পবিত্র ঈদুল ফিতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ঘুরে আবার এল পবিত্র ঈদুল ফিতর। আমরা আমাদের প্রিয় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, শুভানুধ্যায়ীসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ঈদ মোবারক!

মুসলমানদের জীবনে পবিত্র রমজান মাস আসে আত্মিক পরিশুদ্ধির সুযোগ নিয়ে। দীর্ঘ এক মাস ধরে সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মধ্য দিয়ে যে সংযমের অনুশীলন চলে, তা শুধু ইন্দ্রিয়ের কৃচ্ছ্রসাধনার মধ্যেই সীমাবদ্ধ নয়। মানসিক ও আত্মিক সংযমও এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। খাদ্য-পানীয় থেকে দূরে থাকা, হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, মোহ-মাৎসর্য ইত্যাদি যাবতীয় রিপুর তাড়না থেকে অন্তরকে মুক্ত করা—এই হলো সিয়াম সাধনার মর্মকথা। যা কিছু মন্দ ও অশুভ, তা বর্জন করা এবং যা কিছু শুভ ও কল্যাণকর, তা অর্জন করাই রমজানের সিয়াম সাধনার লক্ষ্য। এর মাধ্যমেই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি ও অনুগ্রহ লাভ করা যায়; এভাবেই অন্যায়, অবিচার, প্রতারণা, হিংসা, ঘৃণা, বিদ্বেষ দূর করে ভালোবাসা, মায়া-মমতা, পরার্থপরতায় সুখী ও শান্তিময় জীবন ও সমাজ গড়ার প্রয়াস নেওয়া যায়।

রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংযম সাধনা ও পরিশুদ্ধির প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় না। এই এক মাসের অনুশীলন বছরের অবশিষ্ট সময়েও আমাদের পরিশুদ্ধির প্রয়াসে সহায়ক হতে পারে, যদি আমরা সিয়ামের মর্মবাণীর কথা ভুলে না যাই। প্রত্যেক ব্যক্তির দৈনন্দিন জীবনযাপনে সংযম ও মিতাচারের অনুশীলন প্রয়োজন—প্রতিবছর পবিত্র রমজান এসে আমাদের এ কথাই স্মরণ করিয়ে দিয়ে যায়। আমাদের সবারই আন্তরিক চেষ্টা হওয়া উচিত, পবিত্র রমজানের সংযম সাধনার প্রতিফলন যেন আমাদের সার্বিক জীবনযাপনে সারা বছর ধরে প্রতিফলিত হয়। পবিত্র রমজানের প্রকৃত উদ্দেশ্য শুধু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অর্জন করা সম্ভব নয়। রমজানের শেষে পবিত্র ঈদুল ফিতরের উৎসব যে আনন্দের বার্তা বয়ে আনে, তা যেন সারা বছর সবার জীবনে অটুট থাকে।

ঈদের ছুটিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহর থেকে বিপুলসংখ্যক মানুষ সপরিবার গ্রামের বাড়িতে যায়। ফলে জনপরিবহনের স্বাভাবিক শৃঙ্খলা ও স্বাচ্ছন্দ্য বেশ বিঘ্নিত হয় এবং দুর্ভোগ দেখা দেয়। সড়ক-মহাসড়কের দুরবস্থার কারণে যানবাহনের গড় গতি ভীষণভাবে কমে যায়, কোথাও কোথাও যানজটে বিপুলসংখ্যক মানুষ আটকে থাকে। এ বছর অবশ্য সড়ক-মহাসড়কের অবস্থা খুব খারাপ নয়, এখন পর্যন্ত গুরুতর বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে এবার ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে বেশ বিশৃঙ্খলা ও ভোগান্তির খবর পাওয়া গেছে: একদিকে বিপুলসংখ্যক মানুষ টিকিট পাননি, অন্যদিক প্রচুর টিকিট অবিক্রীত থেকেছে। তা ছাড়া, উত্তরাঞ্চলগামী কয়েকটি ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করতে পারেনি, ফলে ট্রেনযাত্রীদের ব্যাপক দুর্ভোগের খবর পাওয়া গেছে। আমরা আশা করব, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ এখনই নেওয়া হবে, যাতে বাকি সময়ের ট্রেন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, ঈদের পরে কর্মস্থলে ফেরার সময় যেন মানুষের দুর্ভোগ কম হয়।

সড়ক-মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। কারণ, উৎসবের সময় সড়ক দুর্ঘটনা বেড়ে যায়। সপরিবার উৎসবের আনন্দ উপভোগের আশায় বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনার শিকার মানুষের পরিবারে সীমাহীন শোক নেমে আসে। তাই সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে। বাস ও লঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন রোধ করতে হবে। যানবাহনের চালকদের সতর্কভাবে যান চালানো উচিত। দুর্ঘটনা, যান বিকল হয়ে যাওয়া ইত্যাদি কারণে বিশৃঙ্খলা ও যানজটের সৃষ্টি হলে অতি দ্রুত তা কাটানোর উদ্যোগ নিতে হবে। সতর্কতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।

তাই সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে।

ঈদুল ফিতরের উৎসব আনন্দময় হোক।