পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সব মুসলমান মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবকে সৃষ্টিকর্তার তরফ থেকে মানবজাতির জন্য আশীর্বাদ হিসেবে গণ্য করেন। তিনি শুধু সমগ্র আরবকে ঐক্যবদ্ধই করেননি, মানবজাতির সামনে ন্যায় ও মানবতার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাঁর আদর্শের দীক্ষা নিয়ে মুসলমানরা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বে শান্তি, কল্যাণ ও জ্ঞানের আলো জ্বালিয়ে রাখছেন।

রাসুলুল্লাহ হজরত মুহাম্মদ (সা.) নবুয়তপ্রাপ্তির আগেই ‘আল-আমিন’ বা সত্যবাদী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। করুণা, ক্ষমাশীলতা, বিনয়, সহিষ্ণুতা, সহমর্মিতা, শান্তিবাদিতা—সব মানবীয় সদ্‌গুণের সমাহার ঘটেছিল তাঁর ব্যক্তিত্বে। তিনি ছিলেন একই সঙ্গে গভীর চিন্তাশীল ও অক্লান্ত কর্মোদ্যমী একজন মানুষ। চিন্তাকে কাজে রূপ দিতে তাঁর সমগ্র জীবন হয়ে ওঠে বিপুল কর্মময়।

হজরত মুহাম্মদ (সা.) ছিলেন যুগান্তকারী এক মহামানব। মানবসভ্যতার ইতিহাসে এককভাবে তাঁর প্রভাব বিরাট। তাঁর আবির্ভাবের আগের ও পরের ইতিহাস আর এক থাকেনি। তিনি মুসলমানদের রাসুল হলেও অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষের প্রতিও তাঁর ভালোবাসা ছিল। শ্রেষ্ঠ মানবের আদর্শ দৃষ্টান্ত তিনি। তাঁর জীবনাচরণ ছিল সব অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সেরা উদাহরণ। তাঁর সত্য ও ন্যায়ের আদর্শ ছিল সর্বমানবিক। তাঁর দেখানো শান্তি ও সমঝোতার পথ অনুসরণ করে আমরা পৃথিবীজুড়ে চলমান হিংসা-হানাহানির অবসান ঘটাতে পারি।