বাংলাদেশ সরকারের সফল কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পরিবার পরিকল্পনা কর্মসূচি। গত তিন দশকে কর্মসূচিটি উল্লেখযোগ্যভাবে সফল হয়েছে। এই কর্মসূচির ফলে গত তিন দশকে দেশে জন্মহার অনেক কমেছে। সন্তান জন্মদানের সামগ্রিক হার ১৯৭৫ সালে যেখানে নারীপ্রতি ছিল ৬ দশমিক ৩, তা ১৯৯১ সালে ৪ দশমিক ৩ এবং তারপর ২০১১ সালে ২ দশমিক ৩-এ নেমে আসে।
কিন্তু বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) বলছে, দেশে পরিবার পরিকল্পনা কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। গত তিন বছরে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হার বেড়েছে মাত্র ১ শতাংশ। আর সন্তান জন্মদানের হার নারীপ্রতি ২ দশমিক ৩-এ স্থির হয়ে আছে। এটি আর কমেনি।
বিডিএইচএস-২০১৪ প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। গত বুধবার প্রকাশিত জরিপের পূর্ণাঙ্গ প্রতিবেদনে বলা হয়েছে, গত শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকে পরিবার পরিকল্পনা কার্যক্রম যে গতি পেয়েছিল, তা দুর্বল হয়ে পড়েছে। গত ২০ বছরে খুব কম নারী পরিবার পরিকল্পনা বিষয়ে কিছু শুনেছেন। ১৯৯৩-৯৪ সালে ৩৮ শতাংশ বিবাহিত নারীর কাছে পরিবার পরিকল্পনা মাঠকর্মীরা সেবা নিয়ে যেতেন। বর্তমানে সেই হার কমে ২০ শতাংশে দাঁড়িয়েছে। আগে গণমাধ্যম ও অন্য মাধ্যম থেকে ৪৭ শতাংশ নারী তথ্য পেতেন। এখন তা কমে ৩০ শতাংশে দাঁড়িয়েছে। এই প্রবণতা এটাই প্রমাণ করে যে পরিবার পরিকল্পনা কর্মসূচির ব্যবস্থাপনা ও বাস্তবায়নে দুর্বলতা আছে।
বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। অতিরিক্ত জনসংখ্যা বিভিন্ন সেবা, অবকাঠামো ও পরিবেশের ওপর চাপ ফেলছে এবং অর্থনৈতিক উন্নয়নে বিঘ্ন ঘটাচ্ছে। এ অবস্থার পরিবর্তন চাইলে জরুরি ভিত্তিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। আর এ জন্য পরিবার পরিকল্পনা কর্মসূচি বেগবান করার কোনো বিকল্প নেই। সরকারকে এ বিষয়ে আরও বেশি মনোযোগী হতে হবে। পরিবার পরিকল্পনা কর্মসূচির দুর্বলতাগুলো খুঁজে বের করে দরকার হলে কর্মসূচি নতুন করে ঢেলে সাজাতে হবে।