দুই দিন ধরে দুটি পরিবহনশ্রমিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লাখ লাখ যাত্রীকে ভোগান্তি পোহাতে হয়েছে। সোমবার দুপুরে বিবদমান দুই পক্ষের একটি পক্ষ মেয়র হানিফ উড়ালসড়কের ওপর আড়াআড়ি বাস রেখে দিলে এই ভোগান্তি শুরু হয়। এরপর মঙ্গলবার সকাল থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ হয়ে যায়। এ সময় মানুষের ভোগান্তি চরমে ওঠে। দীর্ঘ ১১ ঘণ্টা পর শ্রমিকেরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করে নেন।
নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান-সমর্থিত ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন ও সরকারি দলের সাংসদ হাবিবুর রহমান মোল্লা-সমর্থিত ঢাকা আন্তজেলা শ্রমিক সংগঠনের মধ্যে কার্যালয় দখল ও চাঁদাবাজির ভাগ-বাঁটোয়ারা নিয়ে এ অচলাবস্থা সৃষ্টি হয়। এক পক্ষ উড়ালসড়কের ওপর আড়াআড়িভাবে বাস রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করল। কারা এই কাজটি করল, লাখ লাখ মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলল, তা অজানা নয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?
পরিবহনের চাঁদার নিয়ন্ত্রণ নিতেই সায়েদাবাদে নৈরাজ্য যানজটে বিপর্যস্ত ঢাকা শহরের রাস্তাঘাটে সামান্য সমস্যা বা কোনো কারণে বাস চলাচল বন্ধ থাকলে যাত্রীরা অসহনীয় দুর্ভোগে পড়ে। এরপর এখন চলছে রমজান মাস, সামনে পবিত্র ঈদুল ফিতর। মানুষের চলাচল বেড়ে গেছে, চলছে ঈদকেন্দ্রিক নানা রকম অর্থনৈতিক কার্যক্রম। এ রকম সময়ে যান চলাচল বন্ধ থাকায় মানুষকে ভোগ করতে হয়েছে অবর্ণনীয় কষ্ট। শ্রমিক সংগঠনের নিজেদের ভাগ-বাঁটোয়ারা আর স্বার্থের দ্বন্দ্বে সাধারণ মানুষকে এর শিকার হতে হলো।
বিবদমান দুটি শ্রমিক ইউনিয়নই সরকারদলীয় দুজন সাংসদের অধীনে পরিচালিত হয়, যার মধ্যে একজন আবার মন্ত্রী। তাঁদের দ্বন্দ্বের খেসারত কেন জনগণ দেবে? দিনের পর দিন এভাবেই চলে আসছে। এর যেন কোনো প্রতিকার নেই। দেশের পরিবহন খাত কি এভাবেই চলবে? চাঁদাবাজির ভাগ-বাঁটোয়ারা ও দখল–পাল্টাদখল নিয়ে জনগণকে জিম্মি করা চলতেই থাকবে?