পবিত্র ঈদুল ফিতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার শেষে আনন্দের বার্তা নিয়ে বিশ্ব মুসলিমের দ্বারে সমাগত ঈদুল ফিতর। ঈদ মোবারক: আমরা আমাদের প্রিয় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, শুভানুধ্যায়ীসহ সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
ইন্দ্রিয়ের কৃচ্ছ্রসাধন ও আত্মিক পরিশুদ্ধি অনুশীলনের সুযোগ নিয়ে আসে পবিত্র রমজান। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি—যাবতীয় রকমের নেতিবাচক প্রবণতা থেকে বেরিয়ে মানবীয় সদ্গুণাবলি অর্জনের সুযোগ নিয়ে আসে পবিত্র রমজান। পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সর্বপ্রকার নেতিবাচক কাজ পরিহারের আন্তরিক প্রয়াসের মধ্য দিয়ে শুভ ও সুন্দর পথে জীবনকে চালিত করার অনুশীলন ঘটে। রমজান মাসজুড়ে যে সংযমের অনুশীলন চলে, তা আমাদের সর্বপ্রকার সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা পরিত্যাগে সহায়ক হয়।
রমজান মাসে আমরা যে সংযম সাধনা করি, বছরের বাকি দিনগুলোতেও আমাদের জীবনযাপনে যেন তার প্রতিফলন ঘটে, আমাদের আন্তরিকভাবে সেই চেষ্টা করা উচিত। পবিত্র ঈদুল ফিতর যে আনন্দের বার্তা বয়ে আনে, তা যেন সারা বছর সবার জীবনে অটুট থাকে।
ঈদের ছুটিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহর থেকে বিপুলসংখ্যক মানুষ সপরিবারে গ্রামের বাড়ি যান। সবার যাত্রা নিরাপদ ও নির্ঝঞ্ঝাট করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের যথেষ্ট প্রস্তুতি ছিল কি না, তার প্রমাণ যাত্রীরা ইতিমধ্যে পেয়েছেন অথবা পেতে শুরু করেছেন। একই সময়ে বিপুলসংখ্যক মানুষ পরিবহনের জন্য প্রয়োজনীয় যানবাহনের অভাব এবং সড়ক-মহাসড়কগুলোতে অতিরিক্ত যানবাহনের বাড়তি চাপের কারণে যে বিশৃঙ্খলা ও ভোগান্তি দেখা দেয়, তা মোকাবিলা করতে সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি। মহাসড়কগুলোতে যান চলাচল নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মনোযোগী হওয়া জরুরি। বাস ও লঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা উচিত নয়, যানবাহনের চালকদের সতর্কভাবে যান চালানো উচিত। মহাসড়কে কোনো মোটরযান বিকল হলে কিংবা দুর্ঘটনায় পড়লে সেটি দ্রুত সরিয়ে ফেলা জরুরি, যাতে যানজটের সৃষ্টি না হয়।
ঈদুল ফিতরের উৎসব আনন্দময় হোক।