পরিবহন ধর্মঘট ও পরে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি পৃথক আদালতের রায়ে সম্প্রতি দুজন পরিবহন চালক দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে বাসের সংঘর্ষকে ইচ্ছা বা অনিচ্ছাকৃত ‘দুর্ঘটনা’ হিসেবে বিবেচনা করা গেলেও অন্যটিকে দুর্ঘটনা বলা যবে না। সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে ট্রাকচালক মীর হোসেন খোদেজা বেগমকে তাঁদের পারিবারিক রাস্তায় ট্রাক চলাচল নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে ট্রাকচাপা দিয়ে হত্যা করেন। যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন, ঘটনাক্রমে তিনি ট্রাকচালক। এই দুটি রায়ের প্রতিবাদে প্রথমে খুলনা বিভাগে ও পরে দেশজুড়ে পরিবহন ধর্মঘট শুরু হয়। আদালতের রায়ের বিরুদ্ধে এভাবে ধর্মঘট ডাকার কোনো সুযোগ আদৌ আছে কি?

মানিকগঞ্জের দুর্ঘটনার ব্যাপারে আদালত বলেছেন, এটা ‘খুন নয়, কিন্তু দণ্ডনীয় নরহত্যা’ এবং সেই বিবেচনা থেকে আদালত বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এখন এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ না নিয়ে ধর্মঘটের ডাক দেওয়ার অর্থ দাঁড়াচ্ছে সড়ক-মহাসড়কে যেকোনো ধরনের ‘দুর্ঘটনা’ এবং প্রাণহানির ঘটনায় দায়মুক্তি চাওয়া। অন্যদিকে পরিবহন ধর্মঘটের সঙ্গে সাভারের ট্রাকচালকের মৃত্যুদণ্ডের বিষয়টিকে যুক্ত করার মানে হচ্ছে কার্যত ঠান্ডা মাথার একজন হত্যাকারীর পক্ষ নেওয়া। একজন পেশাদার পরিবহনশ্রমিক বা চালক খুনের ঘটনায় জড়িয়ে পড়লেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না?

এটা খুবই দুর্ভাগ্যজনক যে এই পরিবহন ধর্মঘটের পেছনে সরকারের প্রভাবশালী এক মন্ত্রীর যুক্ততার বিষয়টি পরিষ্কার। তিনি বলেছেন, ‘চালকেরা মনে করছেন মৃত্যুদণ্ডাদেশ বা যাবজ্জীবনের মতো রায় নিয়ে গাড়ি চালাবেন না।’ পরিবহনশ্রমিকদের এই ধর্মঘট তার ভাষায় ‘স্বেচ্ছা অবসর’। প্রশ্ন হচ্ছে, সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রীর অবস্থান কী হওয়া উচিত? পরিবহনশ্রমিকদের বোঝানো, নাকি তাঁদের উসকে দেওয়া? এই পরিবহন ধর্মঘট যে ‘স্বেচ্ছা অবসরের’ কোনো ব্যাপার ছিল না, তা বোঝা যায় বিভিন্ন স্থানে যানবাহন ও পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায়। কারা এসব করেছে?

 শ্রমিক-পুলিশ সংঘর্ষে বুধবার এক পরিবহনশ্রমিকের দুঃখজনক মৃত্যু হয়েছে। এ সময় সারা দেশের লোকজন অবর্ণনীয় দুর্ভোগের মুখোমুখি হয়েছে। সরকারের উদ্যোগে শেষ পর্যন্ত ধর্মঘটের অবসান হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারের ভেতরে থেকে যাঁরা এই অযৌক্তিক ধর্মঘটে ইন্ধন দিলেন, তাঁদের কী হবে? একজন পরিবহনশ্রমিকের মৃত্যু ও এই জনদুর্ভোগের দায় কে নেবে?