রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক যে বড় ধরনের সংকটে আছে, দুজন পরিচালককে পত্রপাঠ বিদায় দিয়ে সেটি কতটা সামাল দেওয়া যাবে, সে বিষয়ে সন্দেহ আছে। জনতা ব্যাংক একসময় রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ছিল। সেই ভালো অবস্থান থেকে মন্দ অবস্থানে কীভাবে এল, কারা আনলেন, তার তদন্ত হওয়া প্রয়োজন।
গত বুধবার সরকার যে দুজন পরিচালককে অপসারণ করেছে, তাঁরা হলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আবদুল হক। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ঋণ পাওয়ার ক্ষেত্রে তাঁরা বিভিন্নজনের পক্ষে তদবির করছিলেন। এ রকম তদবিরবাজ পরিচালক যে শুধু জনতা ব্যাংকেই আছেন, সে কথা ভাবার কোনো কারণ নেই। গত ১০ বছরে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বেশির ভাগ চেয়ারম্যান ও পরিচালক নিযুক্ত হয়েছেন রাজনৈতিক বিবেচনায়; যাঁদের মধ্যে পেশাদার ব্যাংকার ও ব্যাংকিং প্রশাসন বোঝেন এ রকম ব্যক্তির সংখ্যা খুবই কম। অসাধু পরিচালক-চেয়ারম্যানদের কারণে হল–মার্ক ও বেসিক ব্যাংক কেলেঙ্কারির মতো ঘটনা ঘটেছে। পুরো ব্যাংকিং খাতেই বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে।
সরকার একদিকে বেসরকারি ব্যাংকগুলোর মালিকদের হক না–হক সুবিধা দিয়ে যাচ্ছে, অন্যদিকে চাহিদা না থাকা সত্ত্বেও নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিচ্ছে। ফলে ব্যাংকিং খাতে অস্থিরতা বিরাজ করছে। একসময় বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক ও সরকারি ব্যাংকের মধ্যে জনতা ব্যাংকের সুনাম ছিল। সেই সুনামধারী জনতা ব্যাংকটি এখন তারল্যসংকটে ভুগছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে লেখা চিঠিকে ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকটির মূলধন ঘাটতির কথা জানিয়েছেন। গত ১ জুলাই থেকে আমানত ও ঋণের সুদহার যথাক্রমে ৬ ও ৯ শতাংশ কার্যকর করার পর ব্যাংকের আমানত কমতে থাকে। জুলাই ও আগস্ট মাসে ২ হাজার ৬১২ কোটি টাকা আমানত কমে যায়। এ কারণে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক থেকে টাকা ধার করতে হচ্ছে। গত ২৬ আগস্ট ২ হাজার ১৩৬ কোটি টাকা ধার করে ব্যাংকটি।
প্রথম আলোর খবরে আরও বলা হয়, গত জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৯ হাজার ৮৭৯ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ২২ শতাংশ। খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় গত জুন শেষে ব্যাংকটির লোকসান হয় ১ হাজার ৬০০ কোটি টাকা। গত ১০ বছরের বেশির ভাগ সময়ই জনতা ব্যাংকে রাজনৈতিক বিবেচনায় চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ হয়েছে। এ কারণে অনেক নতুন নতুন প্রতিষ্ঠান বড় অঙ্কের ঋণ পেয়েছে। অন্য ব্যাংক থেকে খারাপ হওয়া ঋণ কেনা হয়েছে; যার একাংশ ফেরত আসছে না। মূলত খেলাপি ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি রাখতে গিয়েই লোকসানে পড়ে ব্যাংকটি।
জনতা ব্যাংক এননটেক্স শিল্প গ্রুপকে নিয়মবহির্ভূতভাবে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ঋণ দিয়েছে। অন্যদিকে ক্রিসেন্ট গ্রুপের কাছে পাওনা অর্থের পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, ক্রিসেন্ট ও এননটেক্স গ্রুপের ঋণ ঠিক থাকলে ব্যাংক ভালো থাকবে। তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট হয় যে জনতা ব্যাংক এখন এই দুটি শিল্পগোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছে। ক্রিসেন্টের ঋণ আদায়ের জন্য ব্যাংক কর্তৃপক্ষ তাদের সম্পদ নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু নিলাম ডেকে ব্যাংকের পাওনা অর্থের সামান্যই আদায় হবে। গ্রাহককে চাপ দিয়েই অর্থ আদায় করতে হবে। একই কথা প্রযোজ্য এননটেক্সের বেলায়ও । বড় উদ্যোক্তা হলেই তঁারা ব্যাংকের টাকা মেরে দিতে পারেন না।