পবিত্র লাইলাতুল কদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিমান্বিত রজনী লাইলাতুল কদর আবার ফিরে এসেছে। রমজান মাসের এ রাতটি সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রাতেই অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন। এ মহিমাময় রাতে ইবাদত করলে অনেক বেশি সওয়াব লাভ করা যায়। ফজিলতের দিক থেকে এই রাত হাজার মাসের চেয়েও উৎকৃষ্ট বলে অভিহিত।
রমজান মাসের মহা পবিত্র এ রাতটি মুসলমানদের জন্য বাড়তি পাওয়া। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
তবে মনে রাখা দরকার, বাহ্যিক আচারের বিষয়টি ইসলাম ধর্মের মূল কথা নয়। মানুষের জীবনের মৌলিক আধ্যাত্মিক গুণাবলির পূর্ণ বিকাশ সাধনই ইসলামের কাম্য। এ কারণেই পবিত্র কোরআনে সামগ্রিক জীবনাচরণের কথা বলা হয়েছে। আল্লাহর প্রতি ইমান ঠিক রেখে নামাজ, রোজা ও জাকাত আদায় এবং পবিত্র লাইলাতুল কদরে ইবাদতে মগ্ন হওয়া। দেহ ও মনে পূতপবিত্র হয়ে এ রাত কাটানো উচিত। মনের কলুষ দূর করা না হলে এ রাত কারও জন্যই মুক্তির বার্তা নিয়ে আসতে পারবে না। জীবনাচরণের ক্ষেত্রে সৎ থাকা, নৈতিকতার আদর্শ মেনে চলা, মানবতার আদর্শকে উচ্চে তুলে ধরা, মিথ্যাচার বিসর্জন দেওয়া, সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, অপরের কল্যাণে এগিয়ে আসা—ইসলামের এসব মর্মবাণীও উপলব্ধি করতে হবে এ সময়ে।
কেবল আনুষ্ঠানিকতা বা ধর্মীয় অনুষ্ঠানের বাহ্যিক আচার পালন কোনোভাবেই কাম্য নয়; এটি ইসলামের মর্মবাণী উপেক্ষা করার শামিল। পবিত্র লাইলাতুল কদরের মর্ম আমাদের বুঝতে হবে ইসলামের প্রকৃত বাণী উপলব্ধি করেই। মনে রাখতে হবে, মানুষকে কুসংস্কার থেকে মুক্তি দিয়ে আলোকিত করার ক্ষেত্রে ইসলামের রয়েছে তাৎপর্যপূর্ণ ভূমিকা। আলোকিত জীবন লাভের মাধ্যমে ইসলামের আবেদন সার্বিকভাবে উপলব্ধি করে জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রতিফলন ঘটানোর দিকে মনোযোগী হতে হবে।
মহান আল্লাহ এ পবিত্র রাতে সব মুসলমানকে ইসলামের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করার তওফিক দান করুন।