পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর পুণ্য স্মৃতিময় দিন। ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে, অর্থাৎ ১২ রবিউল আউয়াল তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। আবার এই দিনে তিনি ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। আজকের দিনটি তাই ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত।

মানুষকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে নবী-রাসুল পাঠিয়েছেন। ইসলামের নবী রাসুলে করিম হজরত মুহাম্মদ (সা.) ছিলেন তাঁদের মধ্যে শ্রেষ্ঠতম। তিনি ছিলেন সর্বশেষ নবী ও রাসুল। সমগ্র মানবজাতির জন্য তিনি শান্তি ও কল্যাণের বাণী নিয়ে এসেছিলেন। তাদের কল্যাণেই উৎসর্গীকৃত ছিল মহানবী (সা.)-এর বর্ণাঢ্য ও কর্মময় জীবন। তিনি ছিলেন ন্যায়নিষ্ঠ, সৎ, সত্যবাদী এক মহাপুরুষ; মানবের মুক্তি ও কল্যাণ সাধনায় যিনি জীবনের পুরোটা সময় ব্যয় করেছেন। নবুয়ত লাভের আগেই তিনি সততা ও সত্যবাদিতার জন্য ‘আল আমিন’ উপাধিতে ভূষিত হন এবং বিবদমান সব সম্প্রদায় তাঁকে প্রিয় নেতা হিসেবে মেনে নেয়।

মহানবী (সা.)-এর মধ্যে করুণা, ক্ষমাশীলতা, বিনয়, সহিষ্ণুতা, সহমর্মিতার মতো অনন্য সব মানবিক গুণের সম্মিলন ঘটেছিল। আরব ভূখণ্ডে এমন এক সময়ে মহানবী (সা.) এসেছিলেন, যখন পুরো অঞ্চলটি ছিল কুসংস্কার, অশিক্ষা, গোষ্ঠীগত হানাহানি, ক্রীতদাস প্রথা, নারীর প্রতি চরম বৈষম্যসহ নানা রকম সামাজিক অনাচারে নিমজ্জিত। গোত্রে গোত্রে বিবাদ ও প্রাণঘাতী লড়াই চলছিল বহু বছর ধরে। সেই ঘোর অন্ধকার সময়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আসেন আলোকবর্তিকা হয়ে। অন্যায়-অবিচার-অজ্ঞানতার আঁধার থেকে তিনি মানুষকে নিয়ে গেছেন সত্য ও ন্যায়ের পথে।

মহানবী (সা.) শিখিয়েছেন সামাজিক ন্যায়বিচার, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা। তিনি মানুষকে সংযমী হওয়ার শিক্ষা যেমন দিয়েছেন, তেমনি ব্যক্তিগত জীবনেও এসবের অনুশীলন করেছেন। সমাজসংস্কারক হিসেবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বকালের আদর্শ। যে সমাজে কন্যাশিশুকে জীবিত কবর দেওয়া হতো, সেই সমাজে তিনি নারীর শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। শত্রুর প্রতি ক্ষমা ছিল তাঁর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।

মহানবী (সা.) সৎ স্বভাব, সত্যনিষ্ঠা, সৌজন্যবোধ, বিনয় ও নম্রতার যে অনুপম শিক্ষা দিয়েছেন, তা আমরা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে চর্চা করলে পৃথিবীতে আর অশান্তি ও হানাহানি থাকত না। তাই ইসলাম ধর্মাবলম্বীদের কেবল মুখে মহানবীর (সা.) আদর্শ অনুসরণের কথা বললে হবে না; মনেপ্রাণেই সেই আদর্শ লালন ও চর্চা করতে হবে; সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে।

এ বছর যখন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এসেছে, তখন দেশে দেশে অশান্তির কালো ছায়া লক্ষ করছি। আর বাংলাদেশে এবারে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে; যা শান্তির ধর্ম ইসলামের নীতি ও আদর্শের পরিপন্থী। মহানবী (সা.) শান্তি ও ভ্রাতৃত্ববোধের যে মহান শিক্ষা দিয়ে গেছেন, তাকে আমরা হৃদয়ে ধারণ করলে এ রকম ঘটনা ঘটার কথা নয়। কোনো ধর্মপ্রাণ মুসলমান অন্য ধর্মের মানুষের ওপর আক্রমণ করতে পারেন না। মহানবী (সা.)-এর শিক্ষাই হোক আমাদের চলার পথের পাথেয়।