যে ঘটনাটি সারা দেশে আলোড়ন তুলেছিল, সেই মামলার আসামিরা জামিন নেওয়া এবং কারাগার থেকে বের হওয়ার কাজটি সারলেন গোপনে। শিশু পরাগ অপহরণ মামলার তিন আসামি এখন কারাগারের বাইরে। কীভাবে তাঁরা জামিন পেলেন, মামলার সঙ্গে জড়িত কেউ তা জানেন না! এই অপহরণ ঘটনার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা নানা কারণেই প্রভাবশালী। প্রথমত, তিনি সরকারি দলের সঙ্গে জড়িত, ইউনিয়ন পর্যায়ে যুবলীগের সাবেক সভাপতি; দ্বিতীয়ত, তিনি আবাসন ব্যবসায় জড়িত স্থানীয় এক প্রভাবশালী রাজনীতিকের ঘনিষ্ঠ ব্যক্তি। এসব কারণে এই অপহরণের ঘটনায় শুরু থেকেই তাঁকে আটক করতে টালবাহানা করে পুলিশ। এ জন্য দেশের উচ্চ আদালতকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়। হাইকোর্টের নির্দেশে গত ২২ নভেম্বর জুয়েল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আমরা দেখলাম, শেষ পর্যন্ত তাঁকে আটকে রাখা গেল না। জুয়েল মোল্লা এবং এই মামলার আরও দুই আসামি আলফাজ হোসেন ও মামুন মিয়া যে স্বাভাবিক প্রক্রিয়ায় মুক্তি পাননি, তা স্পষ্ট।প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আদালত থেকে জামিন পাওয়া এবং জেল থেকে বের হওয়ার পুরো প্রক্রিয়াটি সারা হয়েছে খুবই গোপনে। এভাবে গোপনীয়তা রক্ষা করে নানাজনের মুখ-চোখ বন্ধ রেখে কাজ করতে হলে কী কী করতে হয়, তা বুঝতে কারও কষ্ট হওয়ার কথা নয়। সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি (জেলা পিপি) খোন্দকার আবদুল মান্নান যখন বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না, তখন বিষয়টি আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে হয় না। আদালতের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামানও এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন। আর্থিক লেনদেন, দুর্নীতি বা অনিয়ম—যা-ই বলা হোক না কেন, এ ধরনের কিছু ছাড়া গোপনে তিন আসামির বের হয়ে যাওয়ার কাজটি কোনোভাবেই সম্ভব হতো না।মা ও গাড়িচালককে গুলি করে শিশু পরাগের অপহরণের ঘটনাটি সারা দেশে আলোড়ন তুলেছিল। শিশুটি উদ্ধার পাওয়ায় সবাই স্বস্তি পেয়েছে, কিন্তু একই সঙ্গে এই অপহরণের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি সবারই চাওয়া। কার্যকরভাবে আইনের শাসন বজায় থাকলে স্বাভাবিক নিয়মেই তাঁদের শাস্তি নিশ্চিত হওয়া কথা। কিন্তু এ দেশে রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে প্রভাবশালী হলে নানা উপায়ে পার পাওয়া যায়। শিশু পরাগের অপহরণকারীরা এ ধরনের প্রভাব খাটিয়ে পার পেয়ে যান, তা কোনোভাবেই কাম্য নয়।আমরা মনে করি, পরাগ অপহরণ মামলার তিন আসামি কীভাবে গোপনে জামিন নিয়ে বের হয়ে গেলেন, তার একটি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। কাদের সঙ্গে জোগসাজশ করে এই কাজটি হলো, তাঁদের চিহ্নিত ও শাস্তির মুখোমুখি করতে হবে। এই মামলার কার্যক্রমে আমরা সরকারের তরফে কোনো ধরনের গাফিলতি দেখতে চাই না।