পরিবারভিত্তিক দুর্নীতিকে ‘না’ বলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবসমাজে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে। নীতিবহির্ভূত সব ধরনের লেনদেন, কাজকর্ম, আচার-ব্যবহার ও কথাবার্তা সবই এর আওতাভুক্ত। চরিত্রহীন মানুষই বিভিন্নভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ে। যেহেতু আয়-উপার্জন জীবনের বিরাট অংশকে নিয়ন্ত্রণ করে, তাই এ ক্ষেত্রে দুর্নীতিকে বিশাল করে দেখা হচ্ছে। বৈধভাবে যতটুকু সম্পদ অর্জন করা হয়, এতেই আল্লাহর অশেষ বরকত নিহিত থাকে। হারাম বা অবৈধভাবে আহরিত সম্পদে আল্লাহর রহমত থাকে না। ফলে দুর্নীতিবাজ অঢেল সম্পত্তিতেও পরিতৃপ্তি লাভ করতে পারে না; বরং লোভের বশবর্তীতে একসময় তার জন্য ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। প্রকৃতপক্ষে মানুষের অনৈতিক কর্মকাণ্ডের ফলে ভূপৃষ্ঠের যাবতীয় মন্দ, দুষ্কর্ম ও দুর্নীতির আবির্ভাব ঘটেছে। এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘জলে-স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিশৃঙ্খলা ও অশান্তি ছড়িয়ে পড়ছে, যার ফলে আল্লাহ তাদের কিছু কিছু কাজের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে।’ (সূরা আর-রুম, আয়াত: ৪১)দৈনন্দিন জীবনযাপনে বেশির ভাগ মানুষ ন্যায়নীতি বিসর্জন দিয়ে দুর্নীতিকে সাফল্যের সিঁড়ি বানিয়ে দ্রুত ওপরে ওঠার অপচেষ্টায় লিপ্ত হয়। অথচ ইসলামে মানবজাতির কল্যাণকর-অকল্যাণকর তথা বৈধ-অবৈধ পন্থার সঠিক দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পারিবারিক জীবন পরিচালনার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান ছাড়াও যেসব জীবনোপকরণ প্রয়োজন, তা অর্জনের জন্য সৃষ্টিকর্তা তাঁর বান্দাদের ন্যায়সংগতভাবে বৈধ পন্থায় লেনদেনের প্রতি উৎসাহিত করেছেন। অপরের ধনসম্পদ লুণ্ঠন করে অসৎ উপায়ে টাকা কামানোতে কোনো শান্তি নেই, এতে চিত্তচাঞ্চল্য বেড়ে যায়। অসাধু উপায়ে টাকা কামানোর বিভিন্ন পথ যেমন: সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, ওজনে কম দেওয়া, বেশি দাম নেওয়া, মজুতদারি, কালোবাজারি, আমানতের খেয়ানতসহ বিভিন্ন প্রক্রিয়ায় অপরকে বিপদে ফেলা বা কষ্ট দেওয়া ইসলাম সমর্থন করে না, বরং পবিত্র কোরআনে এসব ঘৃণ্য কাজকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তাই অন্যের অর্থসম্পদ বা অধিকারে হস্তক্ষেপ বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করে ইরশাদ হয়েছে, ‘তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করবে না; কিন্তু তোমাদের পরস্পর সন্তুষ্ট হয়ে ব্যবসা করা বৈধ।’ (সূরা আন নিসা, আয়াত: ২৯) ইসলাম আয়-উপার্জনকে কখনো নিরুৎসাহিত করেনি বরং অসংখ্য হাদিসে রুজি-রোজগারের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) মানুষকে হালাল-হারামের সীমারেখা জানিয়ে দিয়ে বলেছেন, ‘তোমার রিজিক যেখান থেকে আসে তা তুমি যাচাই করে খাও। এটা কি হালাল না হারাম। যেহেতু আল্লাহ তোমাকে ভালোমন্দের স্থান দিয়েছেন।’ অর্থ-সম্পদের প্রতি মোহ শাশ্বত; কিন্তু অতিরিক্ত মোহ মানুষকে ঘুষ-দুর্নীতির দিকে ঠেলে দেয়। ঘুষ দেওয়া-নেওয়া হচ্ছে দুর্নীতির মূল উৎস বা অন্যতম মাধ্যম। যে পরিবার-সমাজ ও রাষ্ট্রে ঘুষ আদান-প্রদান করা হয়, সে পরিবার-সমাজে কখনো শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে না। নবী করিম (সা.) ঘুষ-দুর্নীতি উৎখাতের জন্য একে অত্যন্ত ঘৃণ্য কাজ আখ্যা দিয়ে সাবধানবাণী উচ্চারণ করেছেন, ‘ঘুষ গ্রহীতা ও ঘুষদাতা উভয়ের ওপর আল্লাহর অভিশাপ।’ (বুখারি ও মুসলিম) এদের কঠিন পরিণতি সম্পর্কে মহানবী (সা.) ঘোষণা করেছেন, ‘ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামের আগুনে জ্বলবে।’ (তাবারানি)রাসুলুল্লাহ (সা.) মানুষকে ঘুষ-দুর্নীতি, চুরি-ডাকাতি, জবরদখল, ব্যভিচার, সন্তান হত্যা, মিথ্যা বলা, ছিনতাই, রাহাজানি প্রভৃতি সামাজিক অনাচার থেকে বিরত রাখার সঙ্গে এসব অন্যায় কাজের প্রতি মানুষের মনে ঘৃণা জন্মানোর আপ্রাণ চেষ্টা করেন। তিনি অধঃপতিত আরব জাতিকে দুর্নীতির গভীর খাদ থেকে উদ্ধারের নিমিত্তে সমাজে ন্যায়নীতি বিকাশের ওপর অত্যধিক গুরুত্ব দিয়েছিলেন। মনের সবটুকু দরদ ঢেলে দিয়ে একান্ত অকৃত্রিম হিতাকাঙ্ক্ষী সেজে ও অত্যন্ত কোমলভাবে মানুষকে বুঝিয়েছেন। এ জন্য সর্বপ্রথম তিনি মানুষের মন-মানসিকতায় তাকওয়া বা খোদাভীতি জাগ্রত করার কাজে মনোনিবেশ করেছিলেন। তিনি বিশ্ববাসীকে প্রথমত নৈতিকতা ও মানবতার চতুঃসীমার মধ্যে আবদ্ধ করার প্রয়াস চালান। তাই ইমানদারের প্রথম কাজ আত্মশুদ্ধির মাধ্যমে চারিত্রিক গুণাবলি অর্জন করা। সামাজিকভাবে মানুষ যে কাজকর্ম করে রিজিক অন্বেষণ করে, সে কাজটা হতে হবে পরিশুদ্ধ। অপরকে ধোঁকা দিয়ে, মানসিকভাবে কষ্ট দিয়ে ঘুষ-দুর্নীতির মাধ্যমে যে উপার্জন তা হারাম। একজন আদর্শবান মানুষ কখনোই দুর্নীতি করতে পারে না। যে পরিবার-সমাজ ও রাষ্ট্রে চরিত্রবান মানুষের সংখ্যা বেশি; সে পরিবার-সমাজ ও রাষ্ট্র সুখ ও সমৃদ্ধিতে তত উন্নত। এ মর্মে আল্লাহপাক ঘোষণা করেছেন, ‘যে নিজেকে শুদ্ধ করে সেই সফলকাম। আর যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ হয়।’ (সূরা আশ-শামস, আয়াত: ৯-১০)ধনসম্পদ উপার্জন ও ব্যয়ে দুর্নীতি অবলম্বন এবং পারিবারিক জীবনে সন্তান-সন্ততির লালন-পালনে অন্যায় পথ অনুসরণ ও তাদের অসৎপথে পরিচালিত করলে আল্লাহর কাছে শাস্তি তো পেতেই হবে, উপরন্তু পার্থিব জীবনে মানুষের বিচারেও হেয়প্রতিপন্ন হওয়ার আশঙ্কা বাদ দেওয়া যায় না। পার্থিব লাঞ্ছনামূলক শাস্তি ছাড়াও মানুষের নীতিবিবর্জিত কার্যকলাপের জন্য অপেক্ষা করছে স্বয়ং স্রষ্টার প্রতিশ্রুতিকৃত চূড়ান্ত কঠোর শাস্তি—এ কথা সব সময় স্মরণ রাখা উচিত। তাহলে দুর্নীতির গণ্ডিতে পা রাখা থেকে বিরত থাকা ধর্মপ্রাণ মানুষের জন্য সহজতর হবে। সুতরাং ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে প্রতিটি মানুষ যদি যার যার অবস্থান থেকে নিজের ভালো এবং অপরের কল্যাণ কামনায় সাধ্যমতো চেষ্টা করে, তাহলেই দেশ-জাতি-রাষ্ট্র থেকে দুর্নীতির মূলোৎপাটন সম্ভব। সৎ, যোগ্য, সুশিক্ষিত, বিবেকবান, জ্ঞানী-গুণী লোক নির্বাচন না করলে দেশে দুর্নীতি, অনিয়ম ও দুঃশাসন বন্ধ হবে না। যে সমাজে ও রাষ্ট্রে দুশ্চরিত্র মানুষের সংখ্যা বেশি, সে সমাজ ও রাষ্ট্র তত ভঙ্গুর ও অস্থিতিশীল। ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে পরিবারভিত্তিক ‘না’ বলার প্রতিবাদ যদি জোরালো হয়, তবেই যাবতীয় অন্যায় ও ষড়যন্ত্রের বিষবৃক্ষ সমূলে উৎপাটিত হতে পারে।  ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক।[email protected]