পরিকল্পনা বাস্তবায়নই প্রধান চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ রকম বাস্তবতায় বিশ্বের প্রায় ৩০টি দেশের মতো বাংলাদেশে আমরাও প্রতিবছর ৮ নভেম্বর বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালন করে আসছি। আগামীকালের এই দিবস সামনে রেখে কদিন আগে প্রথমআলো‘নগর পরিকল্পনা ও বাস্তবায়ন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনার আয়োজন করেছিল, যেখানে দেশের বিশেষজ্ঞরা নগর পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে অনেক প্রয়োজনীয় কথা বলেছেন।

বিভিন্ন বক্তার বক্তব্যে নগর পরিকল্পনা সম্পর্কে অনেক তথ্য উল্লেখিত হয়েছে। যেমন ১৯৫৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী শহরের জন্য আলাদা মহাপরিকল্পনা তৈরি করা হয়েছে। ২০ বছর মেয়াদি এসব পরিকল্পনার কিছু অংশ বাস্তবায়ন করা হয়েছে, কিন্তু প্রতিটি শহরের মহাপরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। নগর গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মনে করেন, ঢাকার মহাপরিকল্পনার যেটুকু বাস্তবায়িত হয়েছে, সেটুকুর কারণেই আজ আমরা এই মহানগরে বাস করতে পারছি।

কিন্তু এ কথা মানতেই হবে যে ঢাকা মহানগরে আমাদের বসবাস স্বচ্ছন্দ নয়, অনেক জটিল সমস্যা এই নগরবাসীর জীবনকে গ্রাস করেছে। আগের মহাপরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন না ঘটার পাশাপাশি নগর সম্প্রসারণের অপ্রত্যাশিত গতি এমন নতুন কিছু সমস্যার সৃষ্টি করেছে, যার ফলে আগের মহাপরিকল্পনায় দূরদর্শিতার অভাব স্পষ্ট হয়ে উঠেছে।

শুধু ঢাকা মহানগর নয়, বিভাগীয় শহরগুলোর মহাপরিকল্পনা বাস্তবায়নের অসম্পূর্ণতা সমস্যা পুঞ্জীভূত হওয়ার অন্যতম বড় কারণ। ৫০টি জেলা শহর ও ৩৯২টি উপজেলা শহরের ভূমি ব্যবহার বিষয়েও পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে গত শতকের আশির দশকে। কিন্তু সেসব পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এর ফলে জেলা ও উপজেলা শহরগুলোও অপরিকল্পিত, এমনকি নৈরাজ্যকর অবস্থার মধ্য দিয়ে বেড়ে চলেছে। পৌরসভাগুলোর অবস্থা বিশেষভাবে উদ্বেগজনক এই কারণে যে গৃহ ও অন্যান্য স্থাপনা নির্মাণের ক্ষেত্রে নিয়মকানুন অগ্রাহ্য করার প্রবণতা অত্যন্ত প্রবল।

রাজধানী ঢাকাসহ সারা দেশের দ্রুত নগরায়ণের ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা প্রণয়ন অত্যন্ত জরুরি। আমাদের এই সামর্থ্য আছে। কিন্তু পরিকল্পনার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা না হলে নগরায়ণের সমস্যা দিন দিন জটিলতর আকার ধারণ করবে।