কিছু উৎসব আছে, যা মানুষকে আপনজনের কথা মনে করায়, স্বজনদের সাহচর্যের জন্য ব্যাকুল করে, পরস্পরের রাগ–অভিমান মুছে ফেলে। সেই উৎসবকে উপলক্ষ করে সবাই প্রিয় মানুষের কাছে ফেরে। ঈদুল আজহা তেমনই এক উৎসব। কোরবানি বা আত্মত্যাগের চেতনাসঞ্জাত সেই ঈদুল আজহা সমাগত। ‘কোরবানির ঈদ’ নামে পরিচিত এই উৎসব কাল উদ্যাপিত হতে যাচ্ছে।
ঈদগাহ কিংবা মসজিদে ধনী-গরিব, ছোট-বড়–নির্বিশেষ সব মুসলমান কাতারবন্দী হয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবে। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করা হবে। লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ, স্বার্থপরতা তথা ভেতরের পশুত্ব ত্যাগের মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জনের প্রয়াসের মধ্যে কোরবানির প্রকৃত তাৎপর্য নিহিত।
অতি পরিতাপের বিষয়, বন্যা, ডেঙ্গু জ্বরের প্রকোপ, গণপিটুনিতে হত্যা, নারী ও শিশুধর্ষণ, খুন, মহাসড়কে গরুর ট্রাকে চাঁদাবাজি, শেয়ারবাজারে অস্বাভাবিক পতন, সড়ক দুর্ঘটনা, যানজটে বাড়িমুখী মানুষের দুর্ভোগ—এসব প্রাকৃতিক ও মনুষ্যকৃত দুর্যোগ এবারের কোরবানির ঈদের উৎসবের ঔজ্জ্বল্যকে ফিকে করে ফেলেছে। সব মিলিয়ে দেশ যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তাকে সন্তোষজনক বলা যায় না। সারা দেশের সড়ক-মহাসড়কের দুরবস্থার কারণে ঈদে বাড়ি যাওয়ার অভিজ্ঞতা স্বাভাবিকভাবেই সুখকর হচ্ছে না। প্রতিশ্রুতি অনুযায়ী সব ভাঙাচোরা রাস্তাঘাট পুরোপুরি ঠিক করা যায়নি। ঈদের অনেক আগে থেকেই দুর্ভোগের আশঙ্কা নিয়ে সংবাদমাধ্যমে লেখালেখি হয়েছে, কিন্তু সে অনুযায়ী কাজ হয়নি। নানা উদ্যোগ ও তৎপরতা সত্ত্বেও রাজধানী ঢাকা থেকে সারা দেশের বিভিন্ন অঞ্চল অভিমুখী সব মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবু বিপদ ও বিড়ম্বনার মধ্য দিয়ে অশেষ কষ্ট করে স্বজনদের কাছে ফিরছে মানুষ।
ঈদের শেষে কর্মস্থলে ফেরার সময়ও একই রকমের ভোগান্তির আশঙ্কা আছে। ভোগান্তি লাঘবের জন্য মহাসড়কের যানজট এড়ানোর সর্বাত্মক চেষ্টা করা উচিত। এ জন্য হাইওয়ে পুলিশের বাড়তি মনোযোগ ও দায়িত্বশীলতা প্রয়োজন। সড়ক-মহাসড়কগুলোতে একই সময়ে অতিরিক্ত যানবাহন চলাচল করে। তাই দুর্ঘটনা, যান বিকল হয়ে যাওয়া ইত্যাদি কারণে বিশৃঙ্খলা ও যানজট সৃষ্টির আশঙ্কা বেড়ে যায়। এসব ব্যাপারে সতর্কতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।
দেশে ডেঙ্গু যেভাবে বিস্তার লাভ করছে, সে ক্ষেত্রে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এবার বাড়তি সতর্কতা জরুরি। ময়লা–আবর্জনা ঠিকমতো ব্যবস্থাপনার আওতায় না আনা গেলে এডিস মশার বিস্তার বাড়বে। ফলে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। এ সমস্যা এড়াতে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর নির্ধারিত স্থানগুলোতেই পশু কোরবানি করা উচিত। কোরবানির বর্জ্য দ্রুত সরিয়ে ফেলার জন্য পৌর কর্তৃপক্ষকে তৎপর থাকতে হবে। প্রতিটি পাড়া-মহল্লার মানুষ নিজ নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে উদ্যোগী হলে সিটি করপোরেশন বা পৌরসভার কাজ অনেকটাই সহজ হতে পারে।
ঈদের ছুটিতে বিপুলসংখ্যক মানুষ রাজধানী ঢাকা ও অন্যান্য শহর থেকে গ্রামের বাড়িতে যায়। আমরা কামনা করি, সবার ঈদযাত্রা স্বচ্ছন্দ ও নিরাপদ হোক। ঈদুল আজহার এই আনন্দময় উৎসবে আমাদের অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহার আনন্দ অমলিন থাকুক। সবাইকে ঈদ মোবারক।