পরিবারও যখন অনিরাপদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের ভেতর, এমনকি মা-বাবার কাছেও শিশুরা নিরাপদ নয়! নিজ বাড়িতে মায়ের উপস্থিতিতে দুই শিশুর রহস্যজনক মৃত্যু নৈতিক সংকটে ফেলে দিয়েছে অনেককেই। র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্বয়ং মা-ই শিশু দুটির হত্যাকারী! চূড়ান্ত মন্তব্যের জন্য আরও বিশদ তদন্ত ও নিশ্চিত প্রমাণের অপেক্ষা করতে হবে। তবে অস্বীকার করা যাচ্ছে না যে অনেক পরিবার মনস্তাত্ত্বিক টানাপোড়েনের ভেতর দিয়ে যাচ্ছে, তাঁদের কেউ কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন। এটা নতুন এক বাস্তবতা, একে আমলে নিয়ে প্রতিকারের চিন্তা করতে হবে সরকারসহ সবাইকে।
সাম্প্রতিক সময়ে ব্যতিক্রমী হলেও কিছু কিছু ঘটনায় আত্মীয়স্বজন থেকে শুরু করে স্বয়ং মা বা বাবাকেও দেখা যাচ্ছে আপন সন্তানের ঘাতকের ভূমিকায়। কিছু ঘটনায় শিশুদের হত্যা করে বাবা অথবা মাকে আত্মহত্যা করার খবর এসেছে। এসবের মধ্যে সন্তান কর্তৃক মা-বাবাকে হত্যার পর এখন মায়ের হাতে দুই সন্তান হত্যার অভিযোগ উঠেছে। এসব ঘটনা নিশ্চয়ই বিচ্ছিন্ন ও ব্যতিক্রমী। তারপরও অনেকের পারিবারিক জীবনে বিভিন্ন রকমের বিকারের লক্ষণ অস্বীকার করা যায় না। দুই শিশুর মৃত্যুর ঘটনার পর প্রথম আলোর কাছে দেওয়া প্রতিক্রিয়ায় বিশেষজ্ঞদের কথাতেও এই আশঙ্কাই উচ্চারিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সভাপতি ড. জিয়া রহমানের কথাটি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, আমাদের সমাজে ক্রান্তিকালীন দশার অস্থিরতা দেখা যাচ্ছে। আধুনিকতা, আকাশ সংস্কৃতি, বিত্তবাসনা, অপ্রথাগত সম্পর্ক ও মাদকের অভিশাপ অনেক পরিবারের পরিবেশ বিষিয়ে তুলছে। সন্তানদের প্রতিষ্ঠিত করার ইঁদুরদৌড়ে মরিয়া মা-বাবা অজান্তেই সন্তানের মানসিক বিকাশের অন্তরায় হচ্ছেন। এই সমাজের নৈতিক জাগরণ দরকার। নগরজীবন ক্রমেই হয়ে উঠছে অমানবিক।
মানসিক অসুস্থতা যত, তত সচেতনতা নেই। মানবিক মূল্যবোধের বিস্তারের প্রাতিষ্ঠানিক উদ্যোগ কী হতে পারে, তার জন্য সরকারের উচিত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে অনুসন্ধানের ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন করা। এই আত্মবিনাশী প্রবণতা আমাদের ঠেকাতেই হবে।

অারও পড়ুন :-