ত্যাগের পথেই আনন্দের ও মুক্তির বার্তা নিয়ে পবিত্র ঈদুল আজহা ফিরে এল আবার। কারও সঙ্গে কারও ভেদাভেদ নয়, ত্যাগের মহিমায় ক্ষুদ্রতা ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার সুযোগ করে দেয় এই দিন। সবাইকে ঈদ মোবারক!
পবিত্র ঈদুল আজহায় মহান আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানির মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের এই উৎসব মানবজাতির অন্যতম প্রাচীন ঐতিহ্য। আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবী হজরত ইব্রাহিম (আ.)-এর আনুগত্য পরীক্ষার উদ্দেশ্যে তাঁকে তাঁর সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি দিতে বলেছিলেন। পুত্র হজরত ইসমাইল (আ.) ছিলেন তাঁর সবচেয়ে প্রিয়। পিতার পক্ষে আত্মজকে কোরবানি দেওয়া ছিল বিশ্বাসের অগ্নিপরীক্ষা। কিন্তু আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) বিনা দ্বিধায় আপন পুত্রকে কোরবানি দিতে উদ্যত হন। পাশাপাশি আল্লাহর প্রতি ভালোবাসায় পুত্র হজরত ইসমাইল (আ.)ও আত্মোৎসর্গের চেতনায় নিজেকে ছুরির নিচে পেতে দেন। কিন্তু আল্লাহর মহিমায় ইসমাইল (আ.)-এর বদলে কোরবানি হয়ে যায় একটি দুম্বা। এই ঘটনার অন্তর্নিহিত বাণী স্রষ্টার প্রতি পরিপূর্ণ আনুগত্য ও ত্যাগ স্বীকারের মধ্যেই নিহিত।
কোরবানির তাৎপর্য প্রতীকী। পশু কোরবানির মাধ্যমে নিবেদন করতে হয় স্রষ্টার প্রতি ভক্তি এবং বিসর্জন দিতে হয় যাবতীয় রিপু: কাম, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা। কিন্তু পরিতাপের বিষয়, ত্যাগের সাধনার চেয়ে বড় হয়ে ওঠে বস্তুগত আড়ম্বর, বিত্তের প্রদর্শনী। উৎসর্গের মহিমার চেয়ে বড় হয় ভোজনের উৎসব।
ইসলামে পবিত্রতার গুরুত্ব অপরিসীম। ফলে কোরবানির সময় যেখানে-সেখানে পশু জবাই না করা এবং পশুর রক্ত, মলমূত্র, হাড়ের অবশেষ থেকে লোকালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আমাদের সজাগ থাকা উচিত। তবে মুখ্যত সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকেই এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ঈদুল আজহা এই আনন্দময় উৎসবে আমাদের অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, বিপণনকর্মী ও শুভানুধ্যায়ীর প্রতি রইল শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহার আনন্দ অমলিন হোক।