পবিত্র শবে বরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পবিত্র শবে বরাত। ইসলামের সর্বাধিক ফজিলতপূর্ণ ও বরকতময় রজনীগুলোর মধ্যে একটি হচ্ছে পবিত্র শবে বরাত। হাদিসের ভাষ্য অনুযায়ী, আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের এক বড় অংশের গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাই এ রাতকে লাইলাতুল বারাত বলা হয়। এই রাতে ক্ষমা প্রার্থনার মাধ্যমে ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর অনুগ্রহ লাভ করা যায়। পাপ-পঙ্কিলতায় জর্জরিত কোনো ব্যক্তির জন্য খাঁটি তওবা করে আল্লাহর নৈকট্য লাভের অপূর্ব সুযোগ এনে দেয় এ মহিমান্বিত রজনী।

 শবে বরাত মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে। শবে বরাতের মধ্য দিয়েই শুরু হয় রমজান মাসের সিয়াম সাধনার প্রস্তুতি। মুসলিম সম্প্রদায়ের কাছে এটি ভাগ্য নির্ধারণের রাতও। এ রাতে আল্লাহ পরবর্তী বছরের জন্য মানবজাতির রিজিক ও সবার ভাগ্য নির্ধারণ করেন এবং ধর্মপ্রাণ মুসলমানের সব পাপ ক্ষমা করে দেন। এ রাতেই যারা পরবর্তী বছরে জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করবে, তাদের তালিকা করা হয়। এ রাতে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে; যারা রিজিক অনুসন্ধানকারী, তারা প্রার্থনা করবে রিজিকের জন্য। বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রার্থনা করবে বিপদগ্রস্ত মানুষ। ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.) এই রাতে নফল ইবাদত-বন্দেগিতে নিমগ্ন থাকতে মুসলমানদের নির্দেশনা দিয়ে গেছেন। এই রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য উন্মুক্ত করে দেন রহমত ও দয়ার ভান্ডার। তাই মুসলিম সম্প্রদায়ের কাছে এটি উৎসবের রাতও।

ধর্মীয় দিকের পাশাপাশি ঐতিহ্যগতভাবে এ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেয় মুসলিম সম্প্রদায়। তারা সাধ্যমতো ভালো খাবার তৈরি করে এবং প্রতিবেশী, আত্মীয়স্বজন ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে এর আনন্দটুকু ভাগ করে নেয়। তবে ভালো খাবারদাবারের এ আয়োজন কারও কারও কাছে লোকদেখানো বিষয়ে পরিণত হয়েছে, যা শবে বরাতের চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয়। লোকদেখানো এসব আয়োজনের চেয়ে এই রাতে গরিব-দুঃখীদের দান-খয়রাত করা এবং তাদের জন্য কিছু ভালো খাবারের ব্যবস্থা করা উত্তম কাজ হিসেবে বিবেচিত।

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পবিত্র এই রাতে পটকা ও আতশবাজি পোড়ানোর যে রেওয়াজ একসময় গড়ে উঠেছিল, তা এখন আর নেই। তবে এ ধরনের কাজ একেবারে বন্ধ হয়েছে, এমনটি বলা যাবে না। কোথাও কোথাও এগুলো করা হয়ে থাকে। পটকা বা আতশবাজি পোড়ানোর বিষয়টি এ রাতের পবিত্রতা ও ভাবগাম্ভীর্যকে নষ্ট করে, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ড ইসলামের পরিপন্থী।

শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিতকরণে ঢাকা মহানগরে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা আশা করব, সবাই এ নিষেধাজ্ঞা মেনে চলতে সচেষ্ট হবে। এ নিষেধাজ্ঞা যাতে কেউ ভঙ্গ করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে সজাগ থাকতে হবে।

পবিত্র শবে বরাতে নিজের জন্য প্রার্থনার পাশাপাশি আমরা দেশ ও বিশ্বমানবতার মঙ্গলেও সর্বশক্তিমান আল্লাহর করুণা প্রার্থনা করব। এই রাতের কল্যাণে সবার আগামী দিনগুলো সুন্দর ও মঙ্গলময় হয়ে উঠুক—এটাই আমাদের কামনা।