপাশি কোরবানির এই মর্মবাণী আমাদের বিবেচনায় রাখা জরুরি।
আমাদের দেশে প্রতিবছর ঈদুল আজহার সময় ধর্মপ্রাণ মুসলমানরা কোরবানি দেন। বিপুলসংখ্যক পশু কোরবানির কারণে পরিচ্ছন্নতার বিষয়টি সব সময়েই একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এবার ঢাকার দুই সিটি করপোরেশন পশু কোরবানির জন্য কিছু স্থান নির্ধারণ করে দিয়েছে। প্রথমবারের মতো নেওয়া এই উদ্যোগ সবাই মেনে চলার চেষ্টা করবেন, সেটাই প্রত্যাশিত। এবার হয়তো কিছু সমস্যা দেখা দিতে পারে, কিন্তু এবারের সমস্যাগুলো বিবেচনায় নিলে ভবিষ্যতে এই ব্যবস্থাকে আরও কার্যকর করা যাবে।
পবিত্র ঈদের এই আনন্দময় উৎসবে আমাদের সব পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, বিপণনকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা।