শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে লাইলাতুল বরাত। লাইলাতুল বরাতের অর্থ মুক্তির বা নিষ্কৃতির রজনী। এ রাতে আল্লাহ পরবর্তী বছরের জন্য মানবজাতির রিজিক ও ভাগ্য নির্ধারণ করেন এবং ধর্মপ্রাণ মুসলমানের সব পাপ ক্ষমা করে দেন। সারা জীবনের দোষ-ত্রুটি, পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনার এ রাত নৈতিক চরিত্র গড়ে তুলতে উদ্বুদ্ধ করার রাতও।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) এ রাতে নফল ইবাদতে নিমগ্ন থাকতে মুসলমানদের নির্দেশনা দিয়ে গেছেন। আল্লাহ তাআলা যেহেতু এই রাতে করুণার ভান্ডার খুলে দেন, তাই মুসলমানদের কাছে এটি উৎসবের রাতও বটে। সামর্থ্য অনুযায়ী ভালো খাবার তৈরি করা এবং প্রতিবেশী, আত্মীয়স্বজন ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে তা বিতরণের মাধ্যমে এ উৎসব পালিত হয়ে থাকে। কিন্তু ভালো খাবারদাবারের আয়োজন লোক দেখানো আনুষ্ঠানিকতায় পরিণত হলে এই পবিত্র রাতের মহিমা ক্ষুণ্ন হয়। এ রাতে গরিব-দুঃখীদের দান-খয়রাত করা এবং যারা সব সময় ভালো কিছু খেতে পারে না, তাদের জন্য কিছু করার সুযোগই নেওয়া উচিত৷
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পবিত্র এই রাতে পটকা ও আতশবাজি পোড়ানোর চল ছিল একটা সময়৷ এখন তা অনেকটাই কমেছে, তবে পুরোপুরি বন্ধ হয়নি। শবে বরাতের রাতে পটকা ফাটানো ও আতশবাজি পোড়ানো সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত। কারণ, পটকা-আতশবাজিতে রাতটির পবিত্রতা ও ভাবগাম্ভীর্য ক্ষুণ্ন হয়, রাতব্যাপী ইবাদতে মগ্ন মানুষদের ইবাদতে ব্যাঘাত ঘটে, এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে। পাড়া-মহল্লায় অভিভাবকেরা সতর্ক থাকলে শিশু-কিশোরদের এসব থেকে বিরত রাখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ভূমিকা রাখতে পারে।
পবিত্র লাইলাতুল বরাতে নিজের জন্য প্রার্থনার পাশাপাশি দেশ ও বিশ্বমানবতার মঙ্গলের জন্যও সর্বশক্তিমানের দয়া কামনা করা হয়৷ এই রাতের সুবাদে আমরা একটি সুখী, সুন্দর, শান্তিময় পৃথিবীর জন্য প্রার্থনা করি। পবিত্র এই রাতের কল্যাণে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক৷