পবিত্র ঈদুল ফিতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দ্রিয়ের কৃচ্ছ্রসাধনার মধ্য দিয়ে আত্মিক পরিশুদ্ধি অনুশীলনের সুযোগ নিয়ে আসে পবিত্র রমজান। রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরিশুদ্ধির প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় না। এই এক মাসের অনুশীলন বছরের অবশিষ্ট সময়ও আমাদের পরিশুদ্ধির প্রয়াসে সহায়ক হোক। রমজানের সংযম সাধনার প্রতিফলন যেন আমাদের সার্বিক জীবনযাপনে সারা বছর ধরে প্রতিফলিত হয়, সে চেষ্টা করে যেতে হবে। শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে পবিত্র রমজানের উদ্দেশ্য পূরণ হয় না। পবিত্র ঈদুল ফিতর যে আনন্দের বার্তা বয়ে আনে, তা যেন সারা বছর সবার জীবনে অটুট থাকে।

ঈদের ছুটিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহর থেকে বিপুলসংখ্যক মানুষ সপরিবার গ্রামের বাড়ি যান। এবারের ঈদে বাড়ি যাওয়ার সময় সড়ক-মহাসড়কে মানুষের ব্যাপক দুর্ভোগ হয়েছে। দুর্ভোগের আশঙ্কা অন্তত তিন সপ্তাহ আগে থেকে সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া সত্ত্বেও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো যথেষ্ট প্রস্তুতি নেয়নি। রাজধানী ঢাকা থেকে সারা দেশের বিভিন্ন অঞ্চল অভিমুখী সব মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের যানজট এড়ানোর জন্য হাইওয়ে পুলিশের বাড়তি দায়িত্বশীলতা দরকার। সড়ক-মহাসড়কগুলোতে একই সময়ে অতিরিক্ত যানবাহন চলাচল করে, তাই দুর্ঘটনা, যান বিকল হয়ে যাওয়া ইত্যাদি কারণে বিশৃঙ্খলা ও যানজট সৃষ্টির আশঙ্কা বেড়ে যায়। এসব ব্যাপারে সতর্কতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। মহাসড়কে কোনো মোটরযান বিকল হলে কিংবা দুর্ঘটনায় পড়লে সেটি দ্রুত সরিয়ে ফেলা জরুরি, যাতে যানজটের সৃষ্টি না হয়। এদিকে বিশেষ নজর রাখা দরকার।

ঈদের সময় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। ইতিমধ্যে কিছু দুর্ঘটনায় মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া গেল, যা খুবই দুঃখজনক। পরিবার-পরিজনসহ উৎসবের আনন্দ উপভোগের আশায় বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনার শিকার মানুষদের পরিবারে সীমাহীন শোক নেমে আসে। তাই সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে। বাস ও লঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন রোধ করতে হবে। যানবাহনের চালকদের সতর্কভাবে যান চালানো উচিত।

ঈদুল ফিতরের উৎসব আনন্দময় হোক।