পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫০-এর দশকে বিশ্বে প্রথম পারমাণবিক শক্তিকেন্দ্র চালু হয়। তখন থেকেই পারমাণবিক চুল্লির নিরাপত্তা নিয়ে জনমনে নানা প্রশ্ন জাগে। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক শক্তিকেন্দ্রে প্রথম একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। ফলে চুল্লিটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়; কিন্তু চুল্লির চারপাশে নির্মিত নিরাপত্তা ইমারত ভেদ করে তেজস্ক্রিয়া বাইরে আসতে পারেনি। কাজেই পরিবেশও দূষিত হয়নি। ১৯৮৬ সালে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নে (বর্তমান ইউক্রেন) চার নোবিল পারমাণবিক শক্তিকেন্দ্রে আরেকটি বড় দুর্ঘটনা ঘটে। ওই চুল্লিতে কোনো নিরাপত্তা ইমারত ছিল না। ফলে চুল্লির তেজস্ক্রিয়তা সহজেই চারদিকে ছড়িয়ে পড়ে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে। ২০১১ সালে জাপানের ফুকুশিমায় আরও একটি দুর্ঘটনা ঘটে। এই তিনটি দুর্ঘটনার পর পারমাণবিক চুল্লির নিরাপত্তার বিষয়টি আবার আলোচনায় আসে। পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলো চুল্লির নিরাপত্তার বিষয়টি আবার নতুন করে পর্যালোচনা করে। বিশ্বের কোনো কোনো দেশ পর্যায়ক্রমে পারমাণবিক শক্তি ব্যবহার কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য দেশ চুল্লির চিহ্নিত ত্রুটি-বিচ্যুতি দূর করে নিরাপত্তা জোরদার করেছে। বাংলাদেশ রূপপুরের জন্য রাশিয়া থেকে আধুনিক তৃতীয় প্রজন্মের পারমাণবিক চুল্লি কেনার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতার আলোকে তৈরি তৃতীয় প্রজন্মের চুল্লি তেজস্ক্রিয়তা বিকিরণ বন্ধের প্রয়াসে এই চুল্লিতে পাঁচ স্তরবিশিষ্ট নিরাপত্তাবলয়ের ব্যবস্থা আছে। পারমাণবিক চুল্লির একটি বৈশিষ্ট্য হলো, ব্যবহারের পর পারমাণবিক জ্বালানিতে ক্রমাগত তাপ সৃষ্টি হতে থাকে। এই তাপ নিষ্কাশনের জন্য শীতলীকরণের ব্যবস্থা সর্বদা চালু রাখতে হয়। কোনো কারণে চুল্লির শীতলীকরণ ব্যবস্থা অকেজো হয়ে পড়লে জ্বালানি গলে তরল পদার্থে পরিণত হতে পারে। এই উত্তপ্ত তরল জ্বালানি যদি ভূগর্ভস্থ পানির সঙ্গে মিশে যায়, তবে বড় ধরনের পরিবেশজনিত সমস্যার সৃষ্টি হতে পারে। অন্যদিকে, জ্বালানির উত্তাপে পানি থেকে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। হাইড্রোজেন একটি বিস্ফোরক জাতীয় পদার্থ। বাতাসের সংস্পর্শে এই গ্যাস থেকে বিস্ফোরণ ঘটতে পারে। ফুকুশিমায় সুনামির কারণ চুল্লির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে চুল্লির শীতলীকরণ ব্যবস্থা অকেজো হয়ে পড়ে। ফলে মারাত্মক দুর্ঘটনার সূত্রপাত হয়। সৃষ্ট হাইড্রোজেনের বিস্ফোরণে চুল্লির নিরাপত্তা ইমারতে ফাটল ধরে এবং তেজস্ক্রিয়তা বাইরে ছড়িয়ে পড়ে। আধুনিক তৃতীয় প্রজন্মের পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ ছাড়াই মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে চুল্লির শীতলীকরণ ব্যবস্থা ৭২ ঘণ্টা পর্যন্ত চালু রাখা সম্ভব। আশা করা যায় যে এই ৭২ ঘণ্টার ভেতর বিকল্প বিদ্যুৎ সরবরাহ করে চুল্লির শীতলীকরণ ব্যবস্থা চালু করা যাবে। এই দিক থেকে তৃতীয় প্রজন্মের পারমাণবিক চুল্লিগুলো পুরোনো চুল্লির তুলনায় অধিক নিরাপদ। এই কথার অর্থ এই নয় যে এসব চুল্লিতে কখনো কোনো দুর্ঘটনা ঘটবে না। অধিক নিরাপত্তাব্যবস্থা দুর্ঘটনার আশঙ্কাকে কেবল কমিয়ে আনে। চুল্লির নিজস্ব ব্যবস্থা ছাড়াও চালকের দক্ষতা এবং তেজস্ক্রিয়া নিয়ন্ত্রণ অথরিটির বিচক্ষণতার ওপরও চুল্লির নিরাপত্তা অনেকাংশে নির্ভর করে। বর্তমানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে পরমাণু প্রকৌশলীর অভাব রয়েছে। কমিশনকে প্রথমেই এই বিষয়ে সজাগ হতে হবে এবং উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ পরমাণু প্রকৌশলী গড়ে তুলতে হবে। স্মরণ রাখা দরকার যে চেরনোবিল দুর্ঘটনার একটি বড় কারণ ছিল চালকের অদক্ষতা। পারমাণবিক চুল্লির নিরাপত্তার মূল দায়িত্ব বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এই সংস্থার প্রধান কাজ হবে পারমাণবিক চুল্লির নকশা প্রণয়ন, নির্মাণ এবং চালনার যাবতীয় কাজ তদারক করা এবং নিরাপত্তা নিশ্চিত করা। তা ছাড়া সব ধরনের তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার, স্থানান্তর এবং মজুতপ্রক্রিয়াও এই সংস্থার নিয়ন্ত্রণে থাকবে। গত বছর পরমাণু শক্তি নিয়ন্ত্রণ বিল সংসদে পাস হয়েছে, অথচ আজও এই নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয়নি। এই অথরিটি অবিলম্বে গঠন করতে হবে এবং তাদের দক্ষ জনবল গড়ার সময় দিতে হবে। দক্ষ জনবল ছাড়া এই সংস্থা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। উল্লেখ্য, ফুকুশিমা দুর্ঘটনার জন্য শিথিল নিয়ন্ত্রণব্যবস্থা অনেকাংশে দায়ী ছিল। পারমাণবিক চুল্লির নিরাপত্তা একটি স্পর্শকাতর বিষয়। চুল্লির চালক এবং নিয়ন্ত্রণ সংস্থার পর্যবেক্ষক এবং পরিদর্শকদের যোগ্যতা ও দক্ষতার ব্যাপারে কোনো আপস করা সমীচীন হবে না। এখানে আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে চুল্লি সরবরাহ ও হস্তান্তরের পর নিরাপত্তা বিষয়ে চুল্লি নির্মাতার কোনো দায়িত্ব থাকে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) নিরাপত্তা বিষয়ে পরামর্শ দিয়ে থাকে কিন্তু কোনো দায়িত্ব গ্রহণ করে না। চুল্লির নিজস্ব নিরাপত্তাব্যবস্থা, সুদক্ষ চালক এবং বিচক্ষণ নিয়ন্ত্রকের মাধ্যমেই কেবল রূপপুর পরমাণু শক্তিকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে। মনে রাখতে হবে, যেকোনো একটি বিষয়ে যেকোনো ধরনের ত্রুটি ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। আব্দুল মতিন: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান প্রকৌশলী।