পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে বরাবরই বড়-ছোট প্রায় সব বাসেই অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। উপায় না পেয়ে যাত্রীরা বাড়তি ভাড়া দিয়ে যেতে বাধ্য হন। খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলেই মাইক্রোবাস ও মোটরসাইকেল যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়। এসবের ভাড়ার বিষয়টি অনেকটা মালিকপক্ষের সমিতির মাধ্যমেই ঠিক হয়। যাত্রীদের পক্ষ থেকে এখানে কারোরই কিছু বলার সুযোগ থাকে না। খুলনায় ভ্রাম্যমাণ আদালত এতে হস্তক্ষেপ করে বাড়তি ভাড়া আদায়ের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন বলে রোববারেরপ্রথমআলোয় সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ থেকে দেখা যায়, পূর্ব রূপসা ঘাট থেকে কাওড়াকান্দি ঘাট পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া ৩০০ টাকা নির্ধারিত থাকলেও ঈদের সময় ৫৫০ টাকা নেওয়া হচ্ছে। তা ছাড়া, নয়জনের জায়গায় গাদাগাদি করে বসানো হচ্ছে ১৪ জনকে।

তবে এ অনিয়ম তো সব গণপরিবহনেই করা হয়। ঈদের সময় বড় বাস কোম্পানিগুলোকেও দেখা যায় বাড়তি ভাড়া আদায় করতে। অনেক সময় পথে তেল খরচ বেশি হলে পরিবহনের কর্মচারীরা তার থেকে কয়েক গুণ বেশি টাকা যাত্রীদের কাছ থেকে আদায় করেন। যোগাযোগের যে বেহাল অবস্থা বাংলাদেশে, বিশেষ করে ঈদ-পার্বণের সময়, তাতে করে যাত্রীদের দর-কষাকষি করার কিংবা আপত্তি করার কোনো উপায়ও থাকে না। কাউন্টারে বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে পুলিশকে অভিযোগ করেও কাজ হয় না। অথচ এ ব্যাপারে আইন রয়েছে, সুনির্দিষ্ট কর্তৃপক্ষও রয়েছে। কিন্তু কাজির গরু কেতাবে থাকলেও গোয়ালে মেলে না। বাস্তব ক্ষেত্রে এসব অন্যায় ও অনিয়মে বাধা দেওয়া নিয়ম হওয়ার বদলে নির্বিঘ্নে চলতে পারাই যেন নিয়ম।

খুলনার বেলায় যেমন ভ্রাম্যমাণ আদালত ও বিআরটিএ যৌথভাবে পদক্ষেপ নিয়েছে, এ রকম দৃষ্টান্ত স্থাপনকারী তদারকি ও শাস্তির ঘটনা যেন বারবারই ঘটতে থাকে।