পবিত্র শবে বরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত। শবে বরাত শব্দটি ফারসি। শব মানে রাত, আর বরাত মানে মুক্তি। সেই হিসেবে শবে বরাত হচ্ছে মুক্তির রজনী। এই রাতে আল্লাহ মানবজাতির জন্য তাঁর অসীম রহমতের দরজা খুলে দেন। ক্ষমা প্রার্থনার মাধ্যমে ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর অনুগ্রহ লাভ করার সুযোগ ঘটে এই পবিত্র রাতে। বছর ঘুরে এই পবিত্র রাত আসে সৌভাগ্যের বার্তা নিয়ে।
আরবি শাবান মাসের ১৪ তারিখের দিবাগত এই রাত আরবিতে ‘লাইলাতুল বারাআত’ হিসেবে পরিচিত। ইসলাম ধর্মে এই রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি রজনীর একটি হিসেবে বিবেচিত। পবিত্র এই রাতে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করলে, আল্লাহর কাছে নিজের পাপ-গুনাহ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করলে তিনি তা কবুল করেন এবং অনুতপ্ত বান্দাকে গুনাহ থেকে মুক্তি দিয়ে তাকে মাফ করে দেন। বছর ঘুরে আবার এসেছে এই রাত।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এই রাতে নফল ইবাদত-বন্দেগিতে নিমগ্ন থাকতে মুসলমানদের নির্দেশনা দিয়ে গেছেন। শবে বরাত সম্পর্কে তিনি বলেছেন, ‘জিবরাইল (আ.) আমাকে বলেছেন, আপনি আপনার উম্মতদের জানিয়ে দিন, তারা যেন শবে বরাতের রাতকে জীবিত রাখে।’ অর্থাৎ তারা যেন ইবাদতের মাঝে কাটিয়ে দেয়।

আল্লাহ তাআলা যেহেতু এই রাতে তাঁর বান্দাদের জন্য রহমতের ভান্ডার উন্মুক্ত করে দেন, তাই মুসলমানদের কাছে এটি উৎসবের রাতও বটে। ধর্মীয় দিকের পাশাপাশি ঐতিহ্যগতভাবে এই উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেয় মুসলিম সম্প্রদায়। তারা সাধ্যমতো ভালো খাবার তৈরি করে এবং প্রতিবেশী, আত্মীয়স্বজন ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে তা বিতরণের মাধ্যমে এর আনন্দটুকু ভাগ করে নেয়। তবে ভালো খাবারদাবারের এই আয়োজন লোক দেখানো বিষয়ে পরিণত হলে তা হবে এই পবিত্র রাতের সঙ্গে অসংগতিপূর্ণ। এসব করার চেয়ে বরং এই রাতে উচিত গরিব-দুঃখীদের দান–খয়রাত করা এবং যারা সব সময় ভালো কিছু খেতে পারে না, তাদের জন্য সেই ব্যবস্থা করা।

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পবিত্র এই রাতে পটকা ও আতশবাজি পোড়ানোর রেওয়াজ এখন নেই বললেই চলে। তবে বিচ্ছিন্নভাবে এখনো কেউ কেউ তা করার চেষ্টা করে। এই রাতে পটকা বা আতশবাজি পোড়ানো একদিকে যেমন রাতটির পবিত্রতা ও ভাবগাম্ভীর্য ক্ষুণ্ন করে, তেমনি যাঁরা রাতব্যাপী প্রার্থনায় মগ্ন থাকেন, তাঁদের ইবাদত-বন্দেগিতে ব্যাঘাত ঘটায়।

অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় শিশু-কিশোরেরা এসব পটকা বা আতশবাজি পোড়ায়। ফলে এ ব্যাপারে অভিভাবকদের দায়িত্ব রয়েছে। অভিভাবকেরা যদি সচেতন থাকেন এবং তারা যদি শিশু-কিশোরদের এই রাতের পবিত্রতা ও ভাবগাম্ভীর্যের বিষয়টি তুলে ধরতে পারেন, তবে এই পবিত্র রাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সহজেই এড়ানো যায়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজাগ থাকা প্রয়োজন, যাতে এই রাতকে উপলক্ষ করে কেউ পটকা ও আতশবাজি বিক্রি করতে না পারে।

আসুন, এই রাতে নিজের জন্য প্রার্থনার পাশাপাশি দেশ ও বিশ্বমানবতার মঙ্গলের জন্যও সর্বশক্তিমান আল্লাহর করুণা প্রার্থনা করি। পবিত্র এই রাতের কল্যাণে সুন্দর ও মঙ্গলময় হয়ে উঠুক আমাদের সবার জীবন।